ভূমিকা: দক্ষিণ কোরিয়ায় হারিয়ে যেতে থাকা শৈশব
দক্ষিণ কোরিয়ায় শৈশব ক্রমেই খেলা ও নতুন কিছু খুঁজে দেখার বদলে নিরলস পড়াশোনার মধ্য দিয়ে সংজ্ঞায়িত হচ্ছে। দারিদ্র্য থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতিতে দেশটির বিস্ময়কর উত্থানের কৃতিত্ব প্রায়ই দেওয়া হয় এর শিক্ষাব্যবস্থাকে, যা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মূল্যায়নে শীর্ষস্থানীয় ফল এনে দেয়। কিন্তু এসব সাফল্যের আড়ালে রয়েছে উদ্বেগজনক বাস্তবতা: উন্নত বিশ্বের সবচেয়ে অসুখী শিশুদের মধ্যে রয়েছে দক্ষিণ কোরীয় শিশুরা; পড়াশোনায় সাফল্যের বেদিতে বলি হচ্ছে তাদের খেলাধুলার সময় ও মানসিক সুস্থতা।
সূচিপত্র
- ভূমিকা: দক্ষিণ কোরিয়ায় হারিয়ে যেতে থাকা শৈশব
- পড়াশোনার চাপ কীভাবে দৈনন্দিন জীবন গড়ে দেয়
- হাগওন: পড়াশোনার প্রতিযোগিতার চালিকাশক্তি
- চাপের উৎস: সংস্কৃতি, নীতি ও অভিভাবকদের উদ্বেগ
- অভিভাবকদের প্রত্যাশা ও বেসরকারি শিক্ষার বোঝা
- খেলাধুলার অবনতি: সময় ও মান, দুই-ই কমছে
- খেলাধুলা কেন জরুরি: শিশুর বিকাশের বিজ্ঞান
- মানসিক স্বাস্থ্য সংকট: ওইসিডিতে সবচেয়ে অসুখী শিশুরা
- পড়াশোনায় অসহায়ত্ব ও শারীরিক কর্মকাণ্ডের ভূমিকা
- শিক্ষকদের ওপর আক্রমণ: অভিভাবকদের চাপের পার্শ্বক্ষতি
- সমাজের ওপর প্রভাব: বৈষম্য, পারিবারিক চাপ ও জনমিতিক চ্যালেঞ্জ
- সংস্কারের উদ্যোগ: ব্যবস্থার পরিবর্তন কি সম্ভব?
- বৈশ্বিক প্রেক্ষাপট: খেলাধুলা কমে যাচ্ছে সর্বত্র
- সংক্ষেপে
পড়াশোনার চাপ কীভাবে দৈনন্দিন জীবন গড়ে দেয়
দক্ষিণ কোরিয়ার অনেক শিশুর দিন শুরু হয় পড়াশোনা দিয়ে, শেষও হয় তা দিয়েই। ১১ বছর বয়সী কিম মিন-জের কথাই ধরা যাক। তার প্রতিদিনের রুটিনে আছে সকালে ইংরেজি পড়া, স্কুলের পর পিয়ানো ও তায়কোয়ান্দোর অ্যাকাডেমি, আর ঘুমাতে যাওয়ার আগে ঘণ্টার পর ঘণ্টা বাড়ির কাজ। সপ্তাহান্তেও তেমন অবসর মেলে না। একবার ইংরেজির ক্লাস বাদ দেওয়ায় কিমকে বন্ধুদের সঙ্গে অনলাইন গেম খেলতে দেওয়া হয়নি। ছোট হলেও এই ঘটনা তাৎপর্যপূর্ণ: খেলাধুলাকে প্রায়ই শৈশবের অধিকার না ভেবে পড়াশোনার প্রত্যাশা পূরণের পুরস্কার হিসেবে দেখা হয়।
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কোরিয়ান টিচার্স অ্যান্ড এডুকেশনাল ওয়ার্কার্স ইউনিয়নের এক জরিপ অনুযায়ী, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির ৬২ শতাংশ শিক্ষার্থী প্রতিদিন দুই ঘণ্টারও কম অবসর সময় পায়, আর প্রায় ১৬ শতাংশের অবসর এক ঘণ্টারও কম। এই অল্প অবসর সময়ের বেশির ভাগই কাটে পর্দার সামনে বা একা কোনো কাজে, স্বতঃস্ফূর্তভাবে অন্যদের সঙ্গে খেলাধুলায় নয়।
হাগওন: পড়াশোনার প্রতিযোগিতার চালিকাশক্তি
এই সংস্কৃতির কেন্দ্রে রয়েছে হাগওন—গণিত ও ইংরেজি থেকে শুরু করে সংগীত ও খেলাধুলা পর্যন্ত নানা বিষয়ে বিশেষায়িত বেসরকারি স্কুল-পরবর্তী অ্যাকাডেমি। ছয় বছরের কম বয়সী প্রায় অর্ধেক শিশু এসব প্রতিষ্ঠানে যায়, আর মাধ্যমিক পর্যায়ে উঠলে প্রায় সবাই সেখানে পড়ে। দক্ষিণ কোরিয়ার গড় পরিবার আয়ের একটি উল্লেখযোগ্য অংশ বেসরকারি শিক্ষায় ব্যয় করে; সচ্ছল পরিবারগুলো আরও বেশি বিনিয়োগ করায় শিক্ষায় বৈষম্য বাড়ে।
হাগওন সরকারি শিক্ষার কেবল পরিপূরক নয়; এটি একটি সমান্তরাল ব্যবস্থা, যা স্কুলের দিনকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘায়িত করে। কিছু শিক্ষার্থীকে দিনে ১২ ঘণ্টা পর্যন্ত পড়াশোনা করতে হয়, ফলে বিশ্রাম তো দূরের কথা, খেলাধুলারও সময় থাকে সামান্য।
চাপের উৎস: সংস্কৃতি, নীতি ও অভিভাবকদের উদ্বেগ
দক্ষিণ কোরিয়ার “শিক্ষা-জ্বরের” পেছনে রয়েছে ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির জটিল মিশ্রণ। কনফুসীয় মূল্যবোধের ঐতিহ্যে সামাজিক উন্নতি ও পারিবারিক সম্মানের পথ হিসেবে পড়াশোনার সাফল্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিংশ শতাব্দীর শেষভাগে দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এই ধারণাকে আরও জোরদার করে যে ব্যক্তিগত ও জাতীয় সাফল্যের চাবিকাঠি হলো শিক্ষা।
কিন্তু এই তাগিদ এমন এক ব্যবস্থা তৈরি করেছে, যেখানে ঝুঁকির মাত্রা অত্যন্ত বেশি। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, যা সুনিউং নামে পরিচিত, বছরে একবার নেওয়া হয় এবং এর ওপর শিক্ষার্থীর পুরো ভবিষ্যৎ নির্ভর করতে পারে। পরীক্ষার দিন পরীক্ষার্থীদের সহায়তা করতে দেশ প্রায় স্থবির হয়ে পড়ে, যা পরীক্ষাটির গুরুত্বেরই প্রমাণ।
অভিভাবকদের প্রত্যাশা ও বেসরকারি শিক্ষার বোঝা
সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা প্রায়ই তাদের নিরবচ্ছিন্ন পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমের চক্রে ঠেলে দেন। এই চাপ শুধু পড়াশোনাতেই সীমাবদ্ধ নয়; শিক্ষকদেরও এর মুখোমুখি হতে হয়। সন্তানের অগ্রগতিতে অসন্তুষ্ট অভিভাবকদের তীব্র নজরদারি, এমনকি হয়রানির শিকার হন তারা। আর্থিক বোঝাটাও উল্লেখযোগ্য; কোনো কোনো পরিবার আয়ের ২০ শতাংশ পর্যন্ত বেসরকারি শিক্ষায় ব্যয় করে। গবেষণায় দেখা গেছে, এই আর্থিক চাপ বিষণ্নতার কারণ হতে পারে, বিশেষত যেসব বাবার মনে হয় সন্তানদের শিক্ষাগত উচ্চাকাঙ্ক্ষার খরচ জোগানোর দায় তাদেরই।
ইহা ওমেন্স ইউনিভার্সিটির সাবেক শিক্ষক ও শিক্ষা বিশেষজ্ঞ ইনসু ওহ বলেন:
"প্রাথমিক পর্যায়েও অভিভাবকদের প্রত্যাশা এত বেশি যে ভালো ফল করার চাপ শিক্ষার্থীরা অনুভব করে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের দিকে এগোলে এই চাপ আরও বাড়ে।"
খেলাধুলার অবনতি: সময় ও মান, দুই-ই কমছে
দক্ষিণ কোরীয় শিশুদের খেলাধুলার সময় এবং তার মান—দুটিই দ্রুত কমেছে। গবেষণায় দেখা গেছে, শিশুরা তাদের অল্প অবসর সময়ের বেশির ভাগ কাটায় পর্দার সামনে—স্মার্টফোন, কম্পিউটার ও টেলিভিশনে—সক্রিয়ভাবে অন্যদের সঙ্গে খেলাধুলা করে নয়। কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের এক-তৃতীয়াংশের বেশি শিক্ষার্থী অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ঝুঁকিতে রয়েছে।
স্কুলের ছুটিতেও বেশির ভাগ শিশু ঘরের ভেতরেই থাকে; প্রায়ই বাড়ির কাজ করে বা অনলাইন ক্লাসে অংশ নেয়। কোভিড-১৯ মহামারি এই প্রবণতাকে আরও বাড়িয়ে দেয়। খেলার মাঠগুলো বন্ধ ছিল, আর সেগুলো আবার খুলে দেওয়ার পরও নিরাপত্তা ও পড়াশোনার অগ্রগতি নিয়ে অভিভাবকদের উদ্বেগে শিশুরা ঘরের ভেতরেই আটকে থাকে।
খেলাধুলা কেন জরুরি: শিশুর বিকাশের বিজ্ঞান
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, খেলাধুলার অভাব শিশুদের আবেগীয়, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুতর প্রভাব ফেলে। খেলা নিছক অবসরের কাজ নয়; সমঝোতা করা, সহমর্মিতা দেখানো ও সমস্যা সমাধান শেখার জন্য এটি জরুরি। খেলতে খেলতেই শিশুরা প্রতিকূলতা সামলানোর ক্ষমতা, সৃজনশীলতা ও ধাক্কা সামলে ওঠার দক্ষতা গড়ে তোলে।
সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ কিম জে-ওন জোর দিয়ে বলেন:
"শিশুদের আবেগীয় ও সামাজিক বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলার সুযোগ না পেলে তাদের সামাজিক দক্ষতার বিকাশে সমস্যা হয়। খেলতে খেলতে শিশুরা শেখে কীভাবে নিজের মতের সঙ্গে অন্যের মতের সমন্বয় করতে হয়, অন্যের প্রতি বিবেচনাশীল হতে হয়, অন্যের মনোভাব বুঝতে ও অনুভব করতে হয়, এবং আবেগের মাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে হয়। কখনো তারা হতাশ হয়, কিন্তু সেই হতাশা সহ্য করতেও শেখে। আবেগ সামলে নেওয়ার এই ক্ষমতা বা হতাশা সহ্য করার সামর্থ্য না থাকলে বিষণ্নতা বা উদ্বেগজনিত সমস্যা দেখা দিতে পারে।"
মানসিক স্বাস্থ্য সংকট: ওইসিডিতে সবচেয়ে অসুখী শিশুরা
দক্ষিণ কোরিয়ার শিক্ষাগত সাফল্যের মূল্য চড়া। আন্তর্জাতিক জরিপে ওইসিডি দেশগুলোর মধ্যে সুখ ও জীবনসন্তুষ্টির বিচারে কোরীয় শিশুরা ধারাবাহিকভাবে সর্বনিম্ন স্থানে রয়েছে। উন্নত বিশ্বে তরুণদের আত্মহত্যার হারও দেশটিতে সবচেয়ে বেশি; এক দশকেরও বেশি সময় ধরে তরুণদের মৃত্যুর প্রধান কারণ আত্মহত্যা।
পড়াশোনার চাপ মানসিক উদ্বেগের বড় একটি উৎস। ন্যাশনাল অ্যাসেম্বলি রিসার্চ সার্ভিসের ২০২৪ সালের এক প্রতিবেদনে দেখা গেছে, পর্যাপ্ত ঘুম হয় এমন প্রাথমিক শিক্ষার্থীর হার কমেছে, আর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার চেষ্টা বেড়েছে। কোরিয়া ইয়ুথ রিস্ক বিহেভিয়ার সার্ভের তথ্য অনুযায়ী, পড়াশোনায় সাফল্য নিয়ে চাপ আত্মহত্যার চিন্তা ও চেষ্টার ঝুঁকি বাড়ায়; বিশেষ করে বাড়ি বা স্কুলে মানসিক চাপে থাকা কিশোর-কিশোরীদের ক্ষেত্রে।
পড়াশোনায় অসহায়ত্ব ও শারীরিক কর্মকাণ্ডের ভূমিকা
গবেষণায় দেখা গেছে, পড়াশোনায় অসহায়ত্ব—চেষ্টা করেও প্রত্যাশা পূরণ করতে না পারার অনুভূতি—বিষণ্নতা ও জীবনসন্তুষ্টি কমে যাওয়ার কারণ হতে পারে। তবে শারীরিক কর্মকাণ্ডে অংশ নিলে এর প্রভাব কমানো সম্ভব। নিয়মিত অবসর সময়ের শারীরিক কর্মকাণ্ডে অংশ নেওয়া কিশোর-কিশোরীরা উল্লেখযোগ্য পড়াশোনার চাপের মধ্যেও বেশি আত্মমর্যাদাবোধ ও শরীর নিয়ে ইতিবাচক ধারণার কথা জানায়। কিন্তু পড়াশোনার দাবি খেলাধুলা ও বিনোদনের সময় কেড়ে নেওয়ায় এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ কমছে।
শিক্ষকদের ওপর আক্রমণ: অভিভাবকদের চাপের পার্শ্বক্ষতি
পড়াশোনার প্রতিযোগিতার সংস্কৃতি শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষকদেরও প্রভাবিত করে। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ কোরিয়ায় শিক্ষকদের আত্মহত্যার উদ্বেগজনক বৃদ্ধি দেখা গেছে; এর সঙ্গে প্রায়ই অভিভাবকদের হয়রানি ও অবাস্তব দাবির যোগ রয়েছে। শিক্ষকেরা জানান, অভিযোগে তারা জর্জরিত; কখনো কখনো ছোটখাটো ঘটনায়ও পুলিশি তদন্তের মুখে পড়তে হয়। অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আস্থার অবক্ষয়ে বিষাক্ত পরিবেশ তৈরি হয়েছে, যা শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সহায়তা করা শিক্ষকদের জন্য কঠিন করে তুলেছে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কিম মিন জুন বলেন:
"আমি নিষ্ঠার সঙ্গে নিজের কাজ ও দায়িত্ব পালনের চেষ্টা করি। কিন্তু এখন শিশু নির্যাতন হিসেবে রিপোর্ট হতে পারে—এমন কিছু এড়াতে আমি আর শিক্ষার্থীদের শাসন করি না বললেই চলে।"
জনরোষের মুখে সরকার শিক্ষকদের সুরক্ষায় আইনি সহায়তা এবং শিক্ষার কাজে হস্তক্ষেপকারী অভিভাবকদের শাস্তিসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, শিক্ষকদের প্রতি সম্মান ফিরিয়ে আনতে এবং পরীক্ষার নম্বরের চেয়ে শিশুদের সুস্থতাকে অগ্রাধিকার দিতে আরও গভীর সাংস্কৃতিক পরিবর্তন দরকার।
সমাজের ওপর প্রভাব: বৈষম্য, পারিবারিক চাপ ও জনমিতিক চ্যালেঞ্জ
পড়াশোনায় সাফল্যের প্রতি এই মোহ দক্ষিণ কোরীয় সমাজে সুদূরপ্রসারী প্রভাব ফেলছে। শিক্ষায় বৈষম্য বাড়ছে, কারণ সচ্ছল পরিবারগুলো বেশি বেসরকারি শিক্ষার খরচ বহন করতে পারে, যা তাদের সন্তানদের প্রতিযোগিতায় এগিয়ে রাখে। এর ফলে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও উদ্বেগের চক্র আরও জোরদার হয়।
সন্তানদের শিক্ষার খরচ জোগানোর আর্থিক ও মানসিক চাপ জন্মহার কমার সঙ্গেও যুক্ত; ব্যয় সামলাতে পরিবারগুলো কম সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। অর্থনৈতিক বোঝা বাড়ায়, বিশেষ করে বাবাদের মধ্যে, অভিভাবকদের বিষণ্নতাও বাড়ছে। এসব চাপ পারিবারিক জীবনের ভিত এবং দেশের দীর্ঘমেয়াদি সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি।
সংস্কারের উদ্যোগ: ব্যবস্থার পরিবর্তন কি সম্ভব?
সংকটের কথা স্বীকার করে দক্ষিণ কোরীয় নীতিনির্ধারকেরা পড়াশোনার চাপ কমানোর লক্ষ্যে সংস্কার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। উল্লেখযোগ্য একটি উদ্যোগ হলো মাধ্যমিক বিদ্যালয়ে “পরীক্ষামুক্ত সেমিস্টার”। এতে এক সেমিস্টারের জন্য মধ্যবর্তী ও চূড়ান্ত পরীক্ষা বাদ দিয়ে কিছু পাঠ্যক্রমের বদলে পেশা-অন্বেষণ ও সৃজনশীল কর্মকাণ্ড রাখা হয়। প্রাথমিক ফল আশাব্যঞ্জক: শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে সম্পর্কের উন্নতি, শেখায় বেশি আনন্দ এবং মানসিক চাপ কমার কথা জানিয়েছে।
অন্যান্য সংস্কারের মধ্যে রয়েছে হাগওনে পড়ার সময়সীমা নির্ধারণ, বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির নীতি সংশোধন, যাতে পরীক্ষার ফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও ব্যক্তিগত বিকাশকেও মূল্যায়ন করা হয়। তবে এসব উদ্যোগ অভিভাবকদের বিরোধিতা এবং পড়াশোনার সাফল্যকে ভবিষ্যৎ সাফল্যের সমার্থক মনে করা সুগভীর সংস্কৃতির বাধার মুখে পড়েছে।
হেচিঙ্গার রিপোর্টে বলা হয়েছে:
"একটি শ্রেণির শিক্ষার্থীদের ওপরই প্রধানত গুরুত্ব দেওয়ার অর্থে উদ্যোগটিকে ‘ছোট’ বলা যেতে পারে। তবে মাত্র কয়েক বছরের মধ্যে এটি দক্ষিণ কোরিয়ার ৪ লাখ ৫০ হাজার সপ্তম শ্রেণির শিক্ষার্থীর কাছে পৌঁছেছে। মানবিক শিক্ষার পক্ষে সমর্থন অন্তত কিছুটা জায়গা করে নিতে পারে এবং শেষ পর্যন্ত ছড়িয়ে পড়তে শুরু করতে পারে—এখন এমন আশা অন্তত রয়েছে।"
বৈশ্বিক প্রেক্ষাপট: খেলাধুলা কমে যাচ্ছে সর্বত্র
শিশুদের খেলাধুলার সময় কমে যাওয়ার সমস্যায় শুধু দক্ষিণ কোরিয়াই পড়েনি। বিশ্বজুড়ে সাম্প্রতিক প্রজন্মগুলোতে শিশুদের বাইরে খেলাধুলা ৫০ শতাংশ কমেছে। এর পেছনে রয়েছে স্কুলের সময় দীর্ঘ হওয়া, পড়াশোনার চাপ বৃদ্ধি, পর্দার সামনে সময় কাটানোর প্রবণতা এবং নিরাপদ খেলার জায়গা হারিয়ে যাওয়া। তবে দক্ষিণ কোরিয়ায় পড়াশোনার চাপের তীব্রতা এবং খুব অল্প বয়সেই এর শুরু হওয়ায় পরিস্থিতি বিশেষভাবে গুরুতর।
বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা একমত, সুস্থ ও প্রতিকূলতা সামলাতে সক্ষম শিশু গড়ে তুলতে পড়াশোনার সাফল্যের সঙ্গে খেলাধুলা, সৃজনশীলতা ও আবেগীয় সুস্থতার ভারসাম্য রাখা জরুরি। দেশগুলো যখন উৎকর্ষ অর্জনে সচেষ্ট, তখন সুখ ও সার্বিক বিকাশের চেয়ে পরীক্ষার ফলকে অগ্রাধিকার দেওয়ার বিপদ সম্পর্কে দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা সতর্ক করে দেয়।
সংক্ষেপে
- দক্ষিণ কোরীয় শিশুরা অল্প বয়স থেকেই পড়াশোনার তীব্র চাপের মুখে পড়ে; স্কুল, বেসরকারি অ্যাকাডেমি ও বাড়ির কাজেই তাদের দৈনন্দিন রুটিনের বেশির ভাগ সময় কাটে।
- খেলাধুলার সময় ও মান—দুটিই দ্রুত কমেছে; অবসর সময়ের বেশির ভাগ কাটে সক্রিয়ভাবে অন্যদের সঙ্গে খেলার বদলে পর্দার সামনে।
- ইতিহাস, সংস্কৃতি ও অর্থনৈতিক বাস্তবতার পাশাপাশি উচ্চ ঝুঁকির পরীক্ষা এবং অভিভাবকদের প্রত্যাশা পড়াশোনার প্রতিযোগিতার সংস্কৃতিকে উসকে দিচ্ছে।
- এই চাপ শিশু-কিশোরদের মধ্যে উচ্চ মাত্রার মানসিক উদ্বেগ, বিষণ্নতা ও আত্মহত্যার ঘটনা এবং অভিভাবকদের মধ্যে বাড়তে থাকা বিষণ্নতা ও পারিবারিক চাপের কারণ হয়েছে।
- শিক্ষকেরাও এর শিকার; অভিভাবকদের হয়রানি ও অবাস্তব দাবির মুখে পড়ে শিক্ষকদের আত্মহত্যার ঘটনা বাড়ছে।
- পরীক্ষামুক্ত সেমিস্টার এবং হাগওনে পড়ার সময়সীমার মতো সংস্কার আশাব্যঞ্জক হলেও সাংস্কৃতিক বাধার মুখে রয়েছে।
- দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা দেখায়, পড়াশোনার সাফল্যের পাশাপাশি খেলাধুলা, সৃজনশীলতা ও সুস্থতাকে গুরুত্ব দিয়ে শিক্ষায় ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি নেওয়া জরুরি।






