চীনে লিথিয়াম খনিতে কঠোর নিয়ন্ত্রণ: নতুন বিধিমালায় বদলে যাচ্ছে বৈশ্বিক শিল্প

পড়তে 8 মিনিট
চীনে লিথিয়াম খনিতে কঠোর নিয়ন্ত্রণ: নতুন বিধিমালায় বদলে যাচ্ছে বৈশ্বিক শিল্প

চীনে লিথিয়াম খনিতে কঠোর নিয়ন্ত্রণ: নতুন বিধিমালায় বদলে যাচ্ছে বৈশ্বিক শিল্প

বিশ্বের বৃহত্তম লিথিয়াম উৎপাদক ও প্রক্রিয়াজাতকারী চীন তার দ্রুত সম্প্রসারিত লিথিয়াম খনিশিল্পে কঠোর নিয়ন্ত্রণের নতুন যুগে প্রবেশ করেছে। ২০২৫ সালের জুলাইয়ে খনিজ সম্পদ আইনে ব্যাপক পরিবর্তন কার্যকর হয়। এতে লিথিয়ামকে কৌশলগত খনিজ হিসেবে চিহ্নিত করা হয় এবং শুরু হয় একের পর এক প্রয়োগমূলক ব্যবস্থা, খনি বন্ধ ও শিল্প একীভূতকরণ। এই সংস্কার শুধু চীনের অভ্যন্তরীণ শিল্পকেই নতুন করে সাজাচ্ছে না, বৈদ্যুতিক যান (ইভি), ব্যাটারি ও গুরুত্বপূর্ণ প্রযুক্তির বৈশ্বিক সরবরাহব্যবস্থাতেও প্রভাব ফেলছে।

সূচিপত্র
  1. চীনে লিথিয়াম খনিতে কঠোর নিয়ন্ত্রণ: নতুন বিধিমালায় বদলে যাচ্ছে বৈশ্বিক শিল্প
  2. চীন কেন লিথিয়াম খনির বিধিমালা কঠোর করল?
  3. নতুন বিধিমালার প্রধান বৈশিষ্ট্য কী?
  4. ইছুনে অনুমতিপত্রের বিরুদ্ধে অভিযান: একটি উদাহরণ
  5. কোম্পানি ও বাজার কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে?
  6. অস্বাস্থ্যকর প্রতিযোগিতা রোধ: তলানিতে নামার দৌড় বন্ধ
  7. বৈশ্বিক প্রভাব: বিশ্বে এর কী প্রভাব পড়বে?
  8. সরবরাহব্যবস্থার ঝুঁকি ও ভূরাজনৈতিক উত্তেজনা
  9. পরিবেশ ও সামাজিক প্রভাব
  10. চ্যালেঞ্জ ও অনাকাঙ্ক্ষিত পরিণতি
  11. আরও কি সরবরাহ বিঘ্ন ঘটবে?
  12. সংক্ষেপে

চীন কেন লিথিয়াম খনির বিধিমালা কঠোর করল?

বছরের পর বছর ধরে চীনের লিথিয়াম শিল্প পরিচালিত হয়েছে “যেকোনো মূল্যে উৎপাদন” দর্শনে, যার পেছনে ছিল ব্যাটারি ও ইভির বৈশ্বিক চাহিদার ঊর্ধ্বগতি। আঞ্চলিক অর্থনীতি চাঙা করতে আগ্রহী স্থানীয় সরকারগুলো উদারভাবে খনির অনুমতি দিয়েছে; কখনো কখনো নিয়ন্ত্রক সীমা শিথিল করেছে বা এড়িয়ে গেছে। এর ফলে বিশেষত জিয়াংসি প্রদেশের ইছুনের মতো লিথিয়ামসমৃদ্ধ অঞ্চলে ছোট, উচ্চ ব্যয়বিশিষ্ট এবং কখনো কখনো অননুমোদিত খনি পরিচালনাকারীর সংখ্যা বেড়ে যায়।

২০২২ সালের শেষ দিকে লিথিয়ামের দাম রেকর্ড উচ্চতায় উঠলেও দ্রুতই সেই উত্থানের অবসান ঘটে। সরবরাহ চাহিদার সঙ্গে তাল মেলাতে শুরু করলে ২০২৩ সালে দাম প্রায় ৯০ শতাংশ কমে যায়। অতিরিক্ত উৎপাদনক্ষমতা, তীব্র প্রতিযোগিতা ও পরিবেশগত ক্ষয়ক্ষতি ব্যাপক আকার ধারণ করে। এশিয়া টাইমস-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরুর দিকে জিয়াংসিতে লিথিয়াম-মাইকার উৎপাদনক্ষমতার প্রায় ৩০ শতাংশ অব্যবহৃত ছিল; অনেক খনি লোকসানে চলছিল।

নিয়ন্ত্রণহীন প্রবৃদ্ধির ঝুঁকি—পরিবেশের ক্ষতি, বাজারের অস্থিরতা ও কৌশলগত দুর্বলতা—চিহ্নিত করে চীনা নীতিনির্ধারকেরা এই খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন। ২০২৫ সালের জুলাইয়ে কার্যকর হওয়া সংশোধিত খনিজ সম্পদ আইন এই উদ্যোগের মূল ভিত্তি। এর লক্ষ্য টেকসই ও উচ্চমানের প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং লিথিয়ামে চীনের বৈশ্বিক নেতৃত্ব আরও জোরদার করা।

নতুন বিধিমালার প্রধান বৈশিষ্ট্য কী?

২০২৫ সালের সংস্কার কয়েক দশকের মধ্যে চীনের খনি আইনগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। মূল পরিবর্তনগুলো হলো:

  • লিথিয়ামকে কৌশলগত খনিজ হিসেবে ঘোষণা: প্রথমবারের মতো লিথিয়ামকে স্বতন্ত্রভাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এতে খাতে প্রবেশের বাধা বেড়েছে এবং নজরদারিও কঠোর হয়েছে।
  • অনুমোদনের ক্ষমতা কেন্দ্রীভূত: কৌশলগত খনিজের খনির অধিকার এখন শুধু প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় (এমএনআর) অনুমোদন করতে পারবে। এতে নিয়ন্ত্রক ফাঁকফোকর তৈরি করা স্থানীয় ও প্রাদেশিক পর্যায়ের বিচ্ছিন্ন অনুমোদনব্যবস্থার অবসান ঘটেছে।
  • আকরিকের ন্যূনতম গ্রেডের শর্ত: লিথিয়াম আকরিকক্ষেত্র হিসেবে স্বীকৃতি পেতে খনিজে অন্তত ০.৪% লিথিয়াম অক্সাইড (Li₂O) থাকতে হবে। ফলে আগে অন্য শ্রেণিতে (যেমন কাদামাটি বা কাওলিনাইট) নিবন্ধিত অনেক খনিকে নতুন করে শ্রেণিবদ্ধ করতে হচ্ছে।
  • পরিবেশ ও নিরাপত্তার কঠোর মানদণ্ড: সব কার্যক্রমকে পরিবেশগত প্রভাব মূল্যায়ন, পুনরুদ্ধার তহবিল এবং দূষণের জন্য কঠোর দায়বদ্ধতাসহ “সবুজ খনি” মানদণ্ড মেনে চলতে হবে।
  • অস্বাস্থ্যকর প্রতিযোগিতা রোধের নীতি: উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি ও অপ্রয়োজনীয় উৎপাদনক্ষমতার মতো “ধ্বংসাত্মক প্রতিযোগিতা” বন্ধে কর্তৃপক্ষ কঠোর হচ্ছে। এর অংশ হিসেবে শিকারি মূল্য নির্ধারণ নিষিদ্ধ করা এবং সমন্বিতভাবে উৎপাদন কমানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসব পদক্ষেপের লক্ষ্য জল্পনানির্ভর, অচল বা বিধি না-মানা প্রতিষ্ঠানগুলোকে ছাঁটাই করা, অতিরিক্ত সরবরাহ কমানো এবং আরও শৃঙ্খলাপূর্ণ ও প্রযুক্তিগতভাবে উন্নত শিল্প গড়ে তোলা।

ইছুনে অনুমতিপত্রের বিরুদ্ধে অভিযান: একটি উদাহরণ

চীনের “লিথিয়াম রাজধানী” নামে পরিচিত ইছুন নিয়ন্ত্রক ব্যবস্থা প্রয়োগের প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে। ২০২৫ সালের জুলাইয়ে ইছুন প্রাকৃতিক সম্পদ ব্যুরো আটটি খনির অনুমতিপত্রে অসংগতি চিহ্নিত করে। খনিগুলোকে হালনাগাদ সম্পদ মজুতের প্রতিবেদন জমা দিতে এবং লাইসেন্সসংক্রান্ত সমস্যা সমাধান করতে বলা হয়। এসব খনির অনেকগুলোই লিথিয়ামের জন্য নয়, অন্য খনিজ উত্তোলনের অনুমতিপত্রের আওতায় লিথিয়াম তুলছিল। লিথিয়ামের উত্থানের সময় দ্রুত উৎপাদন বাড়াতে তারা আইনের ধূসর ক্ষেত্রগুলোর সুযোগ নিয়েছিল।

২০২৫ সালের ৯ আগস্ট, আঞ্চলিক নিরীক্ষার মধ্যে অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ায় বিশ্বের বৃহত্তম ব্যাটারি নির্মাতা সিএটিএলকে তার জিয়ানশিয়াও খনির কার্যক্রম স্থগিত করতে হয়। রয়টার্স-এর তথ্য অনুযায়ী, এই বন্ধ অন্তত তিন মাস স্থায়ী হতে পারে, যা স্থানীয় সরবরাহ ও বৈশ্বিক বাজার—উভয়ের ওপরই প্রভাব ফেলবে।

রয়টার্সকে শিল্প বিশ্লেষকেরা বলেন, “জিয়াংসিতে সিএটিএলের খনিটি চীনে লিথিয়ামের দ্রুত বাড়তে থাকা সরবরাহের বড় উৎস। চীন ব্যাটারি তৈরির এই উপকরণের বিশ্বের শীর্ষ প্রক্রিয়াজাতকারী দেশ। সেপ্টেম্বরে খনিটি বন্ধ হওয়ার খবরের পর লিথিয়াম শেয়ারের দাম দ্রুত বেড়ে যায়।”

ছিংহাই প্রদেশেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে যথাযথ লিথিয়াম উত্তোলনের অনুমতিপত্র না পাওয়া পর্যন্ত কোম্পানিগুলোকে কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়। অবৈধ খনন বন্ধ, পরিবেশ সুরক্ষা এবং উত্তোলন কার্যক্রমকে জাতীয় সম্পদ কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দেশব্যাপী অভিযানেরই অংশ এসব ব্যবস্থা।

বিজ্ঞাপন

কোম্পানি ও বাজার কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে?

নিয়ন্ত্রক অভিযানের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী প্রভাব দেখা দিয়েছে:

  • সাময়িক সরবরাহ বিঘ্ন: সিএটিএলের জিয়ানশিয়াওসহ ইছুনের বড় খনিগুলোতে কার্যক্রম স্থগিত হওয়ায় অভ্যন্তরীণ উৎপাদন কমেছে। দীর্ঘ মন্দার পর এতে লিথিয়াম কার্বনেটের দাম আবার বেড়েছে।
  • বাজারের অস্থিরতা: সরবরাহে সীমাবদ্ধতার আশঙ্কায় ২০২৫ সালের জুনে গুয়াংঝৌ ফিউচার্স এক্সচেঞ্জে লিথিয়াম কার্বনেটের দাম আগের মাসের তুলনায় ২৯ শতাংশ বেড়েছে। নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়ার খবরে খনি কোম্পানিগুলোর শেয়ারের দামও বেড়েছে।
  • শিল্পের একীভূতকরণ: ছোট, উচ্চ ব্যয়বিশিষ্ট বা বিধি না-মানা প্রতিষ্ঠানগুলো ক্রমেই কোণঠাসা হচ্ছে। অন্যদিকে, শক্তিশালী অনুবর্তিতার রেকর্ড থাকা বড় সমন্বিত কোম্পানিগুলো নিজেদের অবস্থান সংহত করছে। দীর্ঘ মেয়াদে এতে পণ্যের মান বাড়বে এবং সরবরাহ স্থিতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।
  • রপ্তানি বিধিনিষেধ: ২০২৫ সালের জুলাইয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয় লিথিয়াম কার্বনেট ও হাইড্রক্সাইড প্রক্রিয়াজাতকরণসহ গুরুত্বপূর্ণ ব্যাটারি প্রযুক্তির ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করে। অভ্যন্তরীণ শিল্পকে সুরক্ষা দেওয়া এবং বৈশ্বিক ব্যাটারি সরবরাহব্যবস্থায় চীনের আধিপত্য বজায় রাখাই এ পদক্ষেপের লক্ষ্য।

ডিসকভারি অ্যালার্ট-এর তথ্য অনুযায়ী, “নিয়ন্ত্রক অভিযান শিল্পে শৃঙ্খলা আনা, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা এবং উত্তোলন কার্যক্রমকে জাতীয় সম্পদ কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে নেওয়া হয়েছে। সম্ভাব্য সরবরাহ বিঘ্নের উদ্বেগে লিথিয়ামের দাম ও খনি কোম্পানির শেয়ারের দর দ্রুত বেড়ে যাওয়ার মাধ্যমে বাজার প্রতিক্রিয়া জানিয়েছে।”

অস্বাস্থ্যকর প্রতিযোগিতা রোধ: তলানিতে নামার দৌড় বন্ধ

অপচয়মূলক ও ক্ষতিকর প্রতিযোগিতার বিরুদ্ধে অভিযানের বর্ণনা দিতে চীনা নীতিনির্ধারকেরা “অস্বাস্থ্যকর প্রতিযোগিতা রোধ” পরিভাষাটি ব্যবহার করছেন। লিথিয়াম, ইভি, এমনকি ড্রোনের মতো শিল্পে স্থানীয় সরকারগুলোর অতিরিক্ত বিনিয়োগের ফলে উৎপাদনক্ষমতার আধিক্য, মূল্যযুদ্ধ এবং মুনাফা কমে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। আঞ্চলিক সুরক্ষাবাদ কমাতে এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধিতে উৎসাহ দিতে প্রেসিডেন্ট শি জিনপিং “একীভূত জাতীয় বাজার” গড়ার আহ্বান জানিয়েছেন।

দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, “কর্তৃপক্ষ এখন কোম্পানিগুলোকে নিজেদের মধ্যে প্রতিযোগিতা কমাতে উৎসাহিত করছে। উৎপাদন কমানো ও দাম বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত প্রতিযোগিতা মোকাবিলায় স্থানীয় সরকারের প্রণোদনা নতুন করে সাজানো, দক্ষ জনবল ও গবেষণার মতো দীর্ঘমেয়াদি সুবিধায় মনোযোগ দেওয়া এবং মেধাস্বত্ব সুরক্ষা জরুরি।”

উৎপাদন খরচের নিচে বিক্রি নিষিদ্ধ করে এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম বন্ধের ব্যবস্থা সমন্বয় করে সরকার এমন উত্থান-পতনের চক্র ঠেকাতে চায়, যা এই খাতের দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য হুমকি।

বিজ্ঞাপন

বৈশ্বিক প্রভাব: বিশ্বে এর কী প্রভাব পড়বে?

লিথিয়ামে চীনের আধিপত্য শুধু দেশটির অভ্যন্তরীণ বিষয় নয়; এর বৈশ্বিক প্রভাবও গভীর। বিশ্বের লিথিয়াম-আয়ন ব্যাটারির প্রায় ৬০ শতাংশ চীন সরবরাহ করে এবং ব্যাটারি-মানের লিথিয়ামের বিপুল অংশ প্রক্রিয়াজাত করে। বিশ্ব যখন পরিবহন খাতকে বিদ্যুতায়িত করতে এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য দ্রুত এগোচ্ছে, তখন লিথিয়ামের নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করা বিশ্বের সরকার ও শিল্পগুলোর কৌশলগত অগ্রাধিকারে পরিণত হয়েছে।

সরবরাহব্যবস্থার ঝুঁকি ও ভূরাজনৈতিক উত্তেজনা

চীনা লিথিয়াম ও ব্যাটারি উপকরণের ওপর নির্ভরতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের উদ্বেগ ক্রমেই বাড়ছে। আটলান্টিক কাউন্সিলের ভাষ্য, “চীনের নিয়ন্ত্রণের কারণে দেশটি ব্যাটারির সরবরাহ সীমিত করতে পারে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে, বিশেষ করে সংঘাতের সময়।” বিকল্প সরবরাহব্যবস্থা গড়ার প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে চীনের বিনিয়োগের গতি ও ব্যাপ্তির কারণে, পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যাটারি প্রযুক্তির ওপর নতুন রপ্তানি বিধিনিষেধও এতে প্রভাব ফেলেছে।

অটোমোবাইল খাতের মূল সরঞ্জাম নির্মাতারা (ওইএম) বিরল মৃত্তিকা উপাদান ও ব্যাটারির উপকরণের উৎসে বৈচিত্র্য আনতে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ কেউ দেশীয় খনি ও পরিশোধন খাতে বিনিয়োগ করছে, অন্যরা চীন-নিয়ন্ত্রিত সরবরাহব্যবস্থার ওপর নির্ভরতা কমায় এমন বিকল্প প্রযুক্তি খুঁজছে। তবে নতুন সরবরাহব্যবস্থা গড়তে ব্যয় বেশি এবং সময় লাগে। চীনের নিয়ন্ত্রক কঠোরতার কারণে অদূর ভবিষ্যতেও বৈশ্বিক বাজারে অস্থিরতা থাকার সম্ভাবনা রয়েছে।

পরিবেশ ও সামাজিক প্রভাব

চীনের নতুন বিধিমালা দ্রুত সম্পদ আহরণের পরিবেশগত ও সামাজিক মূল্য সম্পর্কে বাড়তে থাকা সচেতনতাও তুলে ধরে। নিয়ন্ত্রণহীন লিথিয়াম খননের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পানিদূষণ, আবাসস্থল ধ্বংস এবং নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। সংশোধিত আইনে “সবুজ খনি” মানদণ্ড ও কঠোর পরিবেশগত অনুবর্তিতার ওপর গুরুত্ব দেওয়া টেকসই চর্চার দিকে একটি পদক্ষেপ, যদিও বিধি কার্যকর করা এখনও চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

চ্যালেঞ্জ ও অনাকাঙ্ক্ষিত পরিণতি

নতুন নিয়ন্ত্রক কাঠামো শিল্পে বেশি শৃঙ্খলা ও টেকসই চর্চার সম্ভাবনা তৈরি করলেও এর সঙ্গে নতুন চ্যালেঞ্জও এসেছে:

  • প্রকল্প অনুমোদনে ধীরগতি: অনুমতিপত্র দেওয়ার ক্ষমতা কেন্দ্রীভূত করা এবং কঠোর মানদণ্ডের কারণে নতুন খনি উন্নয়নে বেশি সময় ও অর্থ লাগবে। খনি খাতে কঠোর বিধিমালা থাকা অন্য দেশগুলোর মতো, বাজারের পরিবর্তনে দ্রুত সাড়া দেওয়ার চীনের সক্ষমতাও এতে কমে যেতে পারে।
  • স্থানীয় অর্থনীতির ওপর চাপ: খনি বন্ধ ও উৎপাদন কমলে স্থানীয় সরকারের রাজস্ব কমতে পারে এবং খনিশিল্পনির্ভর জনপদে কর্মসংস্থান হারাতে পারে।
  • বিধি মেনে চলার ব্যয় বৃদ্ধি: ছোট কোম্পানিগুলোর পক্ষে পরিবেশ, নিরাপত্তা ও লাইসেন্সের উচ্চতর শর্ত পূরণ করা কঠিন হতে পারে। এতে বিনিয়োগ এমন দেশগুলোতে সরে যেতে পারে, যেখানে বিধিনিষেধ শিথিল হলেও ভূরাজনৈতিক ঝুঁকি বেশি।

সিআরইউ গ্রুপের তথ্য অনুযায়ী, “আইনি ফাঁকফোকর বন্ধ হলে চীনা বিনিয়োগকারীরা বাজারের চাহিদা মেটাতে আর দ্রুত সাড়া দিতে পারবেন না। কঠোর বিধিমালার খনি খাতে যথাযথ প্রক্রিয়া অনেক ধীর, আর মূলধনী ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেশি।”

আরও কি সরবরাহ বিঘ্ন ঘটবে?

শিল্প বিশ্লেষকদের ধারণা, পুরো খাতের বিধি মেনে চলা পর্যালোচনার সময় সরকার আরও যাচাই-বাছাই চালাবে এবং কার্যক্রম স্থগিতের ঘটনাও ঘটতে পারে। ইছুনে মজুত ও আকরিকের গ্রেডের মূল্যায়ন পুনরায় জমা দেওয়ার ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের শেষ সময়সীমার মতো গুরুত্বপূর্ণ তারিখে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে বড় পরিসরে হঠাৎ করে খনি বন্ধের সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে, কারণ এতে অভ্যন্তরীণ ও বৈশ্বিক—উভয় সরবরাহব্যবস্থাই অস্থিতিশীল হয়ে পড়তে পারে।

বিজ্ঞাপন

সংক্ষেপে

  • চীনের ২০২৫ সালের খনি আইন সংস্কার লিথিয়াম খনিতে কঠোর নিয়ন্ত্রণ ও কেন্দ্রীভূত কর্তৃত্বের দিকে এক ঐতিহাসিক পরিবর্তন।
  • লিথিয়াম এখন কৌশলগত খনিজ হিসেবে শ্রেণিবদ্ধ; খাতে প্রবেশের বাধা ও পরিবেশগত মানদণ্ড বেড়েছে, আর অনুমোদনব্যবস্থা কেন্দ্রীভূত হয়েছে।
  • ইছুনসহ বিভিন্ন অঞ্চলে অভিযানের ফলে খনি বন্ধ, অনুমতিপত্র পর্যালোচনা ও শিল্প একীভূতকরণের ঘটনা ঘটেছে।
  • অস্বাস্থ্যকর প্রতিযোগিতা রোধের নীতির লক্ষ্য ধ্বংসাত্মক প্রতিযোগিতা বন্ধ করে দীর্ঘমেয়াদে শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করা।
  • দামের অস্থিরতা ও চীনা লিথিয়ামের ওপর নির্ভরতা নিয়ে নতুন উদ্বেগের মধ্য দিয়ে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় এর প্রভাব পড়ছে।
  • চীনের লিথিয়াম কৌশলে এখন পরিবেশ সুরক্ষা ও টেকসই প্রবৃদ্ধি কেন্দ্রীয় গুরুত্ব পাচ্ছে, যদিও বিধি কার্যকর করা ও মেনে চলা এখনও চ্যালেঞ্জ।
  • চীনের নতুন নিয়ন্ত্রক যুগ কীভাবে এগোয়, বিশ্ব তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে; এর ওপর পরিচ্ছন্ন জ্বালানি ও বৈদ্যুতিক চলাচলের ভবিষ্যৎও নির্ভর করছে।
এই নিবন্ধটি শেয়ার করুন

আপনার পছন্দ হতে পারে