মাচার উত্থান: প্রাচীন আচার থেকে আধুনিক উন্মাদনা
একসময় জাপানি সন্ন্যাসী ও সামুরাইদের জন্য সংরক্ষিত আনুষ্ঠানিক পানীয় মাচা এখন বিশ্বজুড়ে আলোড়ন তোলা এক ঘটনা। জেন জি, তারকা ও সুস্থতাসচেতন মানুষের মন জয় করেছে এটি। বিশেষভাবে চাষ করা সবুজ চা-পাতা পাথরে গুঁড়িয়ে তৈরি উজ্জ্বল সবুজ এই গুঁড়া এখন সারা বিশ্বের কফিশপ, সৌন্দর্যচর্চা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ফিডে নিয়মিত দেখা যায়। কিন্তু শতাব্দীপ্রাচীন এই পানীয় কীভাবে নতুন প্রজন্মের পরিচায়ক পানীয় হয়ে উঠল? এর উত্তর স্বাস্থ্য, নান্দনিকতা ও ডিজিটাল সংস্কৃতির সংযোগস্থলে।
সূচিপত্র
- মাচার উত্থান: প্রাচীন আচার থেকে আধুনিক উন্মাদনা
- মাচা কী? সংক্ষিপ্ত ইতিহাস ও এর বিশেষ বৈশিষ্ট্য
- জেন জি ও মাচা আন্দোলন: কেন এই তরুণ প্রজন্মই এগিয়ে
- নিজের পছন্দমতো তৈরি ও সামাজিক বন্ধন
- তারকাদের প্রভাব: এ-লিস্ট তারকা ও প্রভাবকেরা কীভাবে মাচার উত্থান ত্বরান্বিত করেছেন
- বাজারে মাচা: ক্যাফে থেকে সুপারমার্কেট, আরও অনেকখানে
- কাপের বাইরেও মাচা: সৌন্দর্যচর্চা, ফ্যাশন ও জনপ্রিয় সংস্কৃতি
- সবুজের অর্থনীতি: বাজারের প্রবৃদ্ধি ও সরবরাহের চ্যালেঞ্জ
- মাচার সাংস্কৃতিক বিবর্তন: জাপানি ঐতিহ্য থেকে বৈশ্বিক জীবনধারা
- আধুনিক পরিচয়ের প্রতীক হিসেবে মাচা
- মাচা কি টিকে থাকবে? সাময়িক প্রবণতা, নাকি রূপান্তর?
- সংক্ষেপে
মাচা কী? সংক্ষিপ্ত ইতিহাস ও এর বিশেষ বৈশিষ্ট্য
মাচা আরেক ধরনের সবুজ চা মাত্র নয়। সাধারণ সবুজ চায়ে পাতা পানিতে ভিজিয়ে রেখে পরে ফেলে দেওয়া হয়; মাচায় গুঁড়া আকারে পুরো পাতাটিই খাওয়া হয়। এতে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও অ্যামিনো অ্যাসিডের ঘনমাত্রা পাওয়া যায়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য এল-থিয়ানিন, যা মন শান্ত রাখতে ও মনোযোগ বাড়াতে সহায়ক বলে পরিচিত। মাচার শিকড় দ্বাদশ শতকের চীনে, তবে জাপানেই পানীয়টি তার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক আবাস খুঁজে পায়। ধ্যানের সময় ‘শান্ত সজাগতা’ তৈরি করতে পারার জন্য বৌদ্ধ সন্ন্যাসীরা মাচাকে গুরুত্ব দিতেন। সময়ের সঙ্গে এটি জাপানি চা-অনুষ্ঠানের কেন্দ্রীয় অংশ হয়ে ওঠে—যে আচার মননশীলতা, শ্রদ্ধা ও সরলতার ওপর জোর দেয়।
বর্তমানে মাচা প্রধানত জাপানে উৎপাদিত হয়। উজি ও কিয়োটোর মতো অঞ্চল উচ্চমানের ফসলের জন্য সুপরিচিত। চাষের সূক্ষ্ম প্রক্রিয়ায়—ফসল তোলার আগে চা-গাছ ছায়ায় রেখে ক্লোরোফিল ও অ্যামিনো অ্যাসিডের পরিমাণ বাড়ানো হয়—মাচার স্বাক্ষর উজ্জ্বল সবুজ রং ও উমামিসমৃদ্ধ স্বাদ তৈরি হয়।
জেন জি ও মাচা আন্দোলন: কেন এই তরুণ প্রজন্মই এগিয়ে
জেন জির মাচার প্রতি ঝোঁক কোনো আকস্মিক ঘটনা নয়। নব্বইয়ের দশকের শেষভাগ থেকে ২০১০-এর দশকের শুরুর মধ্যে জন্ম নেওয়া এই প্রজন্ম সুস্থতা, টেকসই জীবনযাপন ও আত্মপ্রকাশের ওপর গুরুত্ব দেওয়ার জন্য পরিচিত। মাচায় এই সব কটি দিকই রয়েছে:
- স্বাস্থ্যগত উপকারিতা: মাচায় অ্যান্টিঅক্সিডেন্ট (বিশেষত ইজিসিজি), ভিটামিন ও এল-থিয়ানিন প্রচুর থাকে। এগুলো একসঙ্গে কফির কারণে হওয়া অস্থিরতা বা পরে শক্তি কমে যাওয়ার সমস্যা ছাড়াই দীর্ঘস্থায়ী শক্তি জোগায়। পুষ্টিবিদেরা বলছেন, এটি মানসিক চাপ কমাতে, হৃদ্যন্ত্র ও হাড়ের সুস্থতা বজায় রাখতে এবং প্রদাহবিরোধী বৈশিষ্ট্যের কারণে মাসিকের ব্যথা উপশমেও সহায়ক হতে পারে।
- নান্দনিক আকর্ষণ: পানীয়টির উজ্জ্বল সবুজ রং ও ফেনিল ঘনত্ব এটিকে ছবিতে দারুণ দেখায়, যা ইনস্টাগ্রাম ও টিকটকের জন্য উপযোগী। #matchalattes হ্যাশট্যাগে কোটি কোটি ভিউ হয়েছে, আর মাচার দৃশ্যমান পরিচিতি এখন সাংস্কৃতিক অনুষঙ্গে পরিণত হয়েছে—নেইল আর্ট থেকে প্যাকেজিং নকশা, সব ক্ষেত্রেই এর প্রভাব রয়েছে।
- আচার ও মননশীলতা: অনেক তরুণ ভোক্তার কাছে মাচা তৈরি করা কেবল পানীয় বানানো নয়—এটি প্রতিদিনের এমন এক আচার, যা মননশীলতা ও সচেতনভাবে কাজ করার অভ্যাস গড়ে তোলে। গুঁড়া ফেটানো, ফেনা তৈরি হতে দেখা এবং প্রথম চুমুকের স্বাদ নেওয়ার প্রক্রিয়া দ্রুতগতির জীবনে শান্তির মুহূর্ত এনে দেয়।
ভারতের মাভেরিক অ্যান্ড ফার্মার কফির সহ-প্রতিষ্ঠাতা আশিস ডি'আব্রেওর পর্যবেক্ষণ, "আমাদের জেন জি গ্রাহকেরা দৃশ্যমান উপাদানে খুব আকৃষ্ট হন, আর ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম তাদের পছন্দ গড়ে তুলতে বড় ভূমিকা রাখে। অনলাইনে যা দেখতে পান, তা চেষ্টা করতে তাঁরা আগ্রহী; মাচা ঠিক সেই জায়গাতেই মানিয়ে যায়।"
নিজের পছন্দমতো তৈরি ও সামাজিক বন্ধন
নিজের পছন্দমতো পানীয় তৈরির প্রতি জেন জির আগ্রহও মাচার জনপ্রিয়তা বাড়িয়েছে। কফিশপ চেইন ও বিশেষায়িত ক্যাফেগুলো এখন নানা ধরনের মাচা পানীয় দিচ্ছে—বরফসহ, ব্লেন্ড করা, বিকল্প দুধ দিয়ে, কিংবা স্ট্রবেরি ও ল্যাভেন্ডারের মতো স্বাদের সঙ্গে মিশিয়ে। এই নমনীয়তার কারণে ভোক্তারা নিজেদের খাদ্যাভ্যাস ও সুস্থতার লক্ষ্য অনুযায়ী পানীয় তৈরি করতে পারেন; যেমন এতে প্রোটিন, কোলাজেন বা উদ্ভিজ্জ দুধ যোগ করা যায়।
পানীয়টির বাইরেও মাচা সামাজিক সংযোগের মাধ্যম হয়ে উঠেছে। কর্মশালা, পপ-আপ আয়োজন ও অনলাইন কমিউনিটিতে উৎসাহীরা রেসিপি ও তৈরির কৌশল ভাগ করে নেন, এমনকি মাচাকেন্দ্রিক অনুষ্ঠানও করেন। অনেকের কাছে পানীয়টি স্বাদের পাশাপাশি আপনজনের মধ্যে থাকার অনুভূতি ও পরিচয়ের সঙ্গেও জড়িত।
তারকাদের প্রভাব: এ-লিস্ট তারকা ও প্রভাবকেরা কীভাবে মাচার উত্থান ত্বরান্বিত করেছেন
নিশ পণ্য থেকে মূলধারায় মাচার উত্থানে তারকাদের সমর্থন ও প্রভাবক সংস্কৃতি বড় ভূমিকা রেখেছে। ব্ল্যাকপিঙ্কের জেনি, দুআ লিপা, জেন্ডায়া, গিনেথ প্যালট্রো, কাইলি জেনার, জেসিকা আলবা ও বেলা হাদিদের মতো বিশ্বতারকাদের মাচা পান করতে বা অনলাইনে মাচা খাওয়ার রুটিন ভাগ করে নিতে দেখা গেছে। এসব তারকার প্রচার মাচাকে দৈনন্দিন আচার ও মর্যাদার প্রতীক হিসেবে স্বাভাবিক করে তুলেছে, বিশেষত তরুণীদের মধ্যে।
টিকটক ও ইনস্টাগ্রামের প্রভাবকেরা নান্দনিক টিউটোরিয়াল পোস্ট করে, দামি মাচার গুঁড়ার প্যাকেট খুলে দেখিয়ে এবং ভাইরাল মিম তৈরি করে এই প্রবণতাকে আরও ছড়িয়েছেন। ‘ক্লিন গার্ল’ নান্দনিকতার সঙ্গে পানীয়টির যোগ—যে জীবনধারায় সুস্থতা, মিনিমালিজম ও নিজের যত্নের ওপর জোর দেওয়া হয়—এর আকর্ষণ আরও বাড়িয়েছে।
নিউইয়র্কের ম্যাচাফুলের প্রধান মাচা কর্মকর্তা হান্না হাবেস ব্যাখ্যা করেন: "গত এক দশকে স্বাস্থ্য, ফিটনেস ও সামগ্রিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমার মনে হয়, মাচা এই বৃহত্তর প্রবণতার সুবিধা পেয়েছে। খাবারের পুষ্টিগুণ নিয়ে আরও গবেষণা প্রকাশিত হওয়ায় ভোক্তারা এখন বেশি জানেন এবং স্বাস্থ্যকর বিকল্প চান। মাচা চায়ে বিভিন্ন অ্যামিনো অ্যাসিড রয়েছে, আর কফিতে সংবেদনশীল যাঁরা, তাঁদের জন্য এটি দারুণ বিকল্প।"
বাজারে মাচা: ক্যাফে থেকে সুপারমার্কেট, আরও অনেকখানে
মাচার উত্থান পানীয়শিল্পের চেহারা বদলে দিচ্ছে। স্টারবাকস, ডানকিন’, প্রেত আ মঁঝে ও কাফে নেরোর মতো বড় কফিশপ চেইন তাদের মাচার পসরা বাড়িয়েছে, ফলে সারা বিশ্বের মেনুতে পানীয়টি স্থায়ী জায়গা করে নিয়েছে। দক্ষিণ কোরিয়ায় স্টারবাকস কোরিয়ার মাচা শু ক্রিম লাটে মাত্র দুই সপ্তাহে ২০ লাখের বেশি কাপ বিক্রি হয়েছে। অন্যদিকে, জেন জির চাহিদা মেটাতে লত্তে ওয়েলফুড এবং পল বাসেটের মতো ব্র্যান্ড মাচার স্বাদের আইসক্রিম ও মিষ্টান্ন বাজারে এনেছে।
লন্ডন থেকে নিউইয়র্ক—বিভিন্ন শহরে বিশেষায়িত মাচা বার গড়ে উঠছে, যেখানে উন্নত অভিজ্ঞতা ও অভিনব পানীয় দেওয়া হয়। পান করার জন্য প্রস্তুত (আরটিডি) মাচা পানীয়, যেগুলোতে প্রায়ই অ্যাডাপ্টোজেন বা প্রোবায়োটিক যোগ করা হয়, সুপারমার্কেটের তাকেও বেশি জায়গা নিচ্ছে। বাড়িতে মাচা তৈরিও এখন প্রবণতা হয়ে উঠেছে; বাঁশের ফেটনি, আনুষ্ঠানিক চায়ের বাটি ও বৈদ্যুতিক ফ্রথারের বিক্রি বাড়ছে।
কাপের বাইরেও মাচা: সৌন্দর্যচর্চা, ফ্যাশন ও জনপ্রিয় সংস্কৃতি
পানীয়ের গণ্ডি ছাড়িয়ে মাচার প্রভাব ছড়িয়েছে আরও অনেকখানে। এর স্বাক্ষর সবুজ রং ‘মাচা নেলস’-এর মতো সৌন্দর্যচর্চার প্রবণতায় অনুপ্রেরণা জুগিয়েছে; গ্রীষ্মের এই ম্যানিকিউর ট্রেন্ডে থাকে হালকা সবুজ রং ও ঘূর্ণায়মান নকশা। ফ্যাশনে মাচার রঙের ধরন আগের জনপ্রিয় রং, যেমন বার্বি পিংককে সরিয়ে দিয়েছে; এটি এখন প্রশান্তি, সৃজনশীলতা ও স্বকীয়তার প্রতীক। ত্বকের যত্নের পণ্যেও মাচা ব্যবহার করা হচ্ছে, যেগুলো শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করা ও জাপানি বিশুদ্ধতার ছোঁয়ার প্রতিশ্রুতি দেয়।
সবুজের অর্থনীতি: বাজারের প্রবৃদ্ধি ও সরবরাহের চ্যালেঞ্জ
বিশ্বজুড়ে মাচার বাজার দ্রুত বাড়ছে। দ্য বিজনেস রিসার্চ কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৩.৮৪ বিলিয়ন ডলারের এই শিল্পের বাজার ২০২৯ সালে ৬.৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে; বার্ষিক প্রবৃদ্ধির হার ১০ শতাংশের বেশি। শুধু যুক্তরাজ্যেই ২০২৩ সালে মাচা পানীয়ের বিক্রি ২০২ শতাংশ বেড়েছে। ভারতের মাচার বাজার ২০২৪ সালের ১০৪ মিলিয়ন ডলার থেকে ২০৩০ সালে ১৬৭ মিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা পানীয়টির বিশ্বব্যাপী বিস্তারকে তুলে ধরে।
তবে এই দ্রুত প্রবৃদ্ধির কারণে সরবরাহে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি হয়েছে। উচ্চমানের মাচার বিশ্বের শীর্ষ উৎপাদক জাপান আন্তর্জাতিক চাহিদার দ্রুত বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে। মাচা তৈরিতে ব্যবহৃত পাতা তেঞ্চার উৎপাদন ২০১০ থেকে ২০২৩ সালের মধ্যে দ্বিগুণেরও বেশি হয়েছে। কিন্তু জলবায়ু পরিবর্তন, শ্রমিকের ঘাটতি ও নতুন চা-বাগান পরিপক্ব হতে সময় লাগায় ঘাটতি দেখা দিয়েছে এবং দাম আকাশছোঁয়া হয়েছে। ২০২৪ সালে কিয়োটোতে তেঞ্চার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। কিছু উৎপাদক কেনার পরিমাণ সীমিত করেছেন, কেউ কেউ আবার নতুন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন।
জাপানের সায়ামার ১৫তম প্রজন্মের চা-চাষি মাসাহিরো ওকুতোমি বলেন: "আমাদের ওয়েবসাইটে জানাতে হয়েছে যে আমরা আর মাচার অর্ডার নিচ্ছি না। মাচা তৈরি সহজ কাজ নয়; ঠিকভাবে করতে বছরের পর বছর প্রশিক্ষণ লাগে। বিশ্ব আমাদের মাচা নিয়ে উৎসাহী, এতে আমি খুশি... কিন্তু সত্যি বলতে, এখন চাহিদা সামাল দেওয়া কঠিন—আমরা আর তাল মেলাতে পারছি না।"
ঘাটতি মোকাবিলায় কিছু কোম্পানি জাপানি খামারের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তুলছে, অন্যরা উৎপাদন বাড়াতে কৃষিপ্রযুক্তিতে বিনিয়োগ করছে। তবে নতুন চা-বাগানের পরিপক্ব হতে পাঁচ বছর পর্যন্ত সময় লাগে বলে নিকট ভবিষ্যতেও সরবরাহের সংকট চলবে বলে ধারণা করা হচ্ছে।
মাচার সাংস্কৃতিক বিবর্তন: জাপানি ঐতিহ্য থেকে বৈশ্বিক জীবনধারা
মাচার শিকড় জাপানি সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত হলেও, বিশ্ববাজারে এর নতুন পরিচিতি কখনো কখনো উৎসের সঙ্গে দূরত্ব তৈরি করেছে। অনেক তরুণ ভোক্তার কাছে মাচা জেন বৌদ্ধ আচার বা জাপানি চা-অনুষ্ঠানের চেয়ে সুস্থতা, নিজের পছন্দমতো তৈরি ও দৃশ্যমান আকর্ষণের সঙ্গে বেশি সম্পর্কিত। এই পরিবর্তন থেকে সাংস্কৃতিক অনধিকারচর্চা বনাম সাংস্কৃতিক প্রশংসা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে; পাশাপাশি প্রশ্ন উঠেছে, পানীয়টির নতুন জনপ্রিয়তা এর ঐতিহ্যকে ম্লান করে দিচ্ছে কি না।
তবু কিছু ব্র্যান্ড ও প্রভাবক খাঁটি মাচার পেছনের কারিগরি দক্ষতা ও ঐতিহ্য তুলে ধরে এই দূরত্ব কমানোর চেষ্টা করছেন। পারফেক্টটেডের মতো কোম্পানি ও বিশেষায়িত ক্যাফেগুলো জাপানি কৃষকদের কাছ থেকে সরাসরি মাচা সংগ্রহের ওপর জোর দেয় এবং মাচার বিভিন্ন মান ও তৈরির পদ্ধতি সম্পর্কে ভোক্তাদের জানায়। পারফেক্টটেডের পণ্য উন্নয়নকারী নিনা ক্লোৎজেল বলেন, "আমরা মাচার পেছনের প্রকৃত মানুষদের তুলে ধরতে চাই: সেই জাপানি কৃষকদের, যাঁরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কারুশিল্পের পথ দেখিয়েছেন। আমাদের প্রতিষ্ঠাতারা ব্যক্তিগতভাবে এই সম্পর্ক গড়েছেন; প্রকৃত মাচার পেছনের ঐতিহ্য ও কারিগরি দক্ষতা গভীরভাবে বুঝতে তাঁরা জাপানে সময় কাটিয়েছেন।"
আধুনিক পরিচয়ের প্রতীক হিসেবে মাচা
জেন জির কাছে মাচা কেবল পানীয় নয়—এটি জীবনযাপনের একটি ঘোষণা। এর মাধ্যমে ভারসাম্য, স্বচ্ছতা ও সচেতন জীবনযাপনের আকাঙ্ক্ষা প্রকাশ পায়। মাচা তৈরি ও উপভোগের আচার আধুনিক জীবনের বিশৃঙ্খলার বিপরীতে এক ভিন্ন অভিজ্ঞতা দেয়, আর এর দৃশ্যমান ও ইন্দ্রিয়গ্রাহ্য আকর্ষণ ডিজিটাল যুগের সঙ্গে পুরোপুরি মানিয়ে যায়। জেন জির এক ভোক্তার কথায়, "এটা শুধু পানীয় নিয়ে নয়; এর সঙ্গে আচার, নান্দনিকতা ও পরিচয়ের অনুভূতিও জড়িত। এটা আপনাকে এমনটা ভাবায় যে জীবনটা বুঝি গুছিয়ে ফেলেছেন। আর আপনার ফিডেও বাড়তি বাহবা জোটে।"
মাচা কি টিকে থাকবে? সাময়িক প্রবণতা, নাকি রূপান্তর?
প্রতিটি ভাইরাল প্রবণতার সঙ্গেই এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে। মাচা কি ক্ষণস্থায়ী ফ্যাশন, নাকি বৈশ্বিক সংস্কৃতিতে পাকাপোক্ত জায়গা করে নিয়েছে? শিল্পবিশেষজ্ঞদের বিশ্বাস, পানীয়টির জনপ্রিয়তা ওঠানামা করলেও স্বাস্থ্যগত উপকারিতা, বহুমুখিতা ও সাংস্কৃতিক মর্যাদার সমন্বয় একে দীর্ঘস্থায়ী করবে। কফিশপ ও ব্র্যান্ডগুলো তাদের নিয়মিত পণ্যের তালিকায় মাচা রাখছে, আর ভোক্তারাও একে দৈনন্দিন রুটিনের অংশ করছেন।
তবে মাচার উন্মাদনা টেকসই উৎপাদন ও অতিরিক্ত ভোগ নিয়েও প্রশ্ন তুলছে। উৎপাদন বৃদ্ধির পরিবেশগত প্রভাব, সরবরাহ ঘাটতির ঝুঁকি এবং সাংস্কৃতিক ঐতিহ্য ম্লান হয়ে যাওয়ার আশঙ্কা—মাচার বৈশ্বিক উত্থান চলতে থাকলে শিল্প ও ভোক্তা উভয়কেই এসব চ্যালেঞ্জ সামলাতে হবে।
সংক্ষেপে
- জেন জি, তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে মাচা জাপানি আনুষ্ঠানিক পানীয় থেকে বৈশ্বিক জীবনধারার ঘটনায় পরিণত হয়েছে।
- স্বাস্থ্যগত উপকারিতা, নান্দনিক আকর্ষণ ও আচারনির্ভর প্রস্তুতপ্রণালিই পানীয়টির আবেদন; সুস্থতাসচেতন ও দৃশ্যনির্ভর ভোক্তাদের কাছে এটি বিশেষ পছন্দের।
- তারকাদের সমর্থন ও প্রভাবক সংস্কৃতি মাচাকে মূলধারায় নিয়ে এসেছে; সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি কোটি ভিউ হয়েছে এবং ক্যাফে ও সুপারমার্কেটে এর ব্যবহার ছড়িয়ে পড়েছে।
- বিশ্বজুড়ে মাচার বাজার দ্রুত বাড়ছে, তবে জাপানে সরবরাহের চ্যালেঞ্জের কারণে ঘাটতি ও দাম বৃদ্ধি দেখা দিয়েছে।
- পানীয়ের বাইরেও মাচার প্রভাব সৌন্দর্যচর্চা, ফ্যাশন ও জনপ্রিয় সংস্কৃতির প্রবণতা গড়ে দিচ্ছে।
- পানীয়টির জনপ্রিয়তা কখনো কখনো এর সাংস্কৃতিক শিকড় থেকে দূরত্ব তৈরি করলেও, খাঁটি মাচার কারুশিল্পের ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ চলছে।
- বিশেষজ্ঞদের ধারণা, সুস্থতা, বহুমুখিতা ও সাংস্কৃতিক তাৎপর্যের সমন্বয় মাচাকে আধুনিক দৈনন্দিন জীবনে টিকিয়ে রাখবে, যদিও শিল্পকে নতুন চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নিতে হবে।






