খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে কয়েক দশকের চালনীতি বদলাল জাপান
কৃষিনীতি প্রণয়নে ঐতিহাসিক পরিবর্তনের পথে এগোচ্ছে জাপান। কয়েক দশক ধরে চাল উৎপাদনে বিধিনিষেধ আরোপের পর এবার উৎপাদন বাড়াতে উৎসাহ দিচ্ছে দেশটি। চালের আকাশছোঁয়া দাম, সরবরাহের ঘাটতি এবং জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে খাদ্যনিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে এ নাটকীয় পরিবর্তন এসেছে। এই পদক্ষেপ জাপানের কৃষিতে এক নতুন মোড়, যার প্রভাব পড়বে কৃষক, ভোক্তা এবং ভবিষ্যতের সংকট মোকাবিলায় দেশের সক্ষমতার ওপর।
সূচিপত্র
- খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে কয়েক দশকের চালনীতি বদলাল জাপান
- এত দিন জাপান চাল উৎপাদনে বিধিনিষেধ আরোপ করেছিল কেন?
- সংরক্ষণবাদী নীতির প্রভাব
- নীতিতে পরিবর্তনের কারণ কী?
- নতুন নীতির ভেতরের কথা: উৎপাদন ও উদ্ভাবনে উৎসাহ
- উৎপাদন ও দামের মধ্যে ভারসাম্য
- পরিবর্তনশীল বিশ্বে খাদ্যনিরাপত্তা: জলবায়ু, আমদানি ও স্বয়ংসম্পূর্ণতা
- প্রযুক্তি ও করপোরেট কৃষির ভূমিকা
- রাজনৈতিক ও সামাজিক প্রভাব: জাপানের পরিচয়ের কেন্দ্রে চাল
- সামনের চ্যালেঞ্জ: জাপান কি টেকসই খাদ্যনিরাপত্তা অর্জন করতে পারবে?
- আন্তর্জাতিক শিক্ষা ও সম্ভাবনা
- সংক্ষেপে
এত দিন জাপান চাল উৎপাদনে বিধিনিষেধ আরোপ করেছিল কেন?
যুদ্ধ-পরবর্তী সময়ের বড় অংশজুড়ে জাপান সরকার চাল উৎপাদন কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। ১৯৭০-এর দশকে শুরু হওয়া তথাকথিত জেনতান নীতির আওতায় কৃষকদের ধানখেত পতিত রাখতে বা অন্য ফসল চাষে যেতে অর্থ দেওয়া হতো। এর লক্ষ্য ছিল অতিরিক্ত সরবরাহ ঠেকানো এবং চালের দাম স্থিতিশীল রাখা। ক্ষুদ্র পারিবারিক কৃষকদের সুরক্ষা, গ্রামীণ জীবিকা বজায় রাখা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানকে তাড়িয়ে বেড়ানো খাদ্যসংকটের পুনরাবৃত্তি এড়ানোর তাগিদ থেকেই এই নীতির জন্ম।
তবে জনসংখ্যাগত পরিবর্তন ও খাদ্যাভ্যাস বদলে যাওয়ায় চালের ব্যবহার ক্রমাগত কমতে থাকলে নীতিটি নিয়ে বিতর্ক বাড়ে। ২০২৪ সাল নাগাদ ১৯৬১ সালের তুলনায় জাপানের চাল উৎপাদন ৪০ শতাংশ কমে যায়, অথচ বিশ্বজুড়ে চাল উৎপাদন বেড়েছে ব্যাপকভাবে। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে জমির পরিমাণ কমানোর নীতি শেষ হলেও ভর্তুকি ও প্রণোদনা চাল চাষে নিরুৎসাহিত করতে থাকে; ধানখেতের প্রায় ৪০ শতাংশই অব্যবহৃত পড়ে ছিল। এই ব্যবস্থায় কৃষি সমবায় ও ক্ষুদ্র কৃষকেরা লাভবান হলেও ভোক্তা ও করদাতাদের বেশি দামে চাল কিনতে হয়েছে এবং শেষ পর্যন্ত ঘাটতির মুখে পড়তে হয়েছে।
সংরক্ষণবাদী নীতির প্রভাব
বিশ্বের সবচেয়ে বেশি সুরক্ষিত বাজারগুলোর একটি জাপানের চালের বাজার। আমদানি করা চালের ওপর শুল্ক সর্বোচ্চ ৭৭৮ শতাংশ পর্যন্ত। এসব পদক্ষেপ বিদেশি প্রতিযোগিতা থেকে দেশীয় উৎপাদকদের সুরক্ষা দিয়েছে, তবে চাহিদার আকস্মিক পরিবর্তন বা সরবরাহে ধাক্কা সামাল দেওয়ার ক্ষেত্রে খাতটির নমনীয়তাও সীমিত করেছে। আমদানি করা চাল সাধারণত প্রক্রিয়াজাতকরণ বা পশুখাদ্যে ব্যবহৃত হতো, সরাসরি খাওয়ার জন্য নয়। এতে বাজারের মানিয়ে নেওয়ার সক্ষমতা আরও কমেছে।
নীতিতে পরিবর্তনের কারণ কী?
২০২৪ ও ২০২৫ সালে একের পর এক সংকট মিলেই পরিবর্তনের অনুঘটক হয়েছে। রেকর্ড তাপপ্রবাহ ও পানির সংকটে ধানের ক্ষতি হয়, কমে যায় চালের মান ও উৎপাদন। একই সময়ে পর্যটকের ঢল—২০২৪ সালে বিদেশি পর্যটকের সংখ্যা ৩ কোটির বেশি—চালভিত্তিক খাবারের চাহিদা বাড়িয়ে দেয়। ভূমিকম্পের আশঙ্কায় আংশিকভাবে উসকে ওঠা আতঙ্কজনিত কেনাকাটা সরবরাহের ওপর আরও চাপ সৃষ্টি করে। এর ফল চালের দামে বড় ধরনের উল্লম্ফন: ২০২৫ সালের মে মাসে ৫ কেজির এক বস্তা চালের দাম দাঁড়ায় ৪,২৬৮ ইয়েন (প্রায় ৩০ ডলার), যা এক বছর আগের প্রায় দ্বিগুণ। বিশেষ করে কম আয়ের অনেক পরিবারের জন্য এটি বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়।
এই সংকট জাপানের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার ভঙ্গুরতা প্রকাশ করেছে। ২০২৩ সালে ক্যালরির হিসাবে দেশটির খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার হার ছিল মাত্র ৩৮ শতাংশ। চালের ক্ষেত্রে জাপান প্রায় ১০০ শতাংশ স্বয়ংসম্পূর্ণ হলেও দেশীয় উৎপাদনের ওপর নির্ভরতা এবং অনমনীয় নীতির কারণে জলবায়ুর ধাক্কা ও চাহিদা বৃদ্ধির মুখে দেশটি ঝুঁকিতে পড়ে। জরুরি চালের মজুত ছাড়তে সরকারের ধীরগতি এবং আমদানি বাড়াতে অনীহা পরিস্থিতি আরও খারাপ করে।
সুপারমার্কেটের তাক খালি হতে থাকায় এবং রেস্তোরাঁয় দাম বাড়ানো বা খাবারের পরিমাণ কমানোয় জনঅসন্তোষ বাড়ে। চাল নিয়ে সংবেদনশীলতাহীন মন্তব্যের পর কৃষিমন্ত্রীর পদত্যাগ রাজনৈতিক ঝুঁকির বিষয়টি স্পষ্ট করে। এক বিশেষজ্ঞের কথায়,
জাপানের সংস্কৃতি ও রান্নায় চালের কেন্দ্রীয় গুরুত্ব রয়েছে; ঐতিহাসিকভাবে চালকে ঘিরেই রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।সরকারের ওপর পদক্ষেপ নেওয়ার চাপ বাড়তে থাকে।
নতুন নীতির ভেতরের কথা: উৎপাদন ও উদ্ভাবনে উৎসাহ
২০২৫ সালের আগস্টে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ব্যাপক নীতিগত পরিবর্তনের ঘোষণা দেন: জাপান আর চাল চাষে নিরুৎসাহিত করবে না। বরং উৎপাদন বাড়ানো, পরিত্যক্ত কৃষিজমি কাজে লাগানো এবং দেশের ভেতরে ও রপ্তানির জন্য বিক্রির পথ সম্প্রসারণে কৃষকদের সহায়তা করবে সরকার। কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় (এমএএফএফ) চাহিদা কম করে দেখার ভুল স্বীকার করে পূর্বাভাস ও সরবরাহ ব্যবস্থাপনা উন্নত করার অঙ্গীকার করেছে।
নতুন পদ্ধতিতে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ:
- পরিত্যক্ত কৃষিজমির ব্যবহার: উৎপাদন বাড়াতে ও আরও জমি পরিত্যক্ত হওয়া ঠেকাতে অব্যবহৃত ধানখেত কাজে লাগানোর উদ্যোগ নেবে সরকার।
- কৃষকদের সহায়তা: উৎপাদনশীলতা বাড়াতে আগ্রহী কৃষকদের সহায়তা দেওয়া হবে। এর মধ্যে ছোট ছোট জমি একত্র করে বড় ও অধিক দক্ষ খামার গড়ার সহায়তাও থাকবে।
- স্মার্ট কৃষি: উৎপাদন বাড়ানো ও শ্রমের চাহিদা কমাতে ড্রোন এবং নির্ভুল কৃষিপদ্ধতির মতো উন্নত প্রযুক্তিতে বিনিয়োগে উৎসাহ দেওয়া হবে।
- রপ্তানি সম্প্রসারণ: দেশের ভেতরে চালের ব্যবহার কমায় সরকার চাল রপ্তানি বাড়াতে চায়। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টান্ত অনুসরণ করা হবে, যারা আন্তর্জাতিক বাজারে বিক্রির মাধ্যমে উদ্বৃত্ত সামাল দেয়।
- ক্ষতিপূরণব্যবস্থা পর্যালোচনা: বাজারদর বিকৃত না করে কৃষকদের আয় স্থিতিশীল রাখতে সরকার মূল্য সহায়তার বদলে সরাসরি অর্থ দেওয়ার কথা বিবেচনা করছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের চর্চার সঙ্গে সামঞ্জস্য রাখা হবে।
উৎপাদন ও দামের মধ্যে ভারসাম্য
উৎপাদন বাড়লে ভোক্তাদের জন্য চালের দাম কমতে পারে। তবে দাম অতিরিক্ত কমে গেলে কৃষকদের জীবিকা হুমকিতে পড়তে পারে, এমন উদ্বেগও রয়েছে। কৃষকদের চাল উৎপাদনে উৎসাহিত রাখা এবং একই সঙ্গে তাঁদের ব্যবসা থেকে ছিটকে দিতে পারে এমন অসহনীয় দরপতন এড়ানোর মধ্যে ভারসাম্য রাখতে হবে—সরকার এ প্রয়োজন সম্পর্কে সচেতন।
পরিবর্তনশীল বিশ্বে খাদ্যনিরাপত্তা: জলবায়ু, আমদানি ও স্বয়ংসম্পূর্ণতা
জাপানের চালসংকট জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক বাজারের অস্থিরতার যুগে খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জগুলো স্পষ্ট করে দিয়েছে। ২০২৩ ও ২০২৪ সালের তাপপ্রবাহের মতো চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটবে বলে ধারণা করা হচ্ছে, যা ফসলের উৎপাদনে নিয়মিত ঝুঁকি তৈরি করবে। একই সময়ে গম ও সয়াবিনের মতো অন্যান্য প্রধান খাদ্যপণ্যের জন্য জাপানের আমদানিনির্ভরতা (যথাক্রমে ৮০ ও ৯০ শতাংশ) দেশটিকে আন্তর্জাতিক সংকটের মুখে ঝুঁকিতে ফেলে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ও এর নজির দেখা গেছে।
বিশেষজ্ঞদের মতে, চালের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতার ওপর জাপানের জোর সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও এর সঙ্গে অভিযোজনক্ষমতা ও সহনশীলতার ভারসাম্য রাখতে হবে। এর মধ্যে রয়েছে আমদানির উৎসে বৈচিত্র্য আনা, জলবায়ুসহিষ্ণু ফসলের জাত উদ্ভাবনে বিনিয়োগ এবং কৃষিপদ্ধতির আধুনিকায়ন। নতুন নীতিতে প্রতিফলিত হয়েছে যে, পরিবর্তনশীল হুমকির মুখে অনমনীয় সংরক্ষণবাদ আর টেকসই নয়—সরকার তা স্বীকার করেছে।
প্রযুক্তি ও করপোরেট কৃষির ভূমিকা
জাপানের কৃষি খাতে ক্ষুদ্র পারিবারিক খামারের আধিপত্য, যার অনেকগুলোই বয়স্ক জনসংখ্যা ও সীমিত সম্পদের কারণে সংকটে রয়েছে। তবে বড় করপোরেট খামারের সংখ্যা বাড়ছে। উন্নত প্রযুক্তি গ্রহণ ও উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে এগুলো তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। গোটা শিল্পকে শক্তিশালী করতে উত্তম চর্চা ও ব্যবস্থাপনাগত দক্ষতার প্রসারের পাশাপাশি প্রচলিত ও আধুনিক—উভয় ধরনের কৃষি উদ্যোগকে সহায়তা করাই সরকারের সংস্কার পরিকল্পনার লক্ষ্য।
রাজনৈতিক ও সামাজিক প্রভাব: জাপানের পরিচয়ের কেন্দ্রে চাল
জাপানে চাল শুধু প্রধান খাদ্য নয়—জাতীয় পরিচয়, সংস্কৃতি ও রাজনীতির সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে। যুদ্ধ-পরবর্তী সময়ের বেশির ভাগজুড়ে জাপান শাসন করা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) দীর্ঘদিন ধরে গ্রামীণ জনপদ ও ক্ষুদ্র কৃষকদের সমর্থনের ওপর নির্ভর করেছে। ভোক্তাদের স্বার্থের চেয়ে উৎপাদকদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া নীতিগুলো এই জোটের ভিত্তি ছিল।
তবে সাম্প্রতিক সংকটে জনমত বদলেছে। অনেকের কাছেই পুরোনো নীতিগুলো এখন সেকেলে এবং ঘাটতি ও উচ্চ দামের জন্য দায়ী বলে মনে হচ্ছে। সরকারের ধীর প্রতিক্রিয়া এবং বাড়তি চাহিদার পূর্বাভাস দিতে ব্যর্থতা—বিশেষ করে পর্যটনের কারণে—সমালোচনার মুখে পড়েছে। একটি সম্পাদকীয়তে বলা হয়েছে,
দাম কমে যাওয়া ঠেকাতে গিয়ে মন্ত্রণালয় হয়তো উৎপাদকদের প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল হয়েছে। ভোক্তাদের দৃষ্টিভঙ্গি বিবেচনায় না নেওয়া এবং পদক্ষেপ নিতে দেরি করার ব্যর্থতা নিয়ে তাদের ভাবতে হবে।
নির্বাচন সামনে এবং জনপ্রিয়তার হার ঝুঁকিতে থাকায় সংস্কারের পথে সরকারের সিদ্ধান্ত যেমন রাজনৈতিক হিসাব-নিকাশ, তেমনি অর্থনৈতিক প্রয়োজন। ১৯১৮ সালের চালের দাঙ্গা থেকে বর্তমান সময় পর্যন্ত জাপানে চাল ঘিরে রাজনৈতিক অস্থিরতার ইতিহাসই এর গুরুত্ব তুলে ধরে।
সামনের চ্যালেঞ্জ: জাপান কি টেকসই খাদ্যনিরাপত্তা অর্জন করতে পারবে?
নীতির পরিবর্তনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে ব্যাপকভাবে দেখা হলেও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। জাপানের কৃষিজনসংখ্যা বয়স্ক হয়ে পড়ছে এবং কমছে; এখন জনসংখ্যার মাত্র ১ শতাংশের সামান্য বেশি কৃষিকাজে যুক্ত। মোট কৃষিজমির পরিমাণ কমছে, আর নতুন প্রযুক্তিতে বিনিয়োগ বা খামারের পরিসর বাড়ানোর মতো সম্পদ অনেক ক্ষুদ্র কৃষকের নেই। সার ও জ্বালানিসহ উৎপাদন উপকরণের খরচ দ্রুত বেড়েছে, ফলে মুনাফার পরিমাণ কমছে।
এ ছাড়া স্বাদের জন্য সমাদৃত, তবে তাপ ও পোকামাকড়ের বিরুদ্ধে কম সহনশীল ঐতিহ্যবাহী চালের জাতের প্রতি জাপানের প্রবল পছন্দ জলবায়ু-উপযোগী জাত গ্রহণের গতি কমিয়েছে। ভোক্তাদের পছন্দের সঙ্গে সহনশীল কৃষির প্রয়োজনের ভারসাম্য রক্ষা নীতিনির্ধারকদের জন্য বড় পরীক্ষা হবে।
উৎপাদন দ্রুত বাড়লে সম্ভাব্য উদ্বৃত্ত কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। অন্য কৃষি খাতকে ভোগানো উৎপাদন বৃদ্ধি ও পতনের চক্র এড়াতে রপ্তানি বাড়ানো, মজুত এবং বাজার স্থিতিশীল রাখার কৌশল তৈরি করতে হবে সরকারকে।
আন্তর্জাতিক শিক্ষা ও সম্ভাবনা
একই ধরনের চ্যালেঞ্জের মুখে থাকা অন্য দেশগুলোর জন্য জাপানের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। উৎপাদকদের সুরক্ষা এবং সাশ্রয়ী ও নির্ভরযোগ্য খাদ্য সরবরাহ নিশ্চিত করার মধ্যে টানাপোড়েন শুধু জাপানের সমস্যা নয়। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক বাজারে বিঘ্ন আরও সাধারণ হয়ে উঠলে অভিযোজনক্ষম ও সহনশীল কৃষিনীতি অপরিহার্য হবে।
কানাডার মতো বড় কৃষিপণ্য রপ্তানিকারক দেশের জন্য জাপানের নীতিগত পরিবর্তন প্রযুক্তি, জলবায়ু অভিযোজন ও বাণিজ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারে। জাপানের গম ও সয়াবিন আমদানির উল্লেখযোগ্য অংশ ইতিমধ্যে কানাডা থেকে আসে। আরও ঘনিষ্ঠ সহযোগিতায় দুই দেশই আরও টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তুলতে পারে।
সংক্ষেপে
- চাল উৎপাদন সীমিত রাখার দীর্ঘদিনের নীতি বদলে ঘাটতি ও উচ্চ দামের মধ্যে কৃষকদের উৎপাদন বাড়াতে উৎসাহ দিচ্ছে জাপান।
- জলবায়ু পরিবর্তন, পর্যটকের সংখ্যা বৃদ্ধি এবং অনমনীয় সংরক্ষণবাদী ব্যবস্থার কারণে এই নীতিগত পরিবর্তন এসেছে; এসব কারণে বাজার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেনি।
- নতুন পদক্ষেপের মধ্যে রয়েছে পরিত্যক্ত কৃষিজমি কাজে লাগানো, কৃষকদের সহায়তা, স্মার্ট কৃষিতে বিনিয়োগ এবং রপ্তানি বাড়ানো।
- ভোক্তা ও কৃষক—উভয়ের স্বার্থ রক্ষায় উৎপাদন বৃদ্ধি এবং স্থিতিশীল দামের মধ্যে ভারসাম্য রাখতে চায় সরকার।
- জলবায়ু ও বাজারের অনিশ্চয়তার মুখে অভিযোজনক্ষম ও সহনশীল খাদ্যনীতি প্রয়োজন—জাপানের অভিজ্ঞতা তা তুলে ধরে।
- সংস্কারের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে; জাপানের পরিচয় ও খাদ্যনিরাপত্তার কেন্দ্রে রয়ে গেছে চাল।






