সূচিপত্র
ইউবিডিতে যুগান্তকারী এআই স্বাস্থ্য পরীক্ষা চালু করল ব্রুনেই
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) দেশব্যাপী স্বাস্থ্য পরীক্ষা চালুর মধ্য দিয়ে ডিজিটাল স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আলোচনায় এসেছে ব্রুনেই দারুসসালাম। ব্রুনেই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের (ইউবিডি) গবেষকদের উদ্ভাবিত এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ৩৬তম সমাবর্তন অনুষ্ঠানের পর এক বিশেষ প্রদর্শনীতে তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন মহামান্য সুলতান হাজি হাসানাল বলকিয়া ও অন্যান্য বিশিষ্টজন। জনস্বাস্থ্য, টেকসই উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রযুক্তি ব্যবহারে ব্রুনেইয়ের অঙ্গীকারের দিকটি অনুষ্ঠানে তুলে ধরা হয়।ব্রুনেইয়ের এআই স্বাস্থ্য পরীক্ষা কীভাবে কাজ করে?
এআইভিত্তিক স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা ব্রুনেইয়ের জাতীয় ডিজিটাল স্বাস্থ্য প্ল্যাটফর্ম ব্রুহেলথ অ্যাপে যুক্ত করা হয়েছে। হৃদ্রোগ ও কোলোরেক্টাল ক্যানসারসহ বড় ধরনের রোগের ঝুঁকি যাচাইয়ের জন্য এ ব্যবস্থা তৈরি করা হয়েছে। বিশ্বজুড়ে এবং ব্রুনেইয়ে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে এ রোগ দুটি। পরীক্ষার কাজে ব্যবহৃত এআই মডেলটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বর্তমান ঝুঁকি নিরূপণ পদ্ধতির চেয়ে বেশি নির্ভুল বলে জানা গেছে। ফলে ব্রুনেইবাসী তাদের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে আরও সুনির্দিষ্ট ধারণা পাবেন। এ পর্যন্ত প্ল্যাটফর্মটির মাধ্যমে হৃদ্রোগের ঝুঁকি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৬ হাজারের বেশি মানুষ এবং কোলোরেক্টাল ক্যানসারের পরীক্ষা করিয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ। বিভিন্ন ধরনের স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ করে বেশি ঝুঁকিতে থাকা ব্যক্তিদের শনাক্ত করে এ পূর্বাভাসভিত্তিক মডেল। এর ফলে আগেভাগে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় এবং সময়মতো চিকিৎসা ও জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে জীবন বাঁচানোর সম্ভাবনা তৈরি হয়।বিজ্ঞাপন
ব্রুহেলথ ৫.০: ডিজিটাল স্বাস্থ্যসেবার পরিসর বাড়ছে
কোভিড-১৯ মহামারির সময় ব্যাপকভাবে ব্যবহৃত ব্রুহেলথ অ্যাপটি এখন পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সম্প্রতি চালু হওয়া ব্রুহেলথ ৫.০-তে যুক্ত হয়েছে এআইচালিত স্বাস্থ্য সূচক, ব্যক্তিকেন্দ্রিক সুস্থতা-সংক্রান্ত পরামর্শ এবং বিস্তৃত স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি। এতে এখন জরায়ুমুখ ও স্তন ক্যানসারের পরীক্ষাও অন্তর্ভুক্ত হয়েছে। গেমভিত্তিক চ্যালেঞ্জের মাধ্যমে অ্যাপটি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতেও উৎসাহ দেয়। পাশাপাশি খাদ্যাভ্যাস, ঘুম ও ওষুধ সেবনের নিয়মিততা পর্যবেক্ষণের সুযোগ দেয়। ব্রুনেইয়ের স্বাস্থ্যমন্ত্রী ইয়াং বেরহরমত দাতো সেরি সেতিয়া ডা. হাজি এমডি ইশাম বিন হাজি জাফর ব্রুহেলথের রূপান্তরমূলক সম্ভাবনার ওপর জোর দিয়ে বলেন, প্ল্যাটফর্মটি “তথ্য ও উদ্ভাবননির্ভর স্বাস্থ্যসেবা ব্যবস্থার ভিত্তি গড়ে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা শিগগিরই তথ্যকে ব্যক্তিকেন্দ্রিক সেবা, সম্পদের কার্যকর ব্যবহার এবং উন্নত সিদ্ধান্ত গ্রহণের উপযোগী অন্তর্দৃষ্টিতে রূপান্তর করবে।”বিজ্ঞাপন
স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও এআইয়ের নানা উদ্ভাবন
স্বাস্থ্যসেবায় এআই ব্যবহারে ব্রুনেইয়ের অঙ্গীকার ব্রুহেলথ প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ নয়। ২০২৪ সালের এপ্রিলে জেরুদং পার্ক মেডিকেল সেন্টার (জেপিএমসি) দেশটির প্রথম এআইচালিত ডায়াবেটিক রেটিনোপ্যাথি পরীক্ষাসেবা চালু করে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের দৃষ্টিশক্তি হারানোর অন্যতম প্রধান কারণ ডায়াবেটিক রেটিনোপ্যাথি; এ ক্ষেত্রে দ্রুত শনাক্ত করা অত্যন্ত জরুরি। এআই ব্যবস্থায় দ্রুত ও শরীরে হস্তক্ষেপহীন পরীক্ষা করা যায়, যা প্রতিরোধমূলক সেবার মান উন্নত করে এবং গুরুতর জটিলতার ঝুঁকি কমায়। জেপিএমসির ভিজিটিং কনসালট্যান্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. হাজাহ হেলেনা পোকেএসকে ডিপি হাজি হুরাইরাহ প্রযুক্তিটির প্রভাব নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন:এই উদ্ভাবনের অংশ হতে পেরে এবং চক্ষু বিশেষজ্ঞ হিসেবে রোগ নির্ণয়ের মান উন্নত করার অফুরন্ত সম্ভাবনা খতিয়ে দেখতে পেরে আমরা আনন্দিত। এর ফলে আমাদের রোগীরা আরও ভালো স্বাস্থ্যসেবা পাবেন।
বিজ্ঞাপন
সুস্থ বার্ধক্য ও টেকসই উন্নয়নে উদ্যোগ
ইউবিডির প্রদর্শনীতে ব্রুনেইয়ের বয়স্ক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর উদ্যোগও তুলে ধরা হয়। সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চের (কেয়ার) দল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও কমিউনিটি গোষ্ঠীর সঙ্গে মিলে বয়স্কদের বিশেষ চাহিদা পূরণের কর্মসূচি তৈরি করছে। এসব উদ্যোগের লক্ষ্য সুস্থ বার্ধক্য ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা। টেকসই উন্নয়নের ক্ষেত্রে ইউবিডির শেল ইকো-ম্যারাথন দল ‘বেলিয়া তাবাহ’ তাদের বৈদ্যুতিক গাড়ির প্রোটোটাইপ মেকার প্রদর্শন করে। ২০২৪ সালের শেল ইকো-ম্যারাথন এশিয়া প্যাসিফিক ও মধ্যপ্রাচ্য প্রতিযোগিতায় গাড়িটি জ্বালানি-সাশ্রয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে। প্রতি কিলোওয়াট-ঘণ্টায় ২৮৫.৫ কিলোমিটার চলার পাশাপাশি কার্বন পদচিহ্ন কমানোর জন্য শীর্ষ পুরস্কার জেতে এটি। পরিবেশের দায়িত্বশীল সুরক্ষা ও টেকসই প্রকৌশলে ইউবিডির অঙ্গীকারেরই প্রতিফলন এই অর্জন।বিজ্ঞাপন
প্রযুক্তি ও সংস্কৃতির মেলবন্ধন
প্রদর্শনীতে প্রযুক্তি ও সংস্কৃতির মেলবন্ধনও উদ্যাপন করা হয়। শিল্পী আফিক রাফিকিন ফাইজ আল-ওয়ারিতস আলোকচিত্র, এআই শিল্পকর্ম ও ঐতিহাসিক গবেষণার সমন্বয়ে এমন কাজ উপস্থাপন করেন, যার লক্ষ্য দর্শকদের ব্রুনেইয়ের ভূদৃশ্য ও আখ্যানের সঙ্গে নতুন করে যুক্ত করা। অন্যদিকে, নুর আজরিন আদাউইয়াহ মুহাম্মদ টনি রাজ্জাক ঐতিহ্যবাহী ব্রুনেইয়ের লোককথা ‘সি কুনিং’-কে আধুনিক কমিক হিসেবে নতুন রূপ দেন। সমসাময়িক মাধ্যমের সাহায্যে তিনি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করেন।সংক্ষেপে
- ব্রুনেই ব্রুহেলথ অ্যাপের মাধ্যমে বিশ্বের প্রথম এআইভিত্তিক দেশব্যাপী স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা চালু করেছে। এতে হৃদ্রোগ ও কোলোরেক্টাল ক্যানসার দ্রুত শনাক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
- ব্রুহেলথ ৫.০-তে যুক্ত হয়েছে উন্নত এআই সুবিধা, ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্য পরামর্শ এবং বিস্তৃত স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি।
- ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের চোখের প্রতিরোধমূলক সেবার মান বাড়াতে জেপিএমসিতে এআইচালিত ডায়াবেটিক রেটিনোপ্যাথি পরীক্ষা চালু হয়েছে।
- ইউবিডির উদ্যোগের মধ্যে রয়েছে সুস্থ বার্ধক্যবিষয়ক কর্মসূচি এবং টেকসই প্রকৌশলে রেকর্ড গড়া অর্জন।
- প্রদর্শনীতে প্রযুক্তি ও সংস্কৃতির মেলবন্ধন তুলে ধরা হয়েছে। শিল্পীরা এআই ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ব্রুনেইয়ের ঐতিহ্য সংরক্ষণ করছেন।






