সূচিপত্র
বিওয়াইডির মূল্যছাড়ে তীব্র হচ্ছে বৈদ্যুতিক গাড়ির লড়াই
চীনের বৈদ্যুতিক গাড়ি (ইভি) শিল্পে চলছে ব্যাপক মূল্যযুদ্ধ। বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিওয়াইডি তাদের সব মডেলের দাম কমিয়ে পুরো খাতে তোলপাড় সৃষ্টি করেছে। ২০২৫ সালের মে মাসের শেষ দিকে ঘোষিত সর্বশেষ দফার মূল্যছাড়ে বিওয়াইডি ২২টি মডেলের দাম সর্বোচ্চ ৩৪ শতাংশ কমিয়েছে। এখন তাদের সবচেয়ে সস্তা সিগাল হ্যাচব্যাকের দাম শুরু হচ্ছে মাত্র ৫৫,৮০০ ইউয়ান (প্রায় ৭,৮০০ ডলার) থেকে। এই আগ্রাসী পদক্ষেপে গিলি, চেরি ও এসএআইসি-জিএমের মতো প্রতিদ্বন্দ্বীরাও একের পর এক মূল্যছাড় দিতে শুরু করেছে, ফলে আগে থেকেই প্রতিযোগিতায় ঠাসা বাজারে লড়াই আরও তীব্র হয়েছে। দাম কমায় ভোক্তারা লাভবান হচ্ছেন বলে মনে হতে পারে। তবে এর অন্তর্নিহিত পরিস্থিতি শিল্প খাত এবং বৃহত্তর চীনা অর্থনীতির জন্য আরও উদ্বেগজনক চিত্র তুলে ধরে। মূল্যযুদ্ধের ফলে শেয়ারের দাম পড়েছে, মুনাফার মার্জিন সংকুচিত হয়েছে এবং চীনের ইভি খাতের দীর্ঘমেয়াদি সুস্থতা নিয়ে নিয়ন্ত্রক সংস্থা ও শিল্পসংশ্লিষ্টদের উদ্বেগ বেড়েছে।মূল্যযুদ্ধের পেছনে কী কারণ?
বর্তমান অস্থিরতার মূলে রয়েছে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও চাহিদা কমে যাওয়ার সম্মিলিত প্রভাব। বিশ্বের বৃহত্তম ইভি বাজার হওয়া সত্ত্বেও চীনের গাড়ি নির্মাতারা তাদের উৎপাদন সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করছে। অবিক্রীত গাড়ির মজুত ৩৫ লাখের বেশি হওয়ায় কোম্পানিগুলো মুনাফা বিসর্জন দিয়েও মজুত পণ্য বিক্রি করতে মরিয়া। ২০২৫ সালে ৫৫ লাখ গাড়ি বিক্রির উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে বিওয়াইডি। নিজস্ব ব্যাটারি উৎপাদন এবং কাঁচামালের দাম কমে যাওয়ার মতো ব্যয়গত সুবিধা কাজে লাগিয়ে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে কম দামে গাড়ি বিক্রি করছে প্রতিষ্ঠানটি। এই কৌশলের লক্ষ্য দ্রুত বাজারের অংশ বাড়ানো, বিশেষ করে ১ লাখ ইউয়ানের (১৪ হাজার ডলার) কম দামের গাড়ির বাজারে। সামগ্রিকভাবে ইভির ব্যবহার বেশি হলেও এই অংশে বিওয়াইডির উপস্থিতি তুলনামূলকভাবে দুর্বল।বিজ্ঞাপন
শিল্প খাত ও নিয়ন্ত্রকদের প্রতিক্রিয়া
বিওয়াইডির মূল্যছাড়ের প্রভাব দ্রুত ও তীব্রভাবে পড়েছে। বিওয়াইডি, নিও, এক্সপেং ও গিলিসহ চীনের প্রধান ইভি নির্মাতাদের শেয়ারের দাম ব্যাপকভাবে কমেছে। মে মাসের শেষ দিকে শেয়ারের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর শুধু বিওয়াইডিরই বাজারমূল্য থেকে ২১.৫ বিলিয়ন ডলারের বেশি কমেছে। ডিলারশিপগুলোও চাপে পড়েছে; অতিরিক্ত মজুত ও নগদ প্রবাহের সংকটে কয়েকটি বন্ধ হতে বাধ্য হয়েছে। নিয়ন্ত্রক সংস্থাগুলোও পদক্ষেপ নিয়েছে। শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (এমআইআইটি) এবং চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিএএএম) “বিশৃঙ্খল মূল্যযুদ্ধ” থেকে বিরত থাকার সতর্কবার্তা দিয়েছে। কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি সতর্ক করেছে, লাগাতার মূল্যছাড় “মেড ইন চায়না” গাড়ির আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ন করতে পারে এবং শিল্পের দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে।“বিশৃঙ্খল মূল্যযুদ্ধ অসুস্থ প্রতিযোগিতা বাড়ায় এবং কোম্পানিগুলোর মুনাফার মার্জিন আরও সংকুচিত করে,” জানিয়েছে সিএএএম। উৎপাদন খরচের চেয়ে কম দামে গাড়ি বিক্রি না করতে এবং নিজেদের নিয়ন্ত্রণে রাখতে গাড়ি নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
আর্থিক ঝুঁকি ও এভারগ্রান্ডের সঙ্গে তুলনা
আর্থিক চাপ শুধু গাড়ি নির্মাতাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। সরবরাহকারীদেরও বড় অঙ্কের মূল্যছাড় মেনে নিতে চাপ দেওয়া হচ্ছে। কিছু বিশ্লেষক আশঙ্কা করছেন, এভারগ্রান্ডের সম্পত্তি খাতের সংকটের মতো তারল্যসংকট দেখা দিতে পারে। গ্রেট ওয়াল মোটরের চেয়ারম্যান ওয়েই জিয়ানজুন পরিস্থিতির সঙ্গে এভারগ্রান্ডের প্রকাশ্য তুলনা করে সতর্ক করেছেন, অতিরিক্ত ঋণ ও টেকসই নয় এমন মূল্য নির্ধারণ পুরো খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে। বিওয়াইডির আর্থিক অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। ২০২৪ সালে কোম্পানিটি ৪০২০ কোটি ইউয়ান (৫৫০ কোটি ডলার) নিট মুনাফার কথা জানিয়েছে। তবে কিছু বিশ্লেষকের ধারণা, আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হিসাবের চেয়ে কোম্পানিটির প্রকৃত ঋণের পরিমাণ অনেক বেশি। এতে তাদের আগ্রাসী সম্প্রসারণ কৌশলের দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।বিজ্ঞাপন
বৈশ্বিক প্রভাব: রপ্তানি, বাণিজ্য উত্তেজনা ও গ্লোবাল সাউথ
দেশীয় প্রতিযোগিতা তীব্র হওয়ায় চীনা গাড়ি নির্মাতারা অতিরিক্ত উৎপাদিত গাড়ি বিক্রির জন্য ক্রমেই বিদেশি বাজারের দিকে ঝুঁকছে। তবে আন্তর্জাতিক বাজার থেকে স্বস্তি পাওয়ার সুযোগ সীমিত। নিজেদের শিল্প রক্ষায় যুক্তরাষ্ট্র ও এশিয়ার কয়েকটি দেশ বাণিজ্য বাধা তৈরি করছে। এমনকি রাশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারেও প্রবেশ ক্রমে কঠিন হচ্ছে। আফ্রিকা ও এশিয়ার উদীয়মান বাজারগুলোতে অত্যন্ত কম দামের চীনা ইভির প্রবেশ গাড়ি ব্যবহারের প্রসার ত্বরান্বিত করতে পারে এবং বৈদ্যুতিক পরিবহনকে আরও সহজলভ্য করতে পারে। তবে ঝুঁকিও আছে: আর্থিক চাপে থাকা নির্মাতারা দেউলিয়া হলে গ্রাহকেরা সহায়তাহীন গাড়ি ও অপর্যাপ্ত বিক্রয়োত্তর সেবার মুখে পড়তে পারেন। পাশাপাশি, যথাযথ পুনর্ব্যবহার অবকাঠামো ছাড়া বিপুলসংখ্যক কম দামের ইভি উন্নয়নশীল দেশগুলোর পরিবেশগত চ্যালেঞ্জ আরও বাড়াতে পারে।চীনের ইভি শিল্পের ভবিষ্যৎ কী?
মূল্যযুদ্ধ নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ সত্ত্বেও অধিকাংশ বিশ্লেষক মনে করেন, শিল্পের ঝরে পড়ার প্রক্রিয়া এখনো অনেক বাকি। শিল্প খাতে একীভবন বাড়বে বলে ধারণা করা হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, দীর্ঘমেয়াদে মাত্র ৫ থেকে ৭টি প্রভাবশালী ব্র্যান্ড টিকে থাকতে পারে। প্রতিযোগিতার পরবর্তী ধাপে মূল্যছাড়ের বদলে প্রযুক্তিগত উদ্ভাবন ও বৈশ্বিক সম্প্রসারণে জোর দেওয়া হতে পারে। আপাতত মূল্যযুদ্ধ চীনের গাড়ি শিল্পকে নতুন করে রূপ দিচ্ছে, যার কেন্দ্রে রয়েছে বিওয়াইডি। এর পরিণতি সুদূরপ্রসারী হবে—শুধু চীনা গাড়ি নির্মাতা ও ভোক্তাদের জন্য নয়, গোটা বৈশ্বিক ইভি বাজারের জন্যও।বিজ্ঞাপন
সংক্ষেপে
- বিওয়াইডির আগ্রাসী মূল্যছাড় চীনের ইভি শিল্পে তীব্র মূল্যযুদ্ধ শুরু করেছে। ২২টি মডেলের দাম কমেছে সর্বোচ্চ ৩৪ শতাংশ।
- অতিরিক্ত উৎপাদন সক্ষমতা, চাহিদা কমে যাওয়া এবং বাজারে আধিপত্য বিস্তারে বিওয়াইডির প্রচেষ্টা এই মূল্যযুদ্ধের পেছনে রয়েছে। তবে এতে মুনাফার মার্জিন সংকুচিত হচ্ছে এবং খাতটি অস্থিতিশীল হয়ে পড়ছে।
- নিয়ন্ত্রক সংস্থা ও শিল্প সংগঠনগুলো সতর্ক করেছে, লাগাতার মূল্যছাড় চীনের গাড়ি শিল্পের সুনাম ও দীর্ঘমেয়াদি সুস্থতার ক্ষতি করতে পারে।
- ডিলার ও সরবরাহকারীরা তীব্র আর্থিক চাপে রয়েছেন। কেউ কেউ ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন, অন্যদের বড় অঙ্কের মূল্যছাড় মেনে নিতে হচ্ছে।
- কম দামের ইভি থেকে বৈশ্বিক বাজার স্বল্পমেয়াদি সুবিধা পেতে পারে। তবে শিল্প খাত একীভবনের পথে এগোনোর সঙ্গে সঙ্গে গুণগত সমস্যা, সহায়তাহীন গাড়ি এবং পরিবেশগত চ্যালেঞ্জের ঝুঁকিও রয়ে যাচ্ছে।






