পটভূমি: দীর্ঘদিনের জটিল সীমান্ত বিরোধ
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত ৮০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত। এর বড় অংশের সীমানা নির্ধারিত হয় ঔপনিবেশিক আমলের চুক্তি এবং উনিশ শতকের শেষ ও বিশ শতকের শুরুর দিকে কম্বোডিয়ায় ফরাসি শাসনামলে আঁকা মানচিত্রের ভিত্তিতে। কয়েক দশক ধরে তুলনামূলক শান্তি বজায় থাকলেও সীমান্ত নির্ধারণ উত্তেজনার উৎস হয়ে আছে। দুই দেশই একাধিক বিতর্কিত এলাকার দাবি করে আসছে। এসব এলাকার মধ্যে প্রেহ ভিহিয়ার মন্দিরের মতো ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বসম্পন্ন স্থান এবং তথাকথিত এমেরাল্ড ট্রায়াঙ্গল অঞ্চলও রয়েছে, যেখানে থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমান্ত মিলেছে।
সূচিপত্র
- পটভূমি: দীর্ঘদিনের জটিল সীমান্ত বিরোধ
- ২০২৫ সালের মে মাসে চং বক সংঘর্ষ: নতুন কূটনৈতিক সংকটের সূত্রপাত
- কূটনৈতিক পদক্ষেপ: জাতিসংঘের দ্বারস্থ কম্বোডিয়া
- আইনি যুক্তি ও ঐতিহাসিক দাবি
- থাইল্যান্ডের জবাব: সার্বভৌমত্ব ও দ্বিপক্ষীয়তার পক্ষে অবস্থান
- আইসিজের এখতিয়ার প্রত্যাখ্যান
- কম্বোডিয়ার পাল্টা জবাব: চুক্তি লঙ্ঘনের অভিযোগ ও আইনি নিষ্পত্তির আহ্বান
- রাজনৈতিক ও জনমতের প্রতিক্রিয়া
- জাতিসংঘের প্রক্রিয়া: আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বিরোধের নথিভুক্তি
- দ্বিপক্ষীয় আলোচনা ব্যর্থ, আন্তর্জাতিক আইনি ফোরামের দিকে ঝোঁক
- উত্তেজনা বাড়ানো পদক্ষেপ: সীমান্ত বন্ধ, অর্থনৈতিক পাল্টা ব্যবস্থা ও জাতীয়তাবাদী বক্তব্য
- নেতৃত্বের সমীকরণ ও রাজনৈতিক তাৎপর্য
- আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব
- এরপর কী? সমাধানের সম্ভাবনা
- সংক্ষেপে
এসব বিরোধে মাঝেমধ্যে সহিংসতা ছড়িয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ২০০৮–২০১১ সালের সংঘর্ষ, যখন প্রেহ ভিহিয়ার মন্দির নিয়ে বিরোধে কয়েক ডজন মানুষের মৃত্যু হয় এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ১৯৬২ সালে মন্দিরের ওপর কম্বোডিয়ার সার্বভৌমত্বের পক্ষে রায় দেয় এবং ২০১৩ সালে তা পুনর্ব্যক্ত করে। তবে মন্দিরসংলগ্ন এলাকা এখনো বিতর্কিত। এরপর থেকে দুই দেশ দ্বিপক্ষীয় ব্যবস্থার মাধ্যমে মতপার্থক্য মেটানোর চেষ্টা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ২০০০ সালের সমঝোতা স্মারকের (এমওইউ) অধীনে গঠিত যৌথ সীমান্ত কমিশন (জেবিসি)। তবে অগ্রগতি হয়েছে ধীরগতিতে, আর সীমান্ত দুই পক্ষের জাতীয়তাবাদী মনোভাব ও রাজনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দু হয়ে আছে।
২০২৫ সালের মে মাসে চং বক সংঘর্ষ: নতুন কূটনৈতিক সংকটের সূত্রপাত
সর্বশেষ উত্তেজনার সূত্রপাত ২০২৫ সালের ২৮ মে, যখন থাইল্যান্ডের উবন রাতচাথানি প্রদেশের চং বক এলাকায় থাই ও কম্বোডীয় সেনাদের মধ্যে স্বল্পস্থায়ী কিন্তু প্রাণঘাতী সশস্ত্র সংঘর্ষ হয়। এতে এক কম্বোডীয় সেনা নিহত হন। এরপর দুই পক্ষই সীমান্তে অতিরিক্ত সেনা ও ভারী অস্ত্র মোতায়েন করে। উভয় সরকারই অপর পক্ষকে আগ্রাসনের জন্য দায়ী করে। কম্বোডিয়ার দাবি, কম্বোডীয় ভূখণ্ডে অবস্থানরত তাদের সেনাদের ওপর থাই বাহিনী গুলি চালায়। অন্যদিকে থাইল্যান্ডের বক্তব্য, তাদের সেনারা থাই ভূখণ্ডে নিয়মিত টহল দিচ্ছিল এবং বিনা উসকানিতে হামলার শিকার হওয়ার পরই পাল্টা জবাব দেয়।
এই সংঘর্ষ দীর্ঘদিনের ক্ষোভ নতুন করে উসকে দেয় এবং কূটনৈতিক ও আইনি পদক্ষেপের ধারাবাহিকতা শুরু হয়। আন্তর্জাতিক পরিসরে নিজেদের বক্তব্য প্রতিষ্ঠায় দুই দেশই উদ্যোগী হয়।
কূটনৈতিক পদক্ষেপ: জাতিসংঘের দ্বারস্থ কম্বোডিয়া
২০২৫ সালের ১৬ জুন নিউইয়র্কে জাতিসংঘে কম্বোডিয়ার স্থায়ী প্রতিনিধি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠান। চিঠিতে সাম্প্রতিক সামরিক সংঘর্ষ ও চলমান সীমান্ত বিরোধকে “সশস্ত্র সংঘাত প্রতিরোধ” শীর্ষক আলোচ্যসূচির অধীনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের আনুষ্ঠানিক নথি হিসেবে প্রচারের অনুরোধ জানানো হয়। কম্বোডিয়া আন্তর্জাতিক বিচার আদালতে বিষয়টি উত্থাপনের ইচ্ছার কথাও জানায়। দেশটির অভিযোগ, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিরোধ মেটাতে থাইল্যান্ডের রাজনৈতিক সদিচ্ছা নেই এবং দেশটি কম্বোডিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।
কম্বোডিয়ার নথিতে সাম্প্রতিক সংঘর্ষের পাশাপাশি ঔপনিবেশিক আমলের চুক্তির ব্যাখ্যা এবং আইসিজের আগের রায়সহ দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধের কথা উল্লেখ করা হয়। চিঠিতে থাইল্যান্ডের বিরুদ্ধে একতরফাভাবে আঁকা মানচিত্রের ওপর নির্ভর করা, কম্বোডিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশ এবং সামরিক ও রাজনৈতিক নেতাদের উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে জাতীয়তাবাদী মনোভাব উসকে দেওয়ার অভিযোগ আনা হয়।
আইনি যুক্তি ও ঐতিহাসিক দাবি
কম্বোডিয়ার অবস্থানের ভিত্তি ১৯০৪ ও ১৯০৭ সালের ফ্রাঙ্কো-সিয়াম চুক্তি, যেগুলো ফরাসি ঔপনিবেশিক মানচিত্রের ভিত্তিতে সীমান্ত নির্ধারণ করেছিল। কম্বোডিয়ার সরকার মনে করে, এসব মানচিত্র এবং প্রেহ ভিহিয়ার মন্দির-সংক্রান্ত আইসিজের সিদ্ধান্ত সীমান্ত নির্ধারণের আইনি ভিত্তি হওয়া উচিত। কম্বোডিয়া বারবার হতাশা প্রকাশ করে বলেছে, থাইল্যান্ড এসব চুক্তি মানতে অনিচ্ছুক এবং দ্বিপক্ষীয় ব্যবস্থাকে অগ্রাধিকার দেয়—যা দেশটির মতে কোনো ফল দিতে পারেনি।
থাইল্যান্ডের জবাব: সার্বভৌমত্ব ও দ্বিপক্ষীয়তার পক্ষে অবস্থান
কম্বোডিয়ার কূটনৈতিক পদক্ষেপের দ্রুত জবাব দেয় থাইল্যান্ড। ২০২৫ সালের ১৯ জুন জাতিসংঘে থাইল্যান্ডের স্থায়ী প্রতিনিধি মহাসচিবের কাছে একটি বিস্তারিত বিবৃতি জমা দেন। এতে ঘটনার বিষয়ে থাইল্যান্ডের ভাষ্য এবং দেশটির আইনি ও কূটনৈতিক অবস্থান তুলে ধরা হয়। থাই সরকার “আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ” থাকার কথা পুনর্ব্যক্ত করে। পাশাপাশি শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি এবং সার্বভৌমত্বের প্রতি সম্মানের ওপর জোর দেয়।
থাইল্যান্ডের বিবৃতিতে বলা হয়, থাই সার্বভৌম ভূখণ্ডে নিয়মিত টহল দেওয়ার সময় তাদের সেনারা “কম্বোডীয় সেনাদের বিনা উসকানিতে গুলিবর্ষণের” মুখে পড়ে। জবাবে থাই বাহিনী “আত্মরক্ষায় আনুপাতিক ও উপযুক্ত ব্যবস্থা” নিয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
থাইল্যান্ডের যুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো দুই দেশের ২০০০ সালের সমঝোতা স্মারক (এমওইউ), যার মাধ্যমে সীমান্ত-সংক্রান্ত সমস্যা সমাধানের প্রধান ব্যবস্থা হিসেবে জেবিসি গঠিত হয়। থাইল্যান্ডের অভিযোগ, এমওইউর ৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে কম্বোডিয়া। ওই অনুচ্ছেদে সীমান্ত অঞ্চলের পরিবেশ পরিবর্তন করতে পারে এমন কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। আইসিজেতে যাওয়ার কথা বিবেচনা করার কম্বোডীয় সিদ্ধান্তেরও সমালোচনা করেছে থাইল্যান্ড। দেশটির যুক্তি, এতে এমওইউর ৮ নম্বর অনুচ্ছেদের বিরোধিতা করা হয়েছে; ওই অনুচ্ছেদে পরামর্শ ও আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কথা বলা হয়েছে।
আইসিজের এখতিয়ার প্রত্যাখ্যান
একতরফাভাবে আইসিজেতে মামলা নেওয়ার যেকোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড। দেশটি জানিয়েছে, আইসিজে সংবিধির ৩৬(২) অনুচ্ছেদের অধীনে ১৯৬০ সাল থেকে আদালতের বাধ্যতামূলক এখতিয়ার মেনে নেয়নি তারা। জাতিসংঘে থাইল্যান্ডের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত চের্দচাই চাইওয়াইভিড বলেন:
একতরফাভাবে কোনো মামলা শুরু করার প্রচেষ্টায় থাইল্যান্ড কোনো সম্মতি দেবে না—রাজকীয় থাই সরকার তাদের অবস্থান পুনর্ব্যক্ত করছে।
থাইল্যান্ড বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থার মাধ্যমে মতপার্থক্য মেটানোর অঙ্গীকারের কথাও জানিয়েছে। এসব ব্যবস্থার মধ্যে রয়েছে জেনারেল বর্ডার কমিটি (জিবিসি), রিজিওনাল বর্ডার কমিটি (আরবিসি) এবং জেবিসি। উল্লেখ্য, জাতিসংঘে কূটনৈতিক চিঠি বিনিময়ের মাত্র কয়েক দিন আগে, ২০২৫ সালের ১৪–১৫ জুন জেবিসির বৈঠক হয়। উত্তেজনা চললেও প্রতিষ্ঠিত চ্যানেলে আলোচনায় বসতে দুই পক্ষের আগ্রহ এতে স্পষ্ট হয়।
কম্বোডিয়ার পাল্টা জবাব: চুক্তি লঙ্ঘনের অভিযোগ ও আইনি নিষ্পত্তির আহ্বান
থাইল্যান্ডের বক্তব্যের জবাবে কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় কঠোর প্রতিক্রিয়া জানায়। মন্ত্রণালয় থাইল্যান্ডের বিরুদ্ধে “বিভ্রান্তিকর বক্তব্য” দেওয়া এবং ২০০০ সালের এমওইউ অনুযায়ী দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনে। কম্বোডিয়ার যুক্তি, থাইল্যান্ড একতরফাভাবে নিজেদের মানচিত্র চাপিয়ে দিয়েছে এবং ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে, যা এমওইউর পাশাপাশি আন্তর্জাতিক আইনও লঙ্ঘন করে।
আইসিজেতে যাওয়ার সিদ্ধান্তকে কম্বোডিয়া “পরিমিত, নিয়মনির্ভর ও শান্তিপূর্ণ” পদক্ষেপ হিসেবে তুলে ধরে। দেশটির ভাষ্য, সশস্ত্র শক্তি প্রয়োগ এবং সীমান্ত যৌথভাবে নির্ধারণের পারস্পরিক সম্মত কাঠামোয় আলোচনায় অস্বীকৃতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম্বোডিয়া থাইল্যান্ডকে সব একতরফা পদক্ষেপ বন্ধ করে চুক্তিগত দায়বদ্ধতা পালনের আহ্বান জানায়। আইসিজেসহ বিরোধ নিষ্পত্তির শান্তিপূর্ণ ও আইনি ব্যবস্থায় গঠনমূলকভাবে যুক্ত হওয়ারও আহ্বান জানায় দেশটি।
রাজনৈতিক ও জনমতের প্রতিক্রিয়া
এই বিরোধ দুই দেশেই জাতীয়তাবাদী মনোভাব উসকে দিয়েছে। বিতর্কিত এলাকায় সামরিক সদস্যদের পাশাপাশি বেসামরিক মানুষ ও পর্যটকদের মধ্যেও সংঘাতের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা আরও ছড়িয়েছে। দুই দেশের ব্যবহারকারীরা তীব্র মতামত প্রকাশ করেছেন এবং কখনো কখনো অনলাইন বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন। ঐতিহাসিক মন্দির ও সীমান্ত চৌকিতে বিভিন্ন ঘটনা জনমতকে আরও উত্তপ্ত করেছে, ফলে কূটনৈতিক সমাধান কঠিন হয়ে উঠেছে।
জাতিসংঘের প্রক্রিয়া: আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বিরোধের নথিভুক্তি
জাতিসংঘ মহাসচিবের কার্যালয় কম্বোডিয়া ও থাইল্যান্ডের চিঠি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ৩২ নম্বর আলোচ্যসূচির অধীনে নথিভুক্ত করেছে। এর অর্থ, নথিগুলো জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে পাঠানো হবে। এতে দুই দেশের অবস্থান আনুষ্ঠানিক নথিতে অন্তর্ভুক্ত হবে এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায় নিজ নিজ বক্তব্য সম্পর্কে অবগত হবে। তবে এই প্রক্রিয়াগত পদক্ষেপের ফলে জাতিসংঘ স্বয়ংক্রিয়ভাবে কোনো ব্যবস্থা নেবে বা রায় দেবে না; এর মূল উদ্দেশ্য স্বচ্ছতা ও আন্তর্জাতিক সচেতনতা বাড়ানো।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, কোনো দেশের অবস্থান নথিভুক্ত করা এবং সদস্যরাষ্ট্রগুলোকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করার জন্য এ ধরনের নথি প্রচার জাতিসংঘের নিয়মিত প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় সদস্যদেশগুলোর আনুষ্ঠানিক অবস্থান প্রতিফলিত হয়, তবে তা নিজে থেকে মূল বিরোধের নিষ্পত্তি করে না।
দ্বিপক্ষীয় আলোচনা ব্যর্থ, আন্তর্জাতিক আইনি ফোরামের দিকে ঝোঁক
২০২৫ সালের ১৫ জুন নমপেনে অনুষ্ঠিত থাই-কম্বোডীয় যৌথ সীমান্ত কমিশনের (জেবিসি) ষষ্ঠ বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। শান্তিপূর্ণ আলোচনায় কমিশনের ভূমিকা নিয়ে উভয় পক্ষ একমত হলেও সংলাপ কেবল বিতর্কহীন এলাকায় সীমিত ছিল। কম্বোডিয়া জানায়, চারটি বিতর্কিত স্থান—তা মোয়ান থম, তা মোয়ান তাউচ ও তা ক্রাবেই মন্দির এবং মুম বেই অঞ্চল—জেবিসি কাঠামোর মধ্যে আলোচিত হবে না। বরং বিষয়গুলো আইসিজেতে উত্থাপন করা হবে।
অগ্রগতি না হলেও কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা এবং উত্তেজনা আরও বাড়তে না দেওয়ার অঙ্গীকার করেছে দুই সরকারই। তবে জেবিসির আলোচনা ব্যর্থ হওয়া এবং এরপর কম্বোডিয়ার আইনি পদক্ষেপ জটিল বিরোধ নিষ্পত্তিতে গভীর অবিশ্বাস ও দ্বিপক্ষীয় ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরেছে।
উত্তেজনা বাড়ানো পদক্ষেপ: সীমান্ত বন্ধ, অর্থনৈতিক পাল্টা ব্যবস্থা ও জাতীয়তাবাদী বক্তব্য
২৮ মে সংঘর্ষ ও কূটনৈতিক অচলাবস্থার পর দুই দেশই একাধিক পাল্টা ব্যবস্থা নিয়েছে বা নেওয়ার হুমকি দিয়েছে। থাইল্যান্ড নতুন সীমান্ত বিধিনিষেধ আরোপ করে, কম্বোডিয়ায় পর্যটকদের প্রবেশ বন্ধ করে এবং স্থলসীমান্তের চৌকিগুলোতে নিয়ন্ত্রণ জোরদার করে। কেবল শিক্ষার্থী, চিকিৎসাপ্রার্থী এবং জরুরি প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের সীমান্ত পার হওয়ার অনুমতি দেওয়া হয়। সীমান্তপারের অপরাধ, বিশেষ করে কম্বোডিয়াভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড ঠেকানোকে এসব পদক্ষেপের ঘোষিত উদ্দেশ্য বলা হয়। তবে এগুলো অর্থনৈতিক চাপ সৃষ্টির উপায় হিসেবেও কাজ করেছে।
জবাবে কম্বোডিয়া থাই ইন্টারনেট সেবা বর্জন করে, থাইল্যান্ড থেকে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ করে এবং টেলিভিশন ও সিনেমা হলে থাই চলচ্চিত্র নিষিদ্ধ করে। এসব পদক্ষেপে সীমান্ত এলাকার দৈনন্দিন জীবন ও বাণিজ্য ব্যাহত হয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও চাপে পড়ে। উভয় সরকারই জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয়তার কথা বলেছে। তবে পাল্টাপাল্টি এসব পদক্ষেপকে অভ্যন্তরীণ জাতীয়তাবাদী মনোভাব প্রশমিত করার প্রচেষ্টা হিসেবেও দেখা হয়েছে।
নেতৃত্বের সমীকরণ ও রাজনৈতিক তাৎপর্য
জটিল রাজনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই বিরোধের বিস্তার ঘটেছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত—দুজনই সাবেক নেতা থাকসিন শিনাওয়াত্রা ও হুন সেনের সন্তান। এই দুই সাবেক নেতার মধ্যে প্রকাশ্য বন্ধুত্ব রয়েছে। ব্যক্তিগত এই সম্পর্কের কারণে বর্তমান নেতারা একে অপরের প্রতি “অতিরিক্ত নমনীয়” কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। থাইল্যান্ডের জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো এ নিয়ে সমালোচনা করেছে, যা দুই সরকারের রাজনৈতিক হিসাব-নিকাশকে আরও জটিল করেছে।
কম্বোডিয়ায় সিনেট প্রেসিডেন্ট হুন সেন প্রকাশ্যে আইসিজের এখতিয়ার মেনে নিতে থাইল্যান্ডের অনীহার সমালোচনা করেছেন। তাঁর যুক্তি, আদালতের রায় বিরোধ নিষ্পত্তির নিরপেক্ষ ভিত্তি দেবে এবং দুই সরকারকে নিজেদের নাগরিকদের কাছে ফলাফলটি ব্যাখ্যা করার সুযোগ করে দেবে। তিনি প্রশ্ন করেন:
ব্যাংককের অভিযোগ, কম্বোডিয়া থাইল্যান্ডের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তাহলে তারা আইসিজেতে মামলা করছে না কেন? আইনি কার্যক্রম এড়াচ্ছে কেন? আইনের পথে যেতে ভয় পাওয়া উচিত নয়।
কম্বোডিয়ার জনগণের একাংশের মধ্যে এসব বক্তব্য সাড়া ফেলেছে এবং থাই সরকারের ওপর নিজেদের অবস্থান রক্ষার চাপ বাড়িয়েছে।
আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত বিরোধের প্রভাব তাৎক্ষণিক অঞ্চল ছাড়িয়েও বিস্তৃত। দুই দেশই দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থার (আসিয়ান) সদস্য। সংস্থাটি বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং আঞ্চলিক সংহতির ওপর গুরুত্ব দেয়। চলমান উত্তেজনা আন্তঃআঞ্চলিক সংঘাত সামলানো এবং নিজেদের নীতি অক্ষুণ্ন রাখার ক্ষেত্রে আসিয়ানের সক্ষমতার পরীক্ষা নিচ্ছে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে সামরিক শক্তি বৃদ্ধি অব্যাহত থাকলে বা জাতীয়তাবাদী বক্তব্য আরও তীব্র হলে এ বিরোধ বৃহত্তর অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে। জাতিসংঘের সম্পৃক্ততা এবং আইসিজেতে মামলার সম্ভাবনা সংঘাতের বৈশ্বিক মাত্রা তুলে ধরেছে, যদিও দুই পক্ষই দ্বিপক্ষীয় সমাধানের প্রতি আগ্রহের কথা বলছে।
এরপর কী? সমাধানের সম্ভাবনা
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত বিরোধের নিষ্পত্তি সহজ হবে না। এর ঐতিহাসিক, আইনি ও রাজনৈতিক জটিলতা গভীর, আর দুই দেশেই অভ্যন্তরীণ চাপের কারণে সমঝোতা কঠিন। সাম্প্রতিক দ্বিপক্ষীয় আলোচনা ব্যর্থ হওয়া এবং কম্বোডিয়ার আইসিজের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত ইঙ্গিত দেয়, বিরোধটি নতুন পর্যায়ে প্রবেশ করতে পারে, যেখানে আন্তর্জাতিক আইনি ফোরামের ভূমিকা আরও বাড়বে।
তবে আইসিজের এখতিয়ার মেনে নিতে থাইল্যান্ডের অস্বীকৃতি এবং দ্বিপক্ষীয় ব্যবস্থার ওপর দেশটির জোর দেওয়ার কারণে যেকোনো আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত ও বিতর্কপূর্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে আরও সহিংসতা ঠেকানো এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা দুই সরকারেরই স্বার্থে, যদিও তারা নিজ নিজ দাবি প্রতিষ্ঠায় সচেষ্ট।
আপাতত জাতিসংঘে আনুষ্ঠানিক চিঠি প্রচারের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিরোধের অমীমাংসিত অবস্থা এবং অব্যাহত সতর্কতা ও কূটনৈতিক যোগাযোগের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিচ্ছে।
সংক্ষেপে
- ২০২৫ সালের ২৮ মে বিতর্কিত চং বক এলাকায় প্রাণঘাতী সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত বিরোধ আবারও তীব্র হয়েছে।
- চুক্তি লঙ্ঘন ও দ্বিপক্ষীয় আলোচনায় অগ্রগতির অভাবের কথা উল্লেখ করে কম্বোডিয়া জাতিসংঘের দ্বারস্থ হয়েছে এবং আন্তর্জাতিক বিচার আদালতে মামলা নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে।
- থাইল্যান্ড নিজেদের পদক্ষেপকে আত্মরক্ষা হিসেবে তুলে ধরেছে, আইসিজের এখতিয়ার প্রত্যাখ্যান করেছে এবং ২০০০ সালের এমওইউ অনুযায়ী দ্বিপক্ষীয় ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
- দুই দেশই জাতিসংঘে নিজেদের অবস্থান নথিভুক্ত করেছে, তবে এ প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক হস্তক্ষেপ শুরু হয় না।
- দ্বিপক্ষীয় আলোচনা ব্যর্থ হওয়া, অর্থনৈতিক পাল্টা ব্যবস্থা এবং বাড়তে থাকা জাতীয়তাবাদী মনোভাব বিরোধ নিষ্পত্তির প্রচেষ্টাকে জটিল করেছে।
- এই সংঘাতের আঞ্চলিক প্রভাব রয়েছে এবং তা আসিয়ান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তর স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে।
- দ্রুত সমাধানের সম্ভাবনা ক্ষীণ। দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড়, আর আইনি, ঐতিহাসিক ও রাজনৈতিক কারণে সমঝোতা কঠিন হয়ে উঠেছে।






