প্লাস্টিক বর্জ্যে ভরে যাচ্ছে জাপান সাগর: ক্রমবর্ধমান পরিবেশগত সংকট
জাপান সাগরের দুর্গম উপকূলজুড়ে প্লাস্টিক বর্জ্যের ঢেউ ক্রমেই বাড়ছে। এতে সামুদ্রিক প্রাণী, স্থানীয় অর্থনীতি ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। এই সংকট শুধু জাপানের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আরও বিস্তৃত আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যার স্পষ্ট প্রতীক। এশিয়ার বিভিন্ন স্থান থেকে আসা প্লাস্টিকের আবর্জনা জাপানের সমুদ্রসৈকত ও সমুদ্রতলায় জমা হচ্ছে। বারবার পরিচ্ছন্নতা অভিযান ও আন্তর্জাতিক আলোচনার পরও সমস্যাটি রয়ে গেছে, যা দায়িত্ব, সমাধান এবং আমাদের সমুদ্রের ভবিষ্যৎ নিয়ে জরুরি প্রশ্ন তুলছে।
সূচিপত্র
- প্লাস্টিক বর্জ্যে ভরে যাচ্ছে জাপান সাগর: ক্রমবর্ধমান পরিবেশগত সংকট
- জাপান সাগর কীভাবে প্লাস্টিক বর্জ্য ফেলার স্থানে পরিণত হলো?
- প্লাস্টিক বর্জ্য: আঞ্চলিক ও বৈশ্বিক হুমকি
- প্লাস্টিক দূষণ এত দীর্ঘস্থায়ী কেন?
- মাইক্রোপ্লাস্টিকের হুমকি
- আন্তর্জাতিক উদ্যোগ ও বাধা
- আঞ্চলিক সহযোগিতা: জাপান ও আসিয়ান
- দেশীয় সমাধান: জাপানের নীতি ও উদ্ভাবন
- করপোরেট উদ্যোগ ও প্রযুক্তিগত অগ্রগতি
- মানুষ ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব
- কী পরিবর্তন দরকার?
- সংক্ষেপে
জাপান সাগর কীভাবে প্লাস্টিক বর্জ্য ফেলার স্থানে পরিণত হলো?
জাপান সাগর, যা পূর্ব সাগর নামেও পরিচিত, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী। এর পশ্চিম উপকূল, বিশেষ করে নাগাসাকি জেলার সুশিমা এলাকায়, সামুদ্রিক আবর্জনার বড় কেন্দ্র গড়ে উঠেছে। নগর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, প্রতিবছর ৩০ হাজার থেকে ৪০ হাজার ঘনমিটার ভাসমান আবর্জনা সুশিমায় পৌঁছায়। এর অর্ধেকেরও বেশি বোতল, পাত্র ও মোড়কের মতো প্লাস্টিক পণ্য। ২০২৪ সালের জরিপে দেখা গেছে, সংগ্রহ করা প্লাস্টিক বোতলের ৫৪ শতাংশ চীন ও তাইওয়ান থেকে এবং ৩৮ শতাংশ দক্ষিণ কোরিয়া থেকে এসেছে। এতে দূষণ যে সীমান্ত পেরিয়ে ছড়ায়, তা স্পষ্ট হয়েছে।
সমুদ্রস্রোত ও বাতাস এই বর্জ্যকে সীমান্ত পেরিয়ে বহন করে নিয়ে যায়, ফলে এটি প্রকৃত অর্থেই আন্তর্জাতিক সমস্যা হয়ে উঠেছে। ভারী বৃষ্টি ও টাইফুন পরিস্থিতি আরও খারাপ করে; আরও বেশি আবর্জনা সমুদ্রে ও জাপানের উপকূলে ভেসে আসে। ঘন ঘন পরিচ্ছন্নতা অভিযান সত্ত্বেও অবিরাম বর্জ্য জমতে থাকায় স্থানীয় কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবীরা সামাল দিতে হিমশিম খাচ্ছেন।
প্লাস্টিক বর্জ্য: আঞ্চলিক ও বৈশ্বিক হুমকি
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) হিসাব অনুযায়ী, প্রতিবছর প্রায় ২ কোটি টন প্লাস্টিক বর্জ্য বৈশ্বিক পরিবেশে প্রবেশ করে। অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার কারণে এর ৯০ শতাংশ আসে উন্নয়নশীল দেশগুলো থেকে। এশিয়া এই সংকটের কেন্দ্রস্থলে। চীন, মিয়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনামের মধ্য দিয়ে প্রবাহিত মেকং নদী সমুদ্রে প্লাস্টিক বর্জ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশ্বের শীর্ষ নদীগুলোর একটি। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও মালয়েশিয়ার মতো দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোও প্লাস্টিক বর্জ্যের উল্লেখযোগ্য উৎস; এর পেছনে প্রায়ই রয়েছে সীমিত অবকাঠামো ও অবৈধভাবে বর্জ্য ফেলা।
জাপানও দায়মুক্ত নয়। মাথাপিছু প্লাস্টিক মোড়ক বর্জ্য উৎপাদনে দেশটি যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয়। ২০১৫ সালের হিসাব অনুযায়ী, সেখানে প্রতিবছর জনপ্রতি প্রায় ৩২ কিলোগ্রাম প্লাস্টিক মোড়ক বর্জ্য তৈরি হয়। জাপানের বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা শক্তিশালী হলেও, দেশটির অনেক ‘পুনর্ব্যবহার’ আসলে বর্জ্য পুড়িয়ে ফেলা। এতে কার্বন নিঃসরণ হয়, আর অন্যভাবে প্লাস্টিক পরিবেশে প্রবেশ করাও ঠেকানো যায় না।
প্লাস্টিক দূষণ এত দীর্ঘস্থায়ী কেন?
প্লাস্টিকের স্থায়িত্ব, কম দাম ও বহুমুখী ব্যবহারযোগ্যতা একে আধুনিক জীবনের সর্বত্র ছড়িয়ে দিয়েছে। তবে এই বৈশিষ্ট্যগুলোর কারণেই এটি দীর্ঘস্থায়ী দূষকে পরিণত হয়েছে। ফেলে দেওয়ার পর প্লাস্টিক ভাঙতে শত শত বছর লাগতে পারে। সূর্যের আলো ও বাতাসের সংস্পর্শে এলে এটি ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়—অতি ক্ষুদ্র কণা, যা সামুদ্রিক প্রাণীরা সহজেই খেয়ে ফেলে এবং যা মানুষের খাদ্যশৃঙ্খলেও প্রবেশ করতে পারে।
জাপান এজেন্সি ফর মেরিন-আর্থ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (জ্যামস্টেক) সাম্প্রতিক গবেষণায় জাপানের আশপাশের গভীর সমুদ্রতলায় বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্যের সন্ধান মিলেছে। এর মধ্যে বিংশ শতাব্দীর সময়কার জিনিসও রয়েছে। কোনো কোনো এলাকায় প্রতি বর্গকিলোমিটারে ৪০ হাজার পর্যন্ত প্লাস্টিকের সামগ্রী পাওয়া গেছে। এর ৭০ থেকে ৮০ শতাংশ পলিইথিলিনের ব্যাগ; বাকিগুলোর বেশির ভাগ বোতল ও খাবারের পাত্র। গভীর সমুদ্রে আলো না থাকায় এসব প্লাস্টিক আরও ধীরে ক্ষয় হয় এবং কয়েক দশক বা তারও বেশি সময় ধরে থেকে যায়।
মাইক্রোপ্লাস্টিকের হুমকি
জাপান সাগরসহ বিশ্বের সব সমুদ্রেই এখন মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। এসব ক্ষুদ্র কণা বিষাক্ত রাসায়নিক শোষণ করতে পারে এবং মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর দেহে প্রবেশ করে, যা বন্যপ্রাণী ও মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে। গবেষণায় দেখা গেছে, মাইক্রোপ্লাস্টিক সামুদ্রিক প্রাণীর শারীরিক ক্ষতি করতে পারে, প্রজননব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে এবং খাদ্যশৃঙ্খলের ওপরের দিকে জমা হতে পারে। মাইক্রোপ্লাস্টিক ও এর সঙ্গে যুক্ত রাসায়নিক দূষিত সামুদ্রিক খাবার খাওয়ার মাধ্যমে তা মানুষের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে।
আন্তর্জাতিক উদ্যোগ ও বাধা
সংকটের ব্যাপকতা স্বীকার করে বিভিন্ন দেশ প্লাস্টিক দূষণ মোকাবিলায় আন্তর্জাতিক চুক্তি করার চেষ্টা করেছে। সুইজারল্যান্ডে সাম্প্রতিক আন্তঃসরকারি আলোচনার লক্ষ্য ছিল প্লাস্টিক দূষণ ঠেকাতে বিশ্বের প্রথম চুক্তি প্রণয়ন। তবে আলোচনায় কোনো সমঝোতা হয়নি, যা সমস্যা মোকাবিলায় আরও বিলম্বের আশঙ্কা তৈরি করেছে। বিধিবিধানের পরিধি, লক্ষ্যমাত্রা এবং উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর দায়িত্ব নিয়ে মতবিরোধ রয়ে গেছে।
এই আলোচনায় জাপানের ভূমিকা জটিল। ২০১৯ সালে ওসাকা ব্লু ওশান ভিশন গ্রহণে জি-২০-কে নেতৃত্ব দিয়েছিল দেশটি। এই উদ্যোগের লক্ষ্য ছিল ২০৫০ সালের মধ্যে নতুন করে সামুদ্রিক প্লাস্টিক দূষণ শূন্যে নামিয়ে আনা। তবে দৈনন্দিন জীবন ও শিল্পের ওপর প্রভাবের উদ্বেগ তুলে ধরে বাধ্যতামূলক লক্ষ্যমাত্রা নির্ধারণকারী কিছু আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করতে জাপার অনীহাও ছিল। তা সত্ত্বেও এশীয় দেশগুলোকে বর্জ্য বাছাই ও সংগ্রহব্যবস্থা গড়ে তুলতে সহায়তা এবং বর্জ্য নিয়ন্ত্রণে ১০ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার অঙ্গীকার করেছে জাপান।
আঞ্চলিক সহযোগিতা: জাপান ও আসিয়ান
দক্ষিণ-পূর্ব এশীয় জাতিসংঘ (আসিয়ান)-এর সঙ্গে জাপানের সহযোগিতা আঞ্চলিক উদ্যোগের অন্যতম ভিত্তি। সামুদ্রিক আবর্জনা মোকাবিলায় আসিয়ানের আঞ্চলিক কর্মপরিকল্পনা এবং জাপান-আসিয়ান ইন্টিগ্রেটিভ ফান্ডের মতো উদ্যোগের মাধ্যমে জাপান দক্ষতা বৃদ্ধি, জনসচেতনতামূলক প্রচার এবং সামুদ্রিক আবর্জনা কমাতে জাতীয় কর্মপরিকল্পনা তৈরিতে সহায়তা করছে। এসব অংশীদারত্বের লক্ষ্য বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি, প্লাস্টিক দূষণের ওপর নজরদারি এবং উপকরণ ও পুনর্ব্যবহার প্রযুক্তিতে উদ্ভাবনকে উৎসাহিত করা।
এসব উদ্যোগ সত্ত্বেও চ্যালেঞ্জ রয়ে গেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশ এখনো খোলা ভাগাড়ের ওপর নির্ভরশীল এবং সেখানে পুনর্ব্যবহারের হার কম, ফলে সমুদ্রে প্লাস্টিক প্রবেশের প্রবাহ ঠেকানো কঠিন হচ্ছে। ২০১৭ সালে চীন অধিকাংশ প্লাস্টিক আমদানি নিষিদ্ধ করার পর দক্ষিণ-পূর্ব এশিয়ায় বৈশ্বিক প্লাস্টিক বর্জ্য বাণিজ্যের রপ্তানি বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বাণিজ্য হওয়া প্লাস্টিক বর্জ্যের পরিমাণ কমলেও, অপর্যাপ্ত অবকাঠামো রয়েছে এমন দেশগুলোতে অব্যবস্থাপিত বর্জ্য সমুদ্রে যাওয়ার ঝুঁকি এখনো বেশি।
দেশীয় সমাধান: জাপানের নীতি ও উদ্ভাবন
জাপানে সরকারি ও বেসরকারি উভয় খাতই প্লাস্টিক বর্জ্য কমানোর কাজ করছে। ২০২২ সাল থেকে কার্যকর প্লাস্টিক রিসোর্স সার্কুলেশন আইন অনুযায়ী, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্লাস্টিক পণ্যের পরিমাণ কমাতে হবে। তবে শাস্তিমূলক ব্যবস্থা শুধু বড় ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য, ফলে ছোট প্রতিষ্ঠানগুলোর ওপর এর প্রভাব সীমিত। কিছু ব্যবসায়ী প্লাস্টিকের বদলে বিকল্প ব্যবহারের ক্ষেত্রে খরচ ও ক্রেতাদের পছন্দকে বাধা হিসেবে উল্লেখ করেছেন।
ভোক্তাদের নিজেদের ব্যাগ আনতে এবং অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার কমাতে উৎসাহিত করার লক্ষ্যে খুচরা বিক্রেতারা প্লাস্টিকের ব্যাগের জন্য দাম নিতে শুরু করেছেন। সরকার আশা করছে, এই ফি মানুষকে মোড়ক ব্যবহারের অভ্যাস নতুন করে ভাবতে এবং প্লাস্টিক বর্জ্য আরও ব্যাপকভাবে কমাতে ভূমিকা রাখতে উৎসাহিত করবে। জাপানে মোট প্লাস্টিক বর্জ্যের মাত্র প্রায় ২ শতাংশ প্লাস্টিকের শপিং ব্যাগ হলেও, ভোক্তাদের আচরণ বদলের অনুঘটক হিসেবে এই নীতিকে দেখা হচ্ছে।
করপোরেট উদ্যোগ ও প্রযুক্তিগত অগ্রগতি
জাপানি কোম্পানিগুলোও উদ্যোগ বাড়াচ্ছে। উদাহরণস্বরূপ, কিরিন হোল্ডিংস লেবেলবিহীন বোতলের প্রসার ঘটাচ্ছে এবং এমন একটি বৃত্তাকার অর্থনীতিকে সমর্থন করছে, যেখানে উপকরণ ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার ও পুনর্ব্যবহার করা হয়। রিকেন সেন্টার ফর এমার্জেন্ট ম্যাটার সায়েন্স ও টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমন এক নতুন প্লাস্টিক তৈরি করেছেন, যা কয়েক ঘণ্টার মধ্যে সমুদ্রের পানিতে গলে যায়। সমুদ্রদূষণের ভবিষ্যৎ সমাধানের আশায় নতুন দিগন্ত খুলে দিয়েছে এটি। এখনো বাণিজ্যিকভাবে বাজারে না এলেও, সামুদ্রিক পরিবেশে প্লাস্টিকের দীর্ঘস্থায়িত্ব কমাতে এ ধরনের উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মানুষ ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব
প্লাস্টিক দূষণের প্রভাব নোংরা সমুদ্রসৈকতের বাইরেও বহুদূর বিস্তৃত। মাছ, সামুদ্রিক পাখি ও কচ্ছপসহ নানা সামুদ্রিক প্রাণী প্রায়ই প্লাস্টিককে খাবার ভেবে ভুল করে। এতে তারা আহত হয়, অনাহারে থাকে এবং মারা যায়। প্লাস্টিকের আবর্জনায় জাল ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং মাছের আহরণ কমে যাওয়ায় মৎস্যজীবী সম্প্রদায়ও ক্ষতিগ্রস্ত হয়। উদাহরণস্বরূপ, ইন্দোনেশিয়ায় দূষিত পানি এড়াতে কিছু জেলে ফিল্টার করা পুকুরে মাছ চাষ শুরু করতে বাধ্য হয়েছেন।
প্লাস্টিক দূষণ জীববৈচিত্র্য ও সুস্থ সমুদ্রের ওপর নির্ভরশীল লাখো মানুষের জীবিকাকেও হুমকির মুখে ফেলছে। বিশ্বজুড়ে প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষের আয়ের সরাসরি উৎস মৎস্য খাত; তাঁদের ৮৫ শতাংশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বসবাস করেন। খাদ্যশৃঙ্খলে প্লাস্টিক জমতে থাকায় মানবস্বাস্থ্যে এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষত মাইক্রোপ্লাস্টিক ও এর সঙ্গে যুক্ত রাসায়নিক দূষিত সামুদ্রিক খাবার খাওয়ার ঝুঁকি রয়েছে।
কী পরিবর্তন দরকার?
বিশেষজ্ঞরা একমত যে কোনো একটি দেশের পক্ষে একা প্লাস্টিক দূষণের সংকট সমাধান করা সম্ভব নয়। সমুদ্রস্রোত সীমান্ত পেরিয়ে প্রবাহিত হওয়ায় এক দেশে উৎপাদিত বর্জ্য সহজেই অন্য দেশের উপকূলে পৌঁছাতে পারে। জ্যামস্টেকের জীববিজ্ঞানী সমুদ্রবিজ্ঞানী রিওতা নাকাজিমা বলেছেন:
সমুদ্রের মাধ্যমে বিশ্ব পরস্পরের সঙ্গে যুক্ত, আর এই সমুদ্রে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য আসা-যাওয়া করছে। সমুদ্রকে দূষণমুক্ত রাখতে দেশ ও অঞ্চলগুলোর একে অপরের সঙ্গে সহযোগিতা করতে হবে। তা না হলে কোনো আশা নেই।
সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা, সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতা, জনশিক্ষা এবং বৈশ্বিক দায়বদ্ধতা অপরিহার্য। সমাধানের মধ্যে রয়েছে:
- বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহারের অবকাঠামো উন্নত করা
- জীবাণুবিয়োজ্য ও বিকল্প উপকরণের ব্যবহার বাড়ানো
- রাসায়নিক পুনর্ব্যবহার প্রযুক্তির অগ্রগতি
- প্লাস্টিকের জন্য বৃত্তাকার অর্থনীতি গড়ে তোলা
- প্লাস্টিক উৎপাদন ও বর্জ্য অপসারণে কঠোরতর বিধিবিধান কার্যকর করা
- শিক্ষা ও প্রণোদনার মাধ্যমে ভোক্তাদের আচরণ পরিবর্তনে উৎসাহিত করা
আন্তর্জাতিক চুক্তি ও আঞ্চলিক কর্মপরিকল্পনার সঙ্গে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা, অর্থায়ন এবং প্রয়োগের ব্যবস্থা থাকতে হবে। টেকসই পরিবর্তনের জন্য বেসরকারি খাত, নাগরিক সমাজ ও স্থানীয় জনগোষ্ঠীকে যুক্ত করা অত্যন্ত জরুরি।
সংক্ষেপে
- সমুদ্রস্রোত ও অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার কারণে জাপান সাগরের উপকূল প্লাস্টিক বর্জ্যে ভরে যাচ্ছে; এর বড় অংশই আসে এশিয়ার অন্য দেশগুলো থেকে।
- জাপান এই সমস্যার শিকারও, আবার এতে অবদানও রাখছে। মাথাপিছু প্লাস্টিক মোড়ক বর্জ্য উৎপাদনে দেশটি বিশ্বে দ্বিতীয় এবং নিজেদের প্লাস্টিক ব্যবহার কমানোর চ্যালেঞ্জের মুখে রয়েছে।
- প্লাস্টিকের স্থায়িত্ব, ব্যাপক ব্যবহার এবং আন্তর্জাতিক সহযোগিতা ও নীতি বাস্তবায়নের ধীরগতির কারণে দূষণ দীর্ঘস্থায়ী হচ্ছে।
- মাইক্রোপ্লাস্টিক সামুদ্রিক প্রাণী ও মানবস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে এবং খাদ্যশৃঙ্খল ও গভীর সমুদ্রে জমা হচ্ছে।
- প্লাস্টিক দূষণ নিয়ে বৈশ্বিক চুক্তির আন্তর্জাতিক আলোচনা থমকে আছে, তবে জাপান ও আসিয়ানের আঞ্চলিক সহযোগিতা অগ্রগতির আশা জোগাচ্ছে।
- জাপান দেশীয় নীতি বাস্তবায়ন, উদ্ভাবনে সহায়তা এবং প্রতিবেশী দেশগুলোকে কারিগরি সহায়তা দিচ্ছে; তবে আরও বিস্তৃত ও কার্যকর করা যায় এমন পদক্ষেপ দরকার।
- বিশেষজ্ঞদের মতে, বিশ্বের সমুদ্রকে হুমকির মুখে ফেলা প্লাস্টিক দূষণের জোয়ার ঠেকাতে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ভোক্তা ও শিল্পের আচরণে পরিবর্তনই একমাত্র পথ।






