চীনের এজি৬০০ কুনলং: উভচর বিমান চলাচলে নতুন যুগ
১৫ বছরেরও বেশি সময় ধরে উন্নয়নের পর চীন আনুষ্ঠানিকভাবে এজি৬০০ ‘কুনলং’ উভচর উড়োজাহাজের গণ উৎপাদন শুরু করেছে, যা দেশটির বিমানশিল্পে এক ঐতিহাসিক মাইলফলক। বোয়িং ৭৩৭-এর চেয়েও বড় এবং পানিতে অবতরণে সক্ষম এজি৬০০ এখন উড্ডয়ন ওজনের হিসাবে বিশ্বের বৃহত্তম সচল উভচর উড়োজাহাজ। এর গণ উৎপাদন শুরু হওয়া শুধু চীনের ক্রমবর্ধমান প্রযুক্তিগত সক্ষমতারই প্রমাণ নয়, বরং চীনসহ সম্ভাব্যভাবে বিদেশেও জরুরি সাড়া, দুর্যোগ মোকাবিলা ও সামুদ্রিক কার্যক্রমের নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয়।
সূচিপত্র
- চীনের এজি৬০০ কুনলং: উভচর বিমান চলাচলে নতুন যুগ
- এজি৬০০ কুনলং কেন অনন্য?
- এক নজরে কারিগরি বৈশিষ্ট্য
- নকশা থেকে বাস্তব: এজি৬০০-এর উন্নয়নযাত্রা
- বহুমুখী মিশন: অগ্নিনির্বাপণ, উদ্ধার ও আরও নানা কাজ
- আকাশপথে অগ্নিনির্বাপণ: বদলে দিতে পারে পরিস্থিতি
- অনুসন্ধান ও উদ্ধার: যেখানে পৌঁছানো কঠিন, সেখানেও
- দুর্যোগ মোকাবিলা ও রসদ পরিবহন
- কৌশলগত ও ভূরাজনৈতিক তাৎপর্য
- প্রকৌশলগত চ্যালেঞ্জ ও উদ্ভাবন
- অন্যান্য উভচর উড়োজাহাজের সঙ্গে তুলনা
- এজি৬০০ ও চীনের বিমানশিল্পের পরবর্তী পদক্ষেপ কী?
- সংক্ষেপে
ধারণা থেকে উৎপাদন পর্যন্ত এজি৬০০-এর যাত্রা উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন ও কৌশলগত দূরদর্শিতার গল্প। চায়না এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন (এভিআইসি) তৈরি করেছে উড়োজাহাজটি। জরুরি উদ্ধার, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং সামুদ্রিক কার্যক্রমে দেশের জরুরি প্রয়োজন মেটানোর লক্ষ্যেই এটি নকশা করা হয়েছে। স্বতন্ত্র সক্ষমতার কারণে এজি৬০০ স্থল ও সমুদ্রে সংকটে সাড়া দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনতে পারে।
এজি৬০০ কুনলং কেন অনন্য?
এজি৬০০ আকাশ ও সমুদ্রের এক বিশাল উড়োজাহাজ। এর দৈর্ঘ্য ৩৮.৯ মিটার, উচ্চতা ১১.৭ মিটার এবং ডানার বিস্তার ৩৮.৮ মিটার; আকারে এটি অনেক বাণিজ্যিক যাত্রীবাহী উড়োজাহাজের সমান বা সেগুলোর চেয়েও বড়। এর সর্বোচ্চ উড্ডয়ন ওজন ৬০ টন, যা এটিকে বর্তমানে পরিষেবায় থাকা বিশ্বের বৃহত্তম বেসামরিক উভচর উড়োজাহাজে পরিণত করেছে। এর নকশায় রয়েছে মসৃণ ওপরের ফিউজলাজ এবং নৌকার মতো নিচের হাল, যা প্রচলিত রানওয়ের পাশাপাশি সমুদ্র, হ্রদ ও নদীর মতো জলপথ থেকেও চলাচলের সুযোগ দেয়।
দেশে তৈরি চারটি ডব্লিউজে-৬ টার্বোপ্রপ ইঞ্জিনে চালিত এজি৬০০ ঘণ্টায় সর্বোচ্চ ৫০০ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং এর সর্বোচ্চ পাল্লা ৪,৫০০ কিলোমিটার। এর কার্যকরী উচ্চতার সীমা ৭,৬০০ মিটার, আর এটি টানা ১২ ঘণ্টা আকাশে থাকতে পারে। ফলে বিস্তীর্ণ ও দুর্গম এলাকায় দীর্ঘপাল্লার মিশন চালানো সম্ভব হয়। উভচর সক্ষমতা আরও বাড়াতে প্রতিটি ডানায় ফ্লোট রয়েছে, যা পানিতে চলাচলের সময় স্থিতিশীলতা দেয় এবং উত্তাল পরিস্থিতিতে উল্টে যাওয়া ঠেকায়।
এজি৬০০-এর অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এটি সর্বোচ্চ দুই মিটার উঁচু ঢেউয়ের পানিতে (সমুদ্রের অবস্থা ৩) উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এ জন্য উন্নত প্রকৌশল এবং মজবুত কাঠামো প্রয়োজন। এ সক্ষমতায় উড়োজাহাজটি প্রত্যন্ত দ্বীপ, প্রবালপ্রাচীর ও দুর্যোগকবলিত এলাকায় পৌঁছাতে পারে, যেখানে প্রচলিত রানওয়ে নেই বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক নজরে কারিগরি বৈশিষ্ট্য
- দৈর্ঘ্য: ৩৮.৯ মিটার
- ডানার বিস্তার: ৩৮.৮ মিটার
- উচ্চতা: ১১.৭ মিটার
- সর্বোচ্চ উড্ডয়ন ওজন: ৬০ টন
- সর্বোচ্চ পাল্লা: ৪,৫০০ কিলোমিটার
- পরিভ্রমণ গতি: ঘণ্টায় ২২০–৫০০ কিলোমিটার
- সার্ভিস সিলিং: ৭,৬০০ মিটার
- আকাশে থাকার সক্ষমতা: ১২ ঘণ্টা
নকশা থেকে বাস্তব: এজি৬০০-এর উন্নয়নযাত্রা
বেসামরিক ও কৌশলগত—উভয় প্রয়োজনে নিজস্ব বৃহৎ উড়োজাহাজ তৈরির চীনা উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে এজি৬০০ প্রকল্প শুরু হয়। উন্নয়ন প্রক্রিয়ায় ২২টি প্রদেশ ও শহরের ২৯২টি প্রতিষ্ঠান ও সংস্থা, ১৬টি বিশ্ববিদ্যালয় এবং শত শত সহযোগী ইউনিট যুক্ত ছিল। জটিল মহাকাশ প্রকল্পে সমন্বিত নকশা, উৎপাদন ও সরবরাহব্যবস্থাপনায় চীনের ক্রমবর্ধমান সক্ষমতার পরিচয় হিসেবে হাজার হাজার যন্ত্রাংশের নকশা, পরীক্ষা ও সংযোজন করা হয়।
এজি৬০০-এর উন্নয়নের গুরুত্বপূর্ণ মাইলফলকগুলো হলো:
- ২০১৭: স্থল থেকে প্রথম উড্ডয়ন
- ২০১৮: জলাধার থেকে প্রথম উড্ডয়ন (পানিতে পরিচালনা)
- ২০২০: উন্মুক্ত সমুদ্রে প্রথম উড্ডয়ন
- ২০২৩: অগ্নিনির্বাপণ সক্ষমতার সফল প্রদর্শনী
- ২০২৫: টাইপ ও উৎপাদন সনদ অর্জন, গণ উৎপাদন শুরু
চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসনের (সিএএসি) সনদ পাওয়ার প্রক্রিয়াটি ছিল কঠোর; এতে নিশ্চিত করা হয় যে এজি৬০০ কঠোর উড্ডয়নযোগ্যতা ও নিরাপত্তার মান পূরণ করে। ২০২৫ সালের জুনে দেওয়া উৎপাদন সনদ নিশ্চিত করে, এভিআইসির উৎপাদনব্যবস্থা ধারাবাহিকভাবে এসব মান মেনে চলে। এর ফলে বাণিজ্যিক সরবরাহ ও কার্যক্রমে মোতায়েনের পথ খুলেছে।
বহুমুখী মিশন: অগ্নিনির্বাপণ, উদ্ধার ও আরও নানা কাজ
এজি৬০০-কে একাধিক কাজে ব্যবহারের উপযোগী প্ল্যাটফর্ম হিসেবে নকশা করা হয়েছে, যা বিস্তৃত পরিসরের মিশনে খাপ খাইয়ে নিতে পারে। এর প্রধান কাজের মধ্যে রয়েছে আকাশপথে অগ্নিনির্বাপণ, সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার (এসএআর), দুর্যোগ মোকাবিলা এবং রসদ সহায়তা। এর মডিউলার নকশার কারণে ভবিষ্যতে সামুদ্রিক নজরদারি, পরিবেশ পর্যবেক্ষণ, এমনকি সামরিক ব্যবহারের মতো নির্দিষ্ট কাজের জন্য পৃথক সংস্করণ তৈরি করা সম্ভব।
আকাশপথে অগ্নিনির্বাপণ: বদলে দিতে পারে পরিস্থিতি
বিশ্বজুড়ে বনাঞ্চলের আগুন ক্রমেই বড় হুমকি হয়ে উঠছে, আর তা মোকাবিলায় এজি৬০০-এর বিশেষ সক্ষমতা রয়েছে। পানির ওপর দিয়ে যাওয়ার সময় মাত্র ২০ সেকেন্ডে এটি ১২ টন পর্যন্ত পানি সংগ্রহ করতে পারে। এরপর মাত্র চার সেকেন্ডে আগুনের এলাকায় পুরো পানি ঢেলে দিতে পারে, যা ৩,০০০ থেকে ৪,০০০ বর্গমিটার এলাকা জুড়ে পড়ে—একবারের অভিযানে ৩০০ জন অগ্নিনির্বাপণকর্মীর সমান সক্ষমতা। এই দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা চীনের বনাঞ্চলের আগুন নেভানোর উদ্ধার কার্যক্রমের দক্ষতা ও কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে আশা করা হচ্ছে।
এজি৬০০ সিরিজের প্রধান নকশাবিদ হুয়াং লিংছাই প্রকল্পটিকে “সমাধান করা কঠিন এক সমস্যা” বলে বর্ণনা করেছেন। আকাশ ও পানিতে নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় জটিল প্রকৌশলের বিষয়টি তিনি এভাবে তুলে ধরেন।
অনুসন্ধান ও উদ্ধার: যেখানে পৌঁছানো কঠিন, সেখানেও
সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে এজি৬০০ একবারে সর্বোচ্চ ৫০ জনকে বহন করতে পারে। জাহাজডুবি, বন্যা বা প্রত্যন্ত দ্বীপ থেকে বেঁচে যাওয়া মানুষদের সরিয়ে নিতে এটি অত্যন্ত কার্যকর। পানিতে অবতরণের সক্ষমতা থাকায় প্রচলিত উড়োজাহাজ যেখানে পৌঁছাতে পারে না, সেখানেও এটি যেতে পারে এবং প্রয়োজনীয় মানুষের কাছে সরাসরি ত্রাণসামগ্রী, চিকিৎসক দল ও জরুরি সরঞ্জাম পৌঁছে দিতে পারে।
দুর্যোগ মোকাবিলা ও রসদ পরিবহন
এজি৬০০-এর বড় কার্গো কক্ষ ও দীর্ঘপাল্লার সক্ষমতা প্রাকৃতিক দুর্যোগে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকায় ত্রাণসামগ্রী, সরঞ্জাম ও কর্মী পরিবহনের উপযোগী। এর উভচর সক্ষমতায় রানওয়ে ক্ষতিগ্রস্ত বা একেবারেই না থাকলেও সহায়তা পৌঁছানো যায়, যা জরুরি পরিস্থিতিতে চীনের দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা বাড়ায়।
কৌশলগত ও ভূরাজনৈতিক তাৎপর্য
এজি৬০০ আনুষ্ঠানিকভাবে বেসামরিক উড়োজাহাজ হলেও এর সক্ষমতার স্পষ্ট কৌশলগত ও সামরিক তাৎপর্য রয়েছে, বিশেষ করে চীনের সামুদ্রিক উচ্চাকাঙ্ক্ষার প্রেক্ষাপটে। দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর এবং অন্যান্য বিরোধপূর্ণ এলাকায় চলাচলের সক্ষমতা প্রচলিত রানওয়ের ওপর নির্ভর না করেই রসদ সরবরাহ, চিকিৎসার জন্য আহতদের সরিয়ে নেওয়া, দ্রুত কর্মী মোতায়েন এবং সামুদ্রিক টহলে চীনকে শক্তিশালী একটি মাধ্যম দেয়।
বিতর্কিত ‘নাইন-ড্যাশ লাইন’ দিয়ে মানচিত্রে দেখানো দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ এলাকার ওপর চীনের দাবি ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেই, তাইওয়ান ও জাপানসহ কয়েকটি আঞ্চলিক পক্ষের বিরোধিতার মুখে রয়েছে। চীনের সামুদ্রিক সম্প্রসারণ ঠেকাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং নৌ চলাচলের স্বাধীনতা অভিযান চালাচ্ছে। এ প্রেক্ষাপটে এজি৬০০-কে কার্যক্রমে মোতায়েন করলে বিরোধপূর্ণ দ্বীপাঞ্চলে চীনের রসদ সরবরাহের পরিসর ও কৌশলগত গতিশীলতা বাড়তে পারে।
এভিআইসির এক বিশেষজ্ঞ জোর দিয়ে বলেন, “এজি৬০০ উড়োজাহাজের সফল উন্নয়ন চীনে বৃহৎ উভচর উড়োজাহাজের একটি মূল প্রযুক্তিব্যবস্থা গড়ে তুলেছে। বিশেষ কাজে ব্যবহারের বৃহৎ উড়োজাহাজ নির্মাণে দেশের বেসামরিক বিমান চলাচলশিল্পের উন্নয়নে এটি ঐতিহাসিক অগ্রগতি।”
এজি৬০০-এর মডিউলার নকশা সামুদ্রিক নজরদারি, সাবমেরিনবিরোধী যুদ্ধ বা একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের আইন প্রয়োগে ভবিষ্যতে ব্যবহারের সম্ভাবনা তৈরি করেছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে দ্বৈত ব্যবহারের এসব সক্ষমতার গুরুত্ব আরও বেড়েছে।
প্রকৌশলগত চ্যালেঞ্জ ও উদ্ভাবন
স্থল ও পানিতে দক্ষতার সঙ্গে চলতে পারে—এমন উড়োজাহাজ নকশা করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। পানিতে অবতরণের সময় এজি৬০০-এর হালকে প্রচণ্ড চাপ সহ্য করতে হয়, অন্যদিকে এর বায়ুগতীয় আকৃতি এমন হতে হয়, যাতে টান কমে এবং উড্ডয়নে স্থিতিশীলতা বজায় থাকে। বিশেষ করে উত্তাল সমুদ্রে পানিতে চলাচলের সময় উড়োজাহাজ উল্টে যাওয়া ঠেকাতে প্রতিটি ডানার ফ্লোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দ্রুত বিপুল পরিমাণ পানি সংগ্রহ এবং লক্ষ্য এলাকায় নির্ভুলভাবে তা ছাড়ার সক্ষমতার জন্য উন্নত পানি সংগ্রহ ও নির্গমনব্যবস্থা তৈরি করতে হয়েছে। পাহাড়ি অঞ্চল থেকে উন্মুক্ত সমুদ্র পর্যন্ত বিভিন্ন পরিবেশে নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক পরীক্ষা চালানো হয়।
এজি৬০০-এর উন্নয়ন ভবিষ্যতের চীনা মহাকাশ প্রকল্পগুলোর জন্য কারিগরি মানদণ্ড ও ব্যবস্থাপনাগত অভিজ্ঞতাও তৈরি করেছে। দেশটির বিমান খাতে সমন্বিত উদ্ভাবন ও বৃহৎ পরিসরে উৎপাদনের ক্ষেত্রে এটি নজির স্থাপন করেছে।
অন্যান্য উভচর উড়োজাহাজের সঙ্গে তুলনা
বিশ্বের উভচর উড়োজাহাজগুলোর মধ্যে এজি৬০০ আলাদা করে নজর কাড়ে। রাশিয়ার বেরিয়েভ বি-২০০ এবং জাপানের শিনমেইওয়া ইউএস-২ এ ক্ষেত্রে সুপরিচিত হলেও আকার ও বহনক্ষমতায় এজি৬০০ তাদের ছাড়িয়ে গেছে। এর সর্বোচ্চ উড্ডয়ন ওজন ৬০ টন, যা বি-২০০-এর ৪৩.৭ টন এবং ইউএস-২-এর ৪৭.৭ টনের চেয়ে অনেক বেশি। অগ্নিনির্বাপণের জন্য এজি৬০০-এর ১২ টন পানি বহনের সক্ষমতা বর্তমানে শিল্পে মানদণ্ড হিসেবে বিবেচিত কানাডায়ার সিএল-৪১৫-এর দ্বিগুণ।
এর পূর্বসূরি হারবিন এসএইচ-৫-এর মাত্র সাতটি তৈরি হয়েছিল। এর বিপরীতে এজি৬০০-কে গণ উৎপাদন ও আন্তর্জাতিক বাজারের জন্য নকশা করা হয়েছে। বন্যা ও সামুদ্রিক দুর্যোগপ্রবণ দেশগুলোতে বিশেষ করে বিদেশে উড়োজাহাজটি বিক্রির প্রতিযোগিতায় নামবে বলে আশা করছে এভিআইসি।
এজি৬০০ ও চীনের বিমানশিল্পের পরবর্তী পদক্ষেপ কী?
গণ উৎপাদন শুরু হওয়ায় এভিআইসি ২০২৫ সালের শেষ নাগাদ এজি৬০০-এর প্রথম ইউনিট সরবরাহের পরিকল্পনা করেছে। কুনলংকে কেন্দ্র করে দ্রুত সাড়া দেওয়ার একটি নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে কোম্পানিটি বিভিন্ন মিশনের জন্য বিশেষায়িত সংস্করণও তৈরি করছে। জরুরি উদ্ধার, দুর্যোগ প্রতিরোধ ও সামুদ্রিক কার্যক্রমে এজি৬০০-এর সক্ষমতা বাড়ানো এবং রপ্তানির সুযোগ খোঁজার দিকেই ভবিষ্যতে মনোযোগ দেওয়া হবে।
এজি৬০০ প্রকল্প থেকে পাওয়া জ্ঞান ও অভিজ্ঞতা বৃহৎ বিশেষায়িত উড়োজাহাজসহ চীনের ভবিষ্যৎ মহাকাশ উদ্যোগগুলোতে কাজে লাগবে বলে আশা করা হচ্ছে। শি’আন ওয়াই-২০ সামরিক পরিবহন উড়োজাহাজ এবং কম্যাক সি৯১৯ যাত্রীবাহী উড়োজাহাজের পাশাপাশি চীনের বড় বিমান চলাচল-সাফল্যের তালিকায় যুক্ত হলো এজি৬০০।
সংক্ষেপে
- এজি৬০০ কুনলং বিশ্বের বৃহত্তম সচল উভচর উড়োজাহাজ; চীনে এর গণ উৎপাদন শুরু হয়েছে।
- অগ্নিনির্বাপণ, অনুসন্ধান ও উদ্ধার, দুর্যোগ মোকাবিলা এবং রসদ পরিবহনসহ একাধিক কাজের জন্য এটি নকশা করা হয়েছে।
- উড়োজাহাজটি ২০ সেকেন্ডে ১২ টন পানি সংগ্রহ করতে পারে এবং প্রতি অভিযানে সর্বোচ্চ ৫০ জনকে সরিয়ে নিতে পারে।
- এর উভচর নকশার কারণে স্থল ও পানি—উভয় জায়গা থেকেই, এমনকি উত্তাল সমুদ্রেও, এটি চলাচল করতে পারে।
- এজি৬০০-এর উন্নয়ন চীনের বিমানশিল্পে বড় ধরনের প্রযুক্তিগত ও কৌশলগত মাইলফলক।
- আনুষ্ঠানিকভাবে বেসামরিক উড়োজাহাজ হলেও এর সক্ষমতার উল্লেখযোগ্য সামরিক ও ভূরাজনৈতিক তাৎপর্য রয়েছে, বিশেষ করে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।
- গণ উৎপাদনের ফলে চীনের জরুরি সাড়া দেওয়ার নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে।






