সমুদ্র পর্যবেক্ষণে নতুন যুগ
২০২৫ সালের ২৯ জুলাই ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প কুরিল-কামচাটকা সাবডাকশন জোন কাঁপিয়ে দিলে, দূরবর্তী রুশ উপদ্বীপের মাটি কাঁপার মধ্যেই ঘটনা সীমাবদ্ধ থাকেনি। এটি প্রশান্ত মহাসাগরজুড়ে বিশাল সুনামি সৃষ্টি করে এবং বিজ্ঞানীদের জন্য বিরল এক প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ এনে দেয়। কাকতালীয়ভাবে, নাসা ও ফরাসি মহাকাশ সংস্থা সিএনইএসের যৌথ মিশন সারফেস ওয়াটার অ্যান্ড ওশান টপোগ্রাফি (SWOT) স্যাটেলাইটটি আক্রান্ত এলাকার ঠিক ওপর দিয়ে যায়। এর ফলে সাবডাকশন জোনে সৃষ্ট ভয়াবহ সুনামির প্রথম উচ্চ-রেজল্যুশনের মহাকাশভিত্তিক বিস্তৃত চিত্র ধারণ করা সম্ভব হয়।
সূচিপত্র
SWOT-এর ধারণ করা চিত্রগুলো ঢেউয়ের একটি সাধারণ স্থিরচিত্রের চেয়ে অনেক বেশি কিছু দেখিয়েছে। পাঠ্যবইয়ে প্রায়ই দেখানো একটিমাত্র সুশৃঙ্খল ঢেউয়ের চূড়ার বদলে, স্যাটেলাইটটি শত শত মাইলজুড়ে ছড়িয়ে পড়া ও বিচ্ছুরিত শক্তির জটিল, বিনুনির মতো বিন্যাস প্রকাশ করেছে। প্রচলিত সামুদ্রিক যন্ত্রে এমন সূক্ষ্ম বিবরণ প্রায় কখনোই ধরা পড়ে না। ফলাফলগুলো শুধু চোখে পড়ার মতো একটি চিত্রই দেয়নি; এগুলো ইঙ্গিত করছে, সুনামির ঝুঁকি পূর্বাভাসে ব্যবহৃত মৌলিক পদার্থবিদ্যার উল্লেখযোগ্য সংশোধন প্রয়োজন হতে পারে।
কয়েক দশক ধরে বিজ্ঞানীরা ধরে নিয়েছেন, সমুদ্র পেরিয়ে যাওয়া সবচেয়ে বড় ঢেউগুলো মূলত “অবিচ্ছুরণশীল” তরঙ্গগুচ্ছ হিসেবে চলে। নতুন এই তথ্য সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে এবং এই ধ্বংসাত্মক শক্তিগুলোর মডেল তৈরির পদ্ধতি পুনর্বিবেচনায় বাধ্য করছে।
বিচ্ছিন্ন পরিমাপ থেকে বিস্তৃত দৃশ্যপটে
এই ঘটনার আগে গভীর সমুদ্র পর্যবেক্ষণ মূলত ডার্ট (ডিপ-ওশান অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং অব সুনামিস) বয়া ব্যবস্থার ওপর নির্ভরশীল ছিল। এসব বয়া খোলা সমুদ্রে আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য প্রহরী হিসেবে কাজ করেছে। এগুলো অত্যন্ত সংবেদনশীল; পানির চাপে মিলিমিটার-পর্যায়ের পরিবর্তনও শনাক্ত করতে পারে। তবে বয়া অল্পসংখ্যক। প্রতিটি বয়া কেবল একটি নির্দিষ্ট স্থানের সময়ক্রমিক তথ্য দেয়, ফলে সমুদ্রের বিশাল এলাকা পর্যবেক্ষণের বাইরে থেকে যায়।
SWOT একবার অতিক্রমের সময় সমুদ্রপৃষ্ঠের উচ্চতার ৭৫ মাইল প্রশস্ত একটি বিস্তৃত চিত্র তৈরি করে এই পরিস্থিতি বদলে দিয়েছে। এ সক্ষমতার ফলে বিজ্ঞানীরা বিচ্ছিন্ন বয়ার মধ্যবর্তী এলাকায় কী ঘটে, তা অনুমান করার বদলে স্থান ও সময়ের সঙ্গে সুনামির আকৃতি কীভাবে বদলায়, তা দেখতে পারেন।
আইসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাটির প্রধান লেখক অ্যাঞ্জেল রুইজ-আঙ্গুলো নতুন এই তথ্যের প্রভাব স্পষ্টভাবে তুলে ধরেছেন। “আমি SWOT-এর তথ্যকে নতুন একজোড়া চশমার মতো ভাবি,” বলেন রুইজ-আঙ্গুলো। “আগে ডার্ট দিয়ে আমরা বিশাল সমুদ্রের নির্দিষ্ট কিছু জায়গায় শুধু সুনামি দেখতে পেতাম। এর আগে অন্য স্যাটেলাইটও ছিল, তবে সবচেয়ে ভালো পরিস্থিতিতেও সুনামির ওপর দিয়ে কেবল একটি সরু রেখা দেখতে পেত। এখন SWOT দিয়ে আমরা সমুদ্রপৃষ্ঠের অভূতপূর্ব উচ্চ-রেজল্যুশনের তথ্যসহ প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) পর্যন্ত প্রশস্ত এলাকা ধারণ করতে পারি।”
তথ্যে চমকপ্রদ আবিষ্কার
বিশ্বের ভূপৃষ্ঠের পানি জরিপ করে বৈশ্বিক সমুদ্রগতিবিদ্যা ও জলবায়ু পরিবর্তন আরও ভালোভাবে বোঝার মূল লক্ষ্য নিয়ে ২০২২ সালের ডিসেম্বরে নাসা ও সিএনইএস SWOT উৎক্ষেপণ করে। রুইজ-আঙ্গুলো ও সহলেখক চার্লি দ্য মারেজ দুই বছর ধরে এর তথ্য খুঁটিয়ে দেখছিলেন, বিশেষ করে ছোট ছোট সমুদ্রঘূর্ণি বিশ্লেষণে মনোযোগ দিয়ে।
তারা কখনো কল্পনাও করেননি যে সুনামি ধারণ করতে পারবেন। গবেষকেরা বলেন, “আমরা দুই বছরেরও বেশি সময় ধরে SWOT-এর তথ্য বিশ্লেষণ করে ছোট ছোট ঘূর্ণির মতো সমুদ্রের বিভিন্ন প্রক্রিয়া বোঝার চেষ্টা করেছি। কখনো ভাবিনি, সৌভাগ্যক্রমে একটি সুনামি ধারণ করতে পারব।”
প্রচলিত শিক্ষায় বলা হয়, মহাসাগরীয় অববাহিকা পেরিয়ে যাওয়া বড় সুনামি অগভীর পানির ঢেউয়ের মতো আচরণ করে। ঢেউয়ের তরঙ্গদৈর্ঘ্য সমুদ্রের গভীরতার তুলনায় অনেক বেশি হওয়ায়, তাত্ত্বিকভাবে এগুলো পৃথক অংশে না ভেঙে বা আকৃতি না হারিয়ে এগিয়ে চলে। তবে এই নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে SWOT-এর ধারণ করা চিত্র ভিন্ন কথা বলেছে।
রুইজ-আঙ্গুলো বলেন, “এই ঘটনার SWOT-এর তথ্য বড় সুনামি অবিচ্ছুরণশীল—এই ধারণাকে চ্যালেঞ্জ করেছে।”
গবেষক দল বিচ্ছুরণের প্রভাব যুক্ত করে সংখ্যাভিত্তিক মডেল চালালে, সিমুলেশনে তৈরি ঢেউয়ের ক্ষেত্রটি স্যাটেলাইটের ধারণ করা বিন্যাসের সঙ্গে অনেক বেশি মিলে যায়। পূর্বাভাসে সাধারণত ব্যবহৃত “অবিচ্ছুরণশীল” মডেলগুলোর ফলের সঙ্গে মিল ছিল অনেক কম।
বিচ্ছুরণ কেন গুরুত্বপূর্ণ
এই পার্থক্য কেবল তাত্ত্বিক আলোচনার বিষয় নয়। বিচ্ছুরণ বলতে ঢেউ চলার সময় তাদের গতির ভিত্তিতে আলাদা হয়ে যাওয়ার প্রবণতাকে বোঝায়। সুনামির ক্ষেত্রে, স্থলভাগের কাছে আসার সময় বিচ্ছুরণ ঢেউয়ের সারির শক্তিকে নতুনভাবে বিন্যস্ত করে।
রুইজ-আঙ্গুলো ব্যাখ্যা করেন, “এই পর্যবেক্ষণের প্রধান তাৎপর্য হলো, সুনামির মডেল তৈরির সময় আমরা কিছু বিষয় বাদ দিয়ে যাচ্ছি। এই ‘অতিরিক্ত’ পরিবর্তনশীলতার অর্থ হতে পারে, কোনো উপকূলের কাছে পৌঁছানোর সময় মূল ঢেউটি পেছনের ঢেউগুলোর প্রভাবে বদলে যেতে পারে। বিচ্ছুরণজনিত এই অতিরিক্ত শক্তির পরিমাণ নির্ধারণ করতে হবে এবং আগে বিবেচনা করা হয়নি—এমন কোনো প্রভাব এটি ফেলছে কি না, তা মূল্যায়ন করতে হবে।”
এর অর্থ, মূল ঢেউয়ের চূড়ার পেছনে থাকা ঢেউগুলো আগের পূর্বাভাসের তুলনায় ভিন্ন সময়ে এবং ভিন্ন শক্তিতে উপকূলে পৌঁছাতে পারে। এতে উপকূলীয় প্রকৌশলীরা কীভাবে প্রতিরক্ষা ব্যবস্থা নকশা করেন এবং কর্তৃপক্ষ কীভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়, তা বদলে যেতে পারে।
ঢেউয়ের উৎস সম্পর্কে ধারণা পরিমার্জন
ডার্ট নেটওয়ার্কের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখলে SWOT-এর তথ্যের গুরুত্ব আরও স্পষ্ট হয়। সমুদ্রের মাঝখানে ঢেউটি দেখতে কেমন ছিল, SWOT-এর বিস্তৃত চিত্র বিজ্ঞানীদের তা জানিয়েছে; আর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সময় ও বিস্তার নির্ধারণে সহায়তা করেছে ডার্ট বয়া।
তবে শিগগিরই কিছু অসংগতি দেখা দেয়। আগের ভূকম্পন ও জিওডেটিক উৎস-মডেলের সুনামি পূর্বাভাসের সঙ্গে দুটি পরিমাপক যন্ত্রের তথ্য মিলছিল না। একটিতে ঢেউ প্রত্যাশার চেয়ে আগে ধরা পড়ে, অন্যটিতে পরে।
ডার্টের নথিভুক্ত তথ্য সমন্বিত করে একটি ইনভার্সন পদ্ধতি ব্যবহার করে গবেষকেরা ভূমিকম্পের ফাটল সম্পর্কে তাঁদের ধারণা সংশোধন করেন। তাঁদের সিদ্ধান্ত, ফাটলটি আরও দক্ষিণে বিস্তৃত হয়েছিল এবং এর দৈর্ঘ্য ছিল প্রায় ২৪৯ মাইল (৪০০ কিলোমিটার), যেখানে প্রাথমিক অনেক মডেলেই ১৮৬ মাইল (৩০০ কিলোমিটার) ধরে নেওয়া হয়েছিল।
গবেষণার সহলেখক দিয়েগো মেলগার বিভিন্ন ধরনের তথ্য একত্র করার গুরুত্ব তুলে ধরেন। মেলগার বলেন, “২০১১ সালে জাপানে ৯.০ মাত্রার তোহোকু-ওকি ভূমিকম্পের পর থেকেই আমরা বুঝেছিলাম, অগভীর স্তরের স্খলন নির্ধারণে সুনামির তথ্য অত্যন্ত মূল্যবান।”
এই তথ্য প্রচলিত মডেলে অন্তর্ভুক্ত করা এখনো নিয়মিত চর্চা হয়ে ওঠেনি। মেলগার বলেন, এর কারণ হলো, ডার্টের তথ্য ব্যাখ্যা করতে প্রয়োজনীয় জলগতিবিদ্যার মডেল কঠিন পৃথিবীর তথ্য বিশ্লেষণে ব্যবহৃত ভূকম্পন তরঙ্গের বিস্তার মডেলের চেয়ে একেবারেই আলাদা। তবে তিনি বলেন, “এখানেও যেমন দেখা গেছে, যত ধরনের তথ্য সম্ভব একসঙ্গে নেওয়া সত্যিই জরুরি।”
ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ তাৎপর্য
কুরিল-কামচাটকা প্রান্তে সমুদ্রজুড়ে সুনামি সৃষ্টির দীর্ঘ ও ভয়াবহ ইতিহাস রয়েছে। ১৯৫২ সালের ৯.০ মাত্রার ভূমিকম্প প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক সতর্কতা ব্যবস্থা গঠনে ভূমিকা রেখেছিল। ২০২৫ সালের ঘটনায় এই ব্যবস্থা সমুদ্র-অববাহিকাজুড়ে সতর্কতা জারি করে।
গবেষণাটিতে ২০২৫ সালের ঘটনাকে ১৯৫২ সালের বিপর্যয়ের সঙ্গে তুলনা করে দেখা গেছে, ২০২৫ সালের ভূমিকম্পে সম্ভবত ১৯৫২ সালে ভেঙে যাওয়া মেগাথ্রাস্টের উল্লেখযোগ্য অংশে আবার ফাটল সৃষ্টি হয়েছিল। তবে এটি ঘটেছিল আরও নিচের দিকে, অর্থাৎ ভূগর্ভের আরও গভীরে, এবং সমুদ্রখাতের কাছাকাছি এলাকায় স্খলন ছিল সামান্য বা ছিলই না। ফাটলের গভীরতার এই পার্থক্য ১৯৫২ সালের বিপর্যয়কর ঢেউয়ের তুলনায় ২০২৫ সালে তুলনামূলক ছোট সুনামির প্রভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সুনামি সতর্কতা ব্যবস্থায় SWOT-এর এই পর্যবেক্ষণ নতুন ও শক্তিশালী এক ধরনের প্রমাণ যোগ করেছে। যথেষ্ট সৌভাগ্য ও সমন্বয় থাকলে ভবিষ্যতে বিজ্ঞানীরা একই ধরনের বিস্তৃত চিত্র ব্যবহার করে তাৎক্ষণিক মডেল যাচাই ও উন্নত করতে পারবেন।
বর্তমান ধারণার চেয়ে বিচ্ছুরণ যদি উপকূলের কাছাকাছি প্রভাবকে বেশি আকার দেয়, তাহলে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। রুইজ-আঙ্গুলো বলেন, “ভাগ্য সহায় হলে হয়তো একদিন আমাদের মতো গবেষণার ফল দিয়ে বোঝানো যাবে, বাস্তব সময়ে বা প্রায় বাস্তব সময়ে পূর্বাভাস দিতে এসব স্যাটেলাইট পর্যবেক্ষণ কেন দরকার।”
পূর্বাভাসে বাঁকবদল
এই যুগান্তকারী গবেষণা থেকে তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। প্রথমত, উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট অল্টিমেট্রি এখন সমুদ্রের মাঝখানে সুনামির উপস্থিতি দেখার পাশাপাশি এর অভ্যন্তরীণ গঠনও শনাক্ত করতে পারে। দ্বিতীয়ত, গবেষকদের মতে, বড় সুনামির ক্ষেত্রে প্রায়ই কম গুরুত্ব পাওয়া বিচ্ছুরণ ঢেউয়ের শক্তি কীভাবে সামনের ও পেছনের ঢেউয়ে ছড়িয়ে পড়ে, তা নির্ধারণ করতে পারে। এতে ঢেউ উপকূলে ওঠার সময় এবং বন্দরের স্থাপনাগুলোর ওপর প্রয়োগ করা শক্তি বদলে যেতে পারে। তৃতীয়ত, স্যাটেলাইটের বিস্তৃত চিত্র, ডার্টের সময়ক্রমিক তথ্য, ভূকম্পন রেকর্ড এবং জিওডেটিক বিকৃতির তথ্য একত্র করলে ভূমিকম্পের উৎস ও এর বিবর্তনের অনেক বেশি নির্ভুল চিত্র পাওয়া যায়।
সুনামির মডেল-প্রণেতা ও ঝুঁকি পরিকল্পনাবিদদের জন্য বার্তাটি একই সঙ্গে সতর্কতা ও সম্ভাবনার। SWOT যে জটিলতা প্রকাশ করেছে, পদার্থবিদ্যার মডেলকে এখন তার সঙ্গে তাল মেলাতে হবে। পরিকল্পনাবিদদের এমন পূর্বাভাস ব্যবস্থা প্রয়োজন, যা সব উপলভ্য তথ্যধারা একত্র করতে পারে। ঢেউগুলো নিজে সহজ হবে না, তবে সেগুলোর পূর্বাভাস দেওয়ার ক্ষমতা অনেক বেশি নিখুঁত হতে পারে।
মূল তথ্য
- SWOT স্যাটেলাইট বড় সুনামির প্রথম উচ্চ-রেজল্যুশনের মহাকাশভিত্তিক বিস্তৃত চিত্র ধারণ করেছে।
- ২০২৫ সালের ২৯ জুলাই রাশিয়ার কামচাটকা উপকূলের কাছে ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
- চিত্রে জটিল, বিনুনির মতো ঢেউয়ের বিন্যাস দেখা গেছে, যা ঢেউয়ের অবিচ্ছুরণশীল আচরণ সম্পর্কে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছে।
- স্যাটেলাইট ও বয়ার সম্মিলিত তথ্যের ভিত্তিতে গবেষকেরা ভূমিকম্পের ফাটলের দৈর্ঘ্য ৪০০ কিলোমিটার বলে সংশোধন করেছেন।
- বিচ্ছুরণ ঢেউয়ের শক্তি কীভাবে ছড়িয়ে পড়ে এবং উপকূলে কী প্রভাব ফেলে, তা উল্লেখযোগ্যভাবে বদলে দিতে পারে।
- এই ঘটনায় ঐতিহাসিক ১৯৫২ সালের ভূমিকম্পে জড়িত ফাটলের কিছু অংশে আবার ফাটল সৃষ্টি হয়েছিল।






