তেরেঙ্গানুর নতুন কঠোর ব্যবস্থা: শুক্রবারের নামাজে অনুপস্থিত হলে কারাদণ্ড
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিতর্কের জন্ম দেওয়া এক পদক্ষেপে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্য ঘোষণা করেছে, কোনো বৈধ কারণ ছাড়া শুক্রবারের নামাজে অনুপস্থিত মুসলিম পুরুষদের কারাদণ্ডের বিধান থাকা শরিয়াহ আইনটি পুরোপুরি প্রয়োগ করা হবে। এই আইনে অপরাধীদের সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, সর্বোচ্চ ৩,০০০ রিঙ্গিত (প্রায় ৭১০ মার্কিন ডলার) জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া যেতে পারে। রাজ্য কর্তৃপক্ষ একে ইসলামি মূল্যবোধ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বলে অভিহিত করেছে। তবে সমালোচকদের আশঙ্কা, মালয়েশিয়ার শাসনব্যবস্থা ও সমাজে ধর্মীয় রক্ষণশীলতার দিকে বৃহত্তর ঝোঁকেরই প্রতিফলন এটি।
সূচিপত্র
- তেরেঙ্গানুর নতুন কঠোর ব্যবস্থা: শুক্রবারের নামাজে অনুপস্থিত হলে কারাদণ্ড
- আইনে কী বলা হয়েছে?
- ইসলামে শুক্রবারের নামাজ কেন গুরুত্বপূর্ণ
- আইনটি কীভাবে প্রয়োগ করা হয়?
- শুক্রবারের নামাজে প্রাতিষ্ঠানিক সহায়তা
- মালয়েশিয়ার অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা
- বৃহত্তর প্রেক্ষাপট: মালয়েশিয়ায় শরিয়াহ আইন ও রক্ষণশীলতা
- প্রকাশ্যে বেত্রাঘাত ও অন্যান্য শাস্তি
- জনমত ও বিতর্ক
- আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি
- মালয়েশিয়ার ভবিষ্যতের জন্য তাৎপর্য
- সংক্ষেপে
তথ্য, দাওয়াহ ও শরিয়াহ ক্ষমতায়নের দায়িত্বে থাকা তেরেঙ্গানুর নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ খলিল আবদুল হাদি এ ঘোষণা দিয়েছেন। এটি রাজ্যটিতে ধর্মীয় বিধি প্রয়োগে উল্লেখযোগ্য কঠোরতার ইঙ্গিত দেয়। আগে পরপর তিনটি শুক্রবারের নামাজে অনুপস্থিত ব্যক্তিদেরই কেবল শাস্তির আওতায় আনা হতো। এখন বৈধ কারণ ছাড়া একবার অনুপস্থিত থাকলেও বিচারের মুখে পড়তে হতে পারে।
আইনে কী বলা হয়েছে?
আইনটি ২০১৬ সালের শরিয়াহ ফৌজদারি অপরাধ (তাকজির) এনাক্টমেন্টের আওতাভুক্ত। শুক্রবারের নামাজে অনুপস্থিতির শাস্তি বাড়াতে এতে সংশোধনী আনা হয়েছিল। বিধানটি ২০০১ সাল থেকে থাকলেও ২০১৬ সালে তা আরও কঠোর করা হয় এবং এখন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। আইনে বলা হয়েছে, বৈধ কারণ ছাড়া সাপ্তাহিক জামাতে জুমার নামাজে অংশ না নেওয়া মুসলিম পুরুষদের জরিমানা, কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া যেতে পারে। রাজ্য সরকার মসজিদে ব্যানার টাঙানোসহ জনসচেতনতামূলক প্রচার শুরু করেছে, যাতে মুসল্লিদের দায়িত্ব এবং তা অবহেলার পরিণতি স্মরণ করিয়ে দেওয়া যায়।
খলিল আবদুল হাদির ভাষায়,
এই স্মরণ করিয়ে দেওয়াটা গুরুত্বপূর্ণ, কারণ শুক্রবারের নামাজ শুধু ধর্মীয় প্রতীক নয়, মুসলিমদের আনুগত্যের প্রকাশও।তিনি জোর দিয়ে বলেন, সতর্কবার্তা উপেক্ষা করা হলে তবেই শেষ উপায় হিসেবে শাস্তি দেওয়া হবে।
ইসলামে শুক্রবারের নামাজ কেন গুরুত্বপূর্ণ
শুক্রবারের নামাজ বা জুমার নামাজ ইসলামি অনুশীলনে কেন্দ্রীয় স্থান দখল করে আছে। মুসলিম পুরুষদের জন্য প্রতি শুক্রবার মসজিদে জামাতে নামাজ আদায় করা ধর্মীয় বাধ্যবাধকতা হিসেবে বিবেচিত। কোরআন ও হাদিসে (হজরত মুহাম্মদ (সা.)-এর বাণী) এই সাপ্তাহিক সমাবেশের গুরুত্ব তুলে ধরা হয়েছে; এর আধ্যাত্মিক ও সামাজিক, দুই ধরনের ভূমিকা রয়েছে। মালয়েশিয়ায় ইসলাম রাষ্ট্রধর্ম এবং জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ জাতিগত মালয় মুসলিম হওয়ায় শুক্রবারের নামাজ ধর্মীয় পরিচয় ও সামাজিক সংহতির গুরুত্বপূর্ণ নিদর্শন।
ধর্মীয় কর্তৃপক্ষের যুক্তি, ইসলামের পবিত্রতা অক্ষুণ্ন রাখতে কঠোরভাবে আইন প্রয়োগ করা জরুরি, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে, যাদের ধর্মীয় দায়িত্ব অবহেলার প্রলোভন থাকতে পারে। ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃত্ব এবং ইসলামি আইন রক্ষায় রাজ্যের অঙ্গীকার জোরদার করার উপায় হিসেবেও এই পদক্ষেপকে দেখা হচ্ছে।
আইনটি কীভাবে প্রয়োগ করা হয়?
তেরেঙ্গানুতে শুক্রবারের নামাজসংক্রান্ত আইন প্রয়োগ করে তেরেঙ্গানু ইসলামি বিষয়ক বিভাগ, প্রায়ই স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে। জনসাধারণের অভিযোগের ভিত্তিতে কিংবা টহল ও যৌথ অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হতে পারে। কিছু ক্ষেত্রে, নামাজ ফাঁকি দেওয়া ব্যক্তিদের ধরতে শুক্রবারের নামাজের সময় বিনোদনকেন্দ্রগুলোতে অভিযান চালিয়েছেন কর্মকর্তারা।
এর একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে ২০১৯ সালের আগস্টে। শুক্রবারের নামাজে না গিয়ে ঝরনায় পিকনিক করতে যাওয়ায় তিন কিশোরসহ ছয় মুসলিম পুরুষকে এক মাসের কারাদণ্ড এবং প্রত্যেককে ২,০০০ রিঙ্গিতের বেশি জরিমানা করা হয়। নারী কর্মকর্তারা প্রথমে নজরদারি করেন, আর নামাজ শেষ হওয়ার পর পুরুষ কর্মকর্তারা গ্রেপ্তার করেন। বহুল প্রচারিত এ ঘটনাটি অপরাধটিকে রাজ্য কতটা গুরুত্বের সঙ্গে দেখে এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করতে কর্তৃপক্ষ কতটা প্রস্তুত, তা তুলে ধরে।
শুক্রবারের নামাজে প্রাতিষ্ঠানিক সহায়তা
শুক্রবারের নামাজ নিশ্চিত করতে তেরেঙ্গানুর অঙ্গীকার ব্যক্তিগত শাস্তির বাইরেও বিস্তৃত। মুসলিমদের নামাজে অংশ না নিয়ে ঘোরাঘুরি ঠেকাতে ২০১৪ সালে রাজ্য সরকার সব বিপণিবিতানকে প্রতি শুক্রবার নামাজের সময় দুই ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দেয়। নির্দেশ অমান্যকারী ব্যবসাপ্রতিষ্ঠানকে সমন জারি করার ক্ষমতা স্থানীয় কর্তৃপক্ষের রয়েছে, আর তা মানা হচ্ছে কি না নিশ্চিত করতে বিপণিবিতানে প্রয়োগকারী কর্মকর্তাদের মোতায়েন করা হয়। এই প্রাতিষ্ঠানিক সহায়তা রাজ্যের জনজীবনে শুক্রবারের নামাজের কেন্দ্রীয় গুরুত্ব তুলে ধরে।
মালয়েশিয়ার অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা
ধর্মীয় আইন কঠোরভাবে প্রয়োগে তেরেঙ্গানু এগিয়ে থাকলেও একমাত্র রাজ্য নয়। কেলান্তান ও কেদাহর মতো রক্ষণশীল রাজ্যেও একই ধরনের আইন রয়েছে, যদিও প্রয়োগের ধরন ভিন্ন। উদাহরণস্বরূপ, কেলান্তানে পরপর তিনটি শুক্রবারের নামাজে অনুপস্থিত থাকলেও জরিমানা বা কারাদণ্ড হতে পারে। তবে কুয়ালালামপুর ও সেলাঙ্গরের মতো অধিক নগরায়িত রাজ্যগুলোতে এ ধরনের আইন থাকলেও, গ্রামাঞ্চলেও তা খুব কমই প্রয়োগ করা হয়। এই বৈষম্য মালয়েশিয়ার জটিল আইনব্যবস্থারই প্রতিফলন, যেখানে ইসলামি বিষয়গুলোতে রাজ্যগুলোর উল্লেখযোগ্য স্বায়ত্তশাসন রয়েছে।
মালয়েশিয়ার আরেক রাজ্য জোহরও মুসলিম পুরুষদের শুক্রবারের নামাজে অংশগ্রহণ নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে। সাপ্তাহিক ছুটি শনিবার ও রবিবারে পরিবর্তনের পর রাজ্যটির ইসলামি ধর্মীয় বিভাগ জানায়, ব্যবসার মালিক ও কর্মীসহ সব মুসলিম পুরুষের ধর্মীয় দায়িত্ব পালন নিশ্চিত করতে তারা আইন প্রয়োগ করবে। নিয়ম মেনে নামাজ আদায় সহজ করতে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি এমন স্কুলগুলোকে নিজ প্রাঙ্গণে শুক্রবারের নামাজের আয়োজনের অনুমতি দেওয়া হচ্ছে।
বৃহত্তর প্রেক্ষাপট: মালয়েশিয়ায় শরিয়াহ আইন ও রক্ষণশীলতা
মালয়েশিয়ায় দ্বৈত আইনব্যবস্থা চালু রয়েছে: সব নাগরিকের জন্য দেওয়ানি আইন এবং ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে মুসলিমদের জন্য শরিয়াহ আইন। সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে তেরেঙ্গানু ও কেলান্তানের মতো মালয়েশিয়ান ইসলামি পার্টি (পিএএস)-শাসিত রাজ্যে, শরিয়াহ আইনের পরিধি বেড়েছে।
তেরেঙ্গানুর আইনসভায় থাকা ৩২টি আসনই পিএএসের দখলে। রাজনৈতিক প্রাধান্য কাজে লাগিয়ে দলটি আরও কঠোর ধর্মীয় আইন প্রণয়নের চেষ্টা করেছে। দলের নেতাদের যুক্তি, দ্রুত আধুনিকায়নশীল ও বহুত্ববাদী সমাজে ইসলামি মূল্যবোধ রক্ষায় এ ধরনের পদক্ষেপ জরুরি। তবে সমালোচকেরা মনে করেন, এসব পদক্ষেপ ধর্মীয় রক্ষণশীলতার বৃহত্তর প্রবণতার অংশ, যা মালয়েশিয়ার ধর্মনিরপেক্ষ ভিত্তি ও বহুসাংস্কৃতিক সম্প্রীতির জন্য হুমকি।
প্রকাশ্যে বেত্রাঘাত ও অন্যান্য শাস্তি
শুক্রবারের নামাজসংক্রান্ত আইন প্রয়োগ তেরেঙ্গানুতে কঠোর শরিয়াহ শাস্তির বৃহত্তর প্রবণতারই অংশ। সাম্প্রতিক বছরগুলোতে রাজ্যটি খালওয়াতের (অবিবাহিত নারী-পুরুষের ঘনিষ্ঠ অবস্থান) মতো অপরাধে প্রকাশ্যে বেত্রাঘাত করেছে, যা ব্যক্তিগত শাস্তি থেকে প্রকাশ্য শাস্তির দিকে পরিবর্তনের ইঙ্গিত দেয়। এসব পদক্ষেপের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন ও প্রগতিশীল ইসলামি সংস্থাগুলো। তাদের যুক্তি, এ ধরনের শাস্তি মানবাধিকার লঙ্ঘন করে এবং সহিংসতাকে স্বাভাবিক করে তোলার ঝুঁকি তৈরি করে।
ফেডারেল ধর্মবিষয়ক মন্ত্রী বলেছেন, এ ধরনের বিষয় রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত, ফলে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের সুযোগ সীমিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কঠোরতর শাস্তির পক্ষে অবস্থান প্রশাসনিক দুর্বলতা থেকে মনোযোগ সরানোর পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক সমর্থন জোরদার করার উপায়ও হতে পারে।
জনমত ও বিতর্ক
শুক্রবারের নামাজসংক্রান্ত আইন কঠোরভাবে প্রয়োগের ফলে মালয়েশিয়ার ভেতরে ও বাইরে বিতর্ক তৈরি হয়েছে। সমর্থকদের যুক্তি, ধর্মীয় শৃঙ্খলা বজায় রাখা এবং নৈতিক অবক্ষয় ঠেকাতে এ ধরনের পদক্ষেপ জরুরি। তারা ইসলামে শুক্রবারের নামাজের গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে তাদের ধর্মীয় দায়িত্ব সম্পর্কে শিক্ষিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
মানবাধিকারকর্মী ও কিছু ধর্মীয় পণ্ডিতসহ বিরোধীদের মতে, ধর্মীয় আচরণকে অপরাধ হিসেবে গণ্য করা ব্যক্তিগত বিশ্বাস ও স্বায়ত্তশাসনকে ক্ষুণ্ন করে। তাঁদের যুক্তি, এ ধরনের আইন অতিরিক্ত কঠোর এবং আগে থেকেই প্রান্তিক বোধ করা মুসলিমদের আরও বিচ্ছিন্ন করে দেওয়ার ঝুঁকি তৈরি করে। একটি অধিকার সংগঠনের প্রতিনিধি মন্তব্য করেন,
শুক্রবারের নামাজে অংশ না নেওয়া ব্যক্তিগত বিষয়, আর এর জন্য ফৌজদারি শাস্তি অতিরিক্ত কঠোর।সমালোচকদের আরও আশঙ্কা, কঠোরতর শাস্তির এই প্রবণতা মালয়েশিয়ার ধর্মীয় সহিষ্ণুতার ঐতিহ্য ক্ষয় করছে এবং সামাজিক বিভাজন উসকে দিতে পারে।
আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি
মালয়েশিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২০১৯ সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনে বলা হয়েছে, সংবিধান ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দিলেও ব্যক্তিগত বিষয়ে ইসলামি আইনের প্রয়োগ এবং ধর্মীয় বাধ্যবাধকতা কার্যকর করা ধর্মীয় সংখ্যালঘুদের পাশাপাশি সরকারি ব্যাখ্যা অনুসরণ করেন না এমন মুসলিমদের জন্যও চ্যালেঞ্জ তৈরি করতে পারে। প্রতিবেদনে ধর্মীয় বৈষম্য নিয়ে উদ্বেগ এবং ধর্মীয় কর্তৃত্বের সঙ্গে ব্যক্তির অধিকারের ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে।
মালয়েশিয়ার ভবিষ্যতের জন্য তাৎপর্য
তেরেঙ্গানুতে শুক্রবারের নামাজসংক্রান্ত আইন প্রয়োগ মালয়েশিয়ার সমাজে বৃহত্তর টানাপোড়েনের ক্ষুদ্র প্রতিফলন। একদিকে, জনগোষ্ঠীর কিছু অংশ ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ইসলামি পরিচয় ও মূল্যবোধ জোরদার করার আকাঙ্ক্ষা রয়েছে। অন্যদিকে, ব্যক্তিস্বাধীনতা, সামাজিক সংহতি এবং মধ্যপন্থী মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে মালয়েশিয়ার সুনামের ওপর ধর্মীয় রক্ষণশীলতার প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে।
তেরেঙ্গানুতে পিএএসের ক্ষমতা আরও সংহত হওয়া এবং জাতীয় পর্যায়ে প্রভাব বিস্তারের চেষ্টা অব্যাহত থাকায় ধর্মীয় আইন প্রয়োগ নিয়ে বিতর্ক আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এর পরিণতি শুধু তেরেঙ্গানুর মুসলিমদের জন্যই নয়, সামগ্রিকভাবে মালয়েশিয়ায় ধর্মীয় শাসন ও বহুত্ববাদের ভবিষ্যতের জন্যও তাৎপর্যপূর্ণ হবে।
সংক্ষেপে
- তেরেঙ্গানু বৈধ কারণ ছাড়া শুক্রবারের নামাজে অনুপস্থিত মুসলিম পুরুষদের কারাদণ্ড ও জরিমানার বিধান থাকা আইন পুরোপুরি প্রয়োগ শুরু করেছে।
- পিএএস-শাসিত রাজ্যগুলোতে ধর্মীয় আইন কঠোরভাবে প্রয়োগের বৃহত্তর প্রবণতার অংশ এই আইন।
- ইসলামে শুক্রবারের নামাজ একটি কেন্দ্রীয় ধর্মীয় দায়িত্ব। তা পালনে সহায়তায় রাজ্যটি জনসচেতনতামূলক প্রচার ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে।
- আইন প্রয়োগে টহল, জনসাধারণের অভিযোগ এবং নামাজের সময় বিনোদনকেন্দ্রে অভিযানও রয়েছে।
- মালয়েশিয়ার অন্যান্য রাজ্যেও একই ধরনের আইন রয়েছে, তবে সেগুলোর প্রয়োগে ব্যাপক পার্থক্য দেখা যায়।
- এই পদক্ষেপ ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিগত স্বায়ত্তশাসন এবং মালয়েশিয়ার সমাজ কোন দিকে যাচ্ছে—তা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।
- মানবাধিকার সংগঠন ও প্রগতিশীল ইসলামি সংস্থাগুলো ধর্মীয় আচরণকে অপরাধ হিসেবে গণ্য করা এবং প্রকাশ্য শাস্তির সমালোচনা করেছে।
- ধর্মীয় রক্ষণশীলতা এবং মালয়েশিয়ার ধর্মনিরপেক্ষ, বহুত্ববাদী ভিত্তির মধ্যকার গভীর টানাপোড়েনের প্রতিফলন এই ইস্যু।






